Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

৫ কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন

আক্রান্ত নারীদের ৬০ শতাংশই জানেন না রোগের কথা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশে প্রায় পাঁচ কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন। আক্রান্ত নারীদের ৬০ শতাংশই জানেন না, তাদের থাইরয়েডের সমস্যা রয়েছে। এ ছাড়া প্রতি দুই হাজার ৩০০ শিশুর মধ্যে একটি থাইরয়েডের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। এ অবস্থায় থাইরয়েড রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির (বিটিএস) অষ্টম আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে এসব বিষয় উঠে আসে।

সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ‘থাইরয়েড সেবায় শিক্ষা, উদ্ভাবন ও কার্যকর উদ্যোগ’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে তিনি বলেন, মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। থাইরয়েডসহ বিভিন্ন অসংক্রামক রোগ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, চিকিৎসক, গবেষক এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে থাইরয়েড সোসাইটির ভূমিকার প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিএসের সভাপতি ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (নিনমাস) পরিচালক অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী। বিশেষ অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, বিটিএসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ করিম ও ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। স্বাগত বক্তব্য দেন বিটিএসের মহাসচিব অধ্যাপক ডা. নাসরীন সুলতানা।

দিনব্যাপী বৈজ্ঞানিক কার্যক্রমে তিনটি অধিবেশনে থাইরয়েড রোগ নির্ণয় ও চিকিৎসার আধুনিক পদ্ধতি, থাইরয়েড ক্যানসারের অস্ত্রোপচার, গর্ভাবস্থায় থাইরয়েডের সমস্যা, আয়োডিনের ঘাটতি, থাইরয়েড-সম্পর্কিত চোখের রোগ এবং রোগী পর্যবেক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা। এতে বক্তব্য দেন সোহরাওয়ার্দী ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের পরিচালক অধ্যাপক ডা. জীনাত জাবীন, অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. ফিরোজা বেগম ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম প্রমুখ।

ডা. এ কে এম ফজলুল বারী বলেন, বাংলাদেশে প্রায় পাঁচ কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন। আক্রান্তদের মধ্যে ৫০ শতাংশ নারী। এসব নারীর ৬০ শতাংশই জানেন না, তারা থাইরয়েড সমস্যায় আক্রান্ত। এ ছাড়া ২ শতাংশ মানুষ থাইরয়েড ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, থাইরয়েড রোগের ক্ষেত্রে সচেতনতা ও সময়মতো রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে উপসর্গ থাকা সত্ত্বেও রোগ শনাক্ত না হওয়ায় চিকিৎসা নিতে দেরি হয়। তাই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আধুনিক রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা সহজলভ্য করা জরুরি। সম্মেলনের ফ্রি পেপার ও পোস্টার সেশনে ১২টি মৌখিক এবং ১০টি পোস্টার উপস্থাপনা করা হয়। এতে অনির্ণীত থাইরয়েড রোগ, থাইরয়েড অটোইমিউনিটি, রেডিওআয়োডিন চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া, জিনগত বিশ্লেষণ ও বিরল রোগের বিভিন্ন কেস নিয়ে আলোচনা হয়। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা উপস্থাপকদের পুরস্কৃত করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল অনুমোদন ছাড়াই এসবির ইমিগ্রেশন সার্ভার

অনুমোদন ছাড়াই এসবির ইমিগ্রেশন সার্ভার

ঠাকুরগাঁওয়ে দেশের প্রথম ‘নদী গ্যালারি’ বোতলে বন্দি ৩৯৮ নদ-নদী ও ৭ সাগর

বোতলে বন্দি ৩৯৮ নদ-নদী ও ৭ সাগর

৫ কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন

৫ কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন

খুলনায় দখল বাণিজ্য খাসজমি দখল করে মার্কেট প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ

খাসজমি দখল করে মার্কেট প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম