ব্যাংক কর্মকর্তাকে অপহরণ, মারধর
মুক্তিপণ আদায়ের পর ফেলে যায় দুর্বৃত্তরা
Advertisement
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের ভাঙ্গায় প্রকাশ্যে মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তা বাহাউদ্দিন শেখকে (৩৪) অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর হাত ও চোখ বেঁধে হাতুড়ি দিয়ে মারপিট করে ভয়ভীতি দেখিয়ে এক লাখ টাকা মুক্তিপণ নিয়ে মহাসড়কের পাশে ফেলে যায় ওই কর্মকর্তাকে।
দুর্বৃত্তরা সোমবার সকালে ভাঙ্গা উপজেলার ভাঙ্গা বাসস্ট্যান্ড থেকে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। দুপুর ২টায় নগরকান্দার ভবুকদিয়া এলাকার ফাঁকা জায়গা থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বাহাউদ্দিন শেখ ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্রামের বাসিন্দা সাবেক কমিশনার সৈয়দ আলীর ছেলে এবং মিডল্যান্ড ব্যাংকের মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর শাখার কর্মকর্তা।
জানা যায়, সোমবার সকাল সোয়া ৭টায় ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ডে পাচ্চর ব্যাংকে যাওয়ার উদ্দেশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন বাহাউদ্দিন। এ সময় সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তার সামনে দাঁড়ায়। চালক তাকে যাত্রী হিসাবে ঢাকা যাওয়ার আহ্বান জানায়।
গাড়িতে আরও তিনজন নিজেদের যাত্রী হিসাবে পরিচয় দেয়। বাহাউদ্দিন প্রাইভেটকারে ওঠার দুই মিনিট পরই তার মুখ বেঁধে মারপিট শুরু করে ওই ব্যক্তিরা। এরপর তারা পরিবারের সদস্যদের ফোন দিতে বলে এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বাহাউদ্দিনের পরিবারের সদস্যরা বিকাশে এক লাখ টাকা পাঠালে গুরুতর আহত বাহাউদ্দিনকে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া এলাকায় মহাসড়কের পাশে ফেলে যায় তারা। এলাকাবাসী তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বাহাউদ্দিন শেখ জানান, প্রাইভেটকারটি প্রথমে ঢাকামুখী কিছু দূর গিয়ে পুনরায় ভাঙ্গা হয়ে ফরিদপুরের দিকে যায়। গ্রামের কাঁচা সড়ক দিয়েও কিছুক্ষণ চলে। এরপর বলা হয় বাড়িতে ফোন দিতে। পরিবারের সদস্যদের ফোন দিলে তারা বিকাশের মাধ্যমে এক লাখ টাকা পাঠায় তাদের দেওয়া নম্বরে। টাকা পাওয়ার পর আমার মোবাইলের সিম নিয়ে নেয় তারা, এরপর আমাকে ফেলে দিয়ে যায়। তখন আমি কিছুটা অচেতন ছিলাম। স্থানীয় লোকজন আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বাহাউদ্দিন শেখের বুকে, হাতে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হাতুড়িপেটা করা হয়েছে।
ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, অপহরণে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
