নাটোরে ছাত্রদল নেতার জানাজা
এমপিপুত্রের ‘ঘনিষ্ঠ’ প্রবাসীর শপিংমলে হামলা-লুটপাট
গুরুদাসপুর থানার ওসি স্ট্যান্ডরিলিজ, মামলা তদন্ত করবে ডিবি
Advertisement
নাটোর ও গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজার পরপরই এক প্রবাসীর মালিকানাধীন শপিংমলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারে রাশ মেগামলে এ ঘটনা ঘটে। শপিংমলটির স্বত্বাধিকারী যুক্তরাষ্ট্রপ্রবাসী রাসেল হোসাইন। স্থানীয় মানুষদের ভাষ্য-শাকিল হত্যা মামলায় গ্রেফতার নাটোর-৪ আসনের বিএনপির সংসদ-সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামান মিন্টুর সঙ্গে রাসেলের ঘনিষ্ঠতা রয়েছে। এর জেরে এ ঘটনা ঘটতে পারে।
এদিকে, ছাত্রদল নেতা শাকিল হত্যার ঘটনায় অবহেলার দায়ে গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নানকে স্ট্যান্ডরিলিজ করে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। রাজশাহীর রেঞ্জ ডিআইজি মো. আশিক সাঈদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সাথে মামলাটির তদন্তভার থানা পুলিশের কাছ থেকে প্রত্যাহার করে জেলা গোয়েন্দা পুলিশের কাছে ন্যস্ত করা হয়েছে। গ্রেফতার নূরুজ্জামান মিন্টুকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদ থেকেও বহিষ্কার করেছে দল। এদিকে শাকিল হত্যাকাণ্ডে ছেলের সম্পৃক্ত থাকার অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এবার নাটোর-৪ আসনের সংসদ-সদস্য আব্দুল আজিজের আপত্তিকর তিনটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওগুলো ভুয়া বলে দাবি করেছেন এমপি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামকে ১৪ অক্টোবর রাতে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার রাতে তার মৃত্যু হয়। শাকিল হত্যার ঘটনায় স্থানীয় সংসদ-সদস্যের ছেলে নূরুজ্জামান মিন্টুর সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। পুলিশ সোমবার রাতেই তাকে গ্রেফতার করে। মঙ্গলবার সন্ধ্যায় আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ঢাকায় জানাজা শেষে মঙ্গলবার রাতে শাকিলের লাশ গুরুদাসপুরে আনা হয়। রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে জানাজা শেষে মাইকিং করে উপস্থিত লোকজনকে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। ২০০ থেকে ২৫০ জন বিক্ষোভ মিছিল নিয়ে চাঁচকৈড় বাজারে যান। সেখানে তারা নূরুজ্জামানের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত প্রবাসী ব্যবসায়ী রাসেল হোসাইনের রাশ মেগা মলে হামলা করেন। দোকানের শাটার ভেঙে শত শত লোক মলের তৈরি পোশাক, প্রসাধনী ও জুতা-স্যান্ডেলের দোকানে লুটপাট করেন। পরে মলটিতে ভাঙচুর চালানো হয়। প্রায় ৪০ মিনিট ধরে লুটপাট চলার পর পুলিশ সেখানে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী যুগান্তরকে বলেন, মিছিলে অংশ নেওয়া লোকজনই শপিংমলে হামলা করে। দলীয়ভাবে পরিচিতি না থাকলেও কিছু লোক মালামাল লুটের জন্যই হামলায় অংশ নেয়। তারা লুট করা মালামাল মাথায় করে, রিকশা-ভ্যানে করে বিনা বাধায় নিয়ে যায়।
শপিংমলের মালিক রাসেল হোসাইনের অভিযোগ, শুরু থেকেই একটি মহল শপিংমলটি বন্ধ করার পাঁয়তারা করছিল। শাকিল হত্যার ইস্যুকে কেন্দ্র করে মব সৃষ্টি করে তার প্রতিষ্ঠানে ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালানো হয়েছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে জানতে গুরুদাসপুর থানার ওসির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। জেলা প্রশাসক সুমনী আক্তার বলেন, কিছু সুযোগসন্ধানী লোক মব সৃষ্টি করে একজন প্রবাসীর ক্ষতিসাধন করেছেন। পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এমপির আপত্তিকর ভিডিও ভাইরাল : এদিকে, বুধবার সকাল থেকে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ-সদস্য আব্দুল আজিজের তিনটি ‘অশ্লীল’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এমন ভিডিও ছড়িয়ে পড়ায় এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্টে খাটের ওপর লুঙ্গি পরে খালি গায়ে শুয়ে থেকে এক নারীর সঙ্গে ভিডিও কলে অশ্লীল কথাবার্তা বলতে দেখা যায় সংসদ-সদস্য আব্দুল আজিজকে। জানতে চাইলে সংসদ-সদস্য আব্দুল আজিজ বলেন, ‘এগুলো সম্পূর্ণ বানোয়াট। আমার রাজনৈতিক একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। এখন ইন্টারনেটের যুগ। এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরি করা যেতে পারে। প্রতিপক্ষ আমার সুনাম সুখ্যাতি বিনষ্ট করা জন্য এগুলো করছে।’
যুবদল থেকে মিন্টুকে বহিষ্কার : কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভ্রাতৃপ্রতিম সংগঠনের সহযোদ্ধার প্রাণহানির মতো গুরুতর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
