কুমিল্লায় নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার
‘বাবা আমাকে তারা আটকে রেখেছে, নিয়ে যাও’
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার লালমাইয়ে জান্নাতুল তাজমীন (১৫) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশ থেকে একটি পরিত্যক্ত সিএনজি অটোরিকশাও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর উত্তরপাড়ার একটি ফসলি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত তাজমীন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার আবদুল আলীমের মেয়ে। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ওষুধ কোম্পানি রেনাটা লিমিটেডের কুমিল্লা রিজিওনাল সেলস ম্যানেজার হিসাবে কর্মরত। চাকরির সুবাদে পরিবারটি নগরীর রেসকোর্স এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে জগতপুর উত্তরপাড়া এলাকার মানুমুড়াসংলগ্ন স্থানে একটি সিএনজি অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে সড়ক থেকে ৫০ গজ দূরে একটি ফসলি জমিতে গিয়ে তারা আইলের পাশে এক কিশোরীর লাশ পড়ে থাকতে দেখেন। লাশের গলায় গামছা প্যাঁচানো এবং মুখ মাটিতে চেপে রাখা অবস্থায় ছিল। খবর পেয়ে লালমাই থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে সিআইডি ও পিবিআইসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
নিহতের বাবা আবদুল আলীম জানান, ৪ অক্টোবর তার একমাত্র মেয়ে তাজমীন শহরের এক বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে রেসকোর্সের বাসা থেকে বের হয়। পরে সে বান্ধবীর সঙ্গে কক্সবাজারে যায়। বুধবার রাত ২টার দিকে কক্সবাজার থেকে কুমিল্লার বিশ্বরোড এলাকার হোটেল নূরজাহানের সামনে এসে নামার পর মেয়ের সঙ্গে তার ফোনে কথা হয়। ফোনে তাজমীন বলে, ‘বাবা তারা আমাকে আটকে রেখেছে। তুমি এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। না হয় তারা আমাকে মেরে ফেলবে।’ এটাই ছিল মেয়ের সঙ্গে বাবার শেষ কথা। তবে তাকে কোথায় আটকে রাখা হয়েছে সে তথ্য দিতে পারেনি। একটু পর মেয়ের মোবাইল ফোনে একাধিকবার কল করেন বাবা। তবে কোনো কলই সে রিসিভ করেনি। এতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর আর যোগাযোগ করতে না পেরে সকালে মেয়ের মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করেন তিনি। পরে জানতে পারেন, ফোনটির অবস্থান লালমাই থানা এলাকায়। সেই সূত্র ধরে খোঁজ করতে গিয়ে জগতপুর এলাকায় ফসলি জমি থেকে মেয়ের লাশ উদ্ধারের খবর পান।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ১৫ বছর বয়সি এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত সবুজ রঙের সিএনজি অটোরিকশাও উদ্ধার করা হয়েছে। প্রথমে লাশটি অজ্ঞাত ছিল। পরে পরিচয় শনাক্ত করা হয়। তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।
