Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

কক্সবাজারে মাটি খুঁড়তেই বের হচ্ছে গ্যাস ও আগুন

দুর্ঘটনা এড়াতে ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ * প্রাকৃতিক গ্যাস বলে ধারণা করছেন স্থানীয়রা

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ বসানোর জন্য মাটি খনন করতে গিয়ে গ্যাসের সঙ্গে আগুন বের হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন বেওয়াচ হোটেল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা মনে করছেন এখানে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে। রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় লোকজনও বালু ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। কিন্তু মাটির নিচ থেকে অবিরাম গ্যাস বের হতে থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এ ঘটনায় আশপাশের বাসিন্দা ও হোটেলকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ইনানীর বেওয়াচ হোটেল এলাকায় নলকূপ স্থাপনের জন্য মাটি খনন ও বোরিংয়ের কাজ চলছিল। একপর্যায়ে মাটির নিচ থেকে প্রচণ্ড গতিতে গ্যাস বের হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সেই গ্যাসের সঙ্গে আগুনের শিখা দেখা যায়। এরপর থেকে সেখানে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। আগুন নেভানোর চেষ্টা শুরু হলেও দীর্ঘ সময়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। ঘটনার পর আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে ঘটনাস্থলের কাছাকাছি হোটেল ও আবাসিক স্থাপনায় থাকা লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। মাটির নিচ থেকে গ্যাস বের হওয়ার কারণে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতির কারণে এমন ঘটনা ঘটেছে। নুরুল আলম নামের একজন হোটেল কর্মী বলেন, ঘটনাস্থলের পাশের ঘরেই আমরা কয়েকজন হোটেলকর্মী থাকি। হঠাৎ মাটি থেকে আগুন বের হতে দেখে খুব ভয় পেয়েছি। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে, স্থানীয় লোকজনও তাতে সহযোগিতা করছেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। মাটির নিচ থেকে গ্যাস বেরিয়ে আসছে।

এদিকে আগুনের শিখা কাছাকাছি বৈদ্যুতিক তারে লেগে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি। সংস্থাটির এক কর্মকর্তা জানান, গ্যাসের সঙ্গে আগুন বেরিয়ে জ্বলতে থাকায় বৈদ্যুতিক খুঁটির তারে আগুন লেগে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। এ কারণে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় সাময়িক অসুবিধা হলেও আগুনের ঝুঁকি এড়াতে এ ব্যবস্থা জরুরি ছিল বলে জানান ওই কর্মকর্তা।

সকাল থেকে আগুন জ্বলতে থাকায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতা অব্যাহত রয়েছে। স্থানীয় লোকজনও বালু ও পানি দিয়ে আগুন নেভানোর কাজে সহযোগিতা করছেন। তবে মাটির নিচ থেকে গ্যাসের প্রবাহ বন্ধ না হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে।

রাত ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। মাটির নিচ থেকে বের হওয়া গ্যাসের প্রকৃতি, উৎস এবং এর সঙ্গে আগুন জ্বলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা বলছেন, এখানে প্রাকৃতিক গ্যাস আছে কি না, তা বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ জন্য বিশেষজ্ঞদের এখানে পাঠাতে হবে। উখিয়া বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহবুব চৌধুরী বলেন, এটা দেখে প্রাকৃতিক গ্যাস বলেই মনে হচ্ছে। আর তা যদি হয় তাহলে এটা আমাদের জন্য আনন্দের খবর।

Advertisement

Advertisement

আরও পড়ুন

টুপটুপ রিসোর্টে আগুন ১০ লাশ হস্তান্তর, ধ্বংসস্তূপে মিলল আরেক কঙ্কাল

১০ লাশ হস্তান্তর, ধ্বংসস্তূপে মিলল আরেক কঙ্কাল

২৫ জাতের ধান উদ্ভাবন সেন্টু হাজংয়ের স্বীকৃতি না পেলে কী আসে-যায়!

স্বীকৃতি না পেলে কী আসে-যায়!

কক্সবাজারে মাটি খুঁড়তেই বের হচ্ছে গ্যাস ও আগুন

কক্সবাজারে মাটি খুঁড়তেই বের হচ্ছে গ্যাস ও আগুন

ভৈরবের ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ভৈরবের ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম