পদ্মা ব্যারেজ প্রকল্প
কপোতাক্ষ নদ ও বেতনা নদীতে প্রাণ ফিরবে
ইন্দ্রজিৎ রায়, যশোর
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অপরিকল্পিত অবকাঠামো, শাসন, দখল ও দূষণে অস্তিত্ব সংকটে দেশের দক্ষিণ ও উত্তর পশ্চিমাঞ্চলের ১৯ জেলার অসংখ্য নদ-নদী। শুষ্ক মৌসুমে পানি সংকট, কৃষিতে সেচের অভাব, মৎস্য সম্পদের বিলুপ্তি, নদ-নদীর নাব্য সংকট এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের হাহাকার। এসব সংকট কাটাতে সরকার ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প পাস করেছে। প্রকল্পটির সুফল পাবে যশোর অঞ্চলের লাখ লাখ মানুষ। প্রাণ ফিরে পাবে ভৈরব, কপোতাক্ষ, বেতনা ও শাখা নদীগুলো। এই প্রকল্পের আওতায় ১৭০ কোটি টাকা ব্যয়ে বেতনা নদীর ২৫ কিলোমিটার পুনঃখনন করা হবে। একই সঙ্গে কপোতাক্ষ ও বেতনা নদীর ডাইভারশন চ্যানেল খনন করা হবে। গুরুত্বপূর্ণ কপোতাক্ষ ও বেতনা নদী দুটি দীর্ঘদিন ধরে শুষ্ক মৌসুমে পানি সংকটে ভুগছে। উজানে পানি সরবরাহ না থাকায় অববাহিকায় সেচ সংকট, মৎস্য সম্পদের বিলুপ্তিসহ পরিবেশগত নানা সমস্যা রয়েছে। একইসঙ্গে অপরিকল্পিত নদী শাসন, অবকাঠামো নির্মাণ, দখল ও দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে। এসব সমস্যা সমাধানে পদ্মা ব্যারেজ প্রকল্পে ১৭০ কোটি টাকা ব্যয়ে বেতনা ও কপোতাক্ষ খনন ও ডাইভারশন চ্যানেল খনন অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ভৈরব ও বেতনার সঙ্গে কপোতাক্ষের সংযোগ স্থাপন করে পানি প্রবাহ বৃদ্ধি করা হবে।
যশোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, পদ্মা ব্যারেজ প্রকল্পের আওতায় মোট ৩৩ দশমিক ৮ কিলোমিটার নদী ও সংযোগপথে খননকাজ করা হবে। চার ধাপে ৯৫ কোটি টাকা ব্যয়ে শার্শা উপজেলায় বেতনা নদীর ২৫ কিলোমিটার পুনঃখনন করা হবে। এরমধ্যে ২৭ কোটি টাকা ব্যয়ে ৭ কিলোমিটার, ২৫ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৬ কিলোমিটার, ২৩ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ৬ কিলোমিটার ও ২১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে সাড়ে ৫ কিলোমিটার নদী পুনঃখনন হবে। কপোতাক্ষ ও বেতনা নদীর মধ্যে পানির ভারসাম্য বজায় রাখতে ঝিকরগাছায় ৩ কিলোমিটার দীর্ঘ একটি ডাইভারশন চ্যানেল খনন করা হবে। এ কাজের প্রাক্কলিত ব্যয় ১৮ কোটি ৪২ লাখ টাকা ধরা হয়েছে।
অপরদিকে, ভৈরব ও কপোতাক্ষ নদের পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে চৌগাছা উপজেলায় তিনটি অংশে ৫৪ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে ৫ দশমিক ৮ কিলোমিটার ডাইভারশন চ্যানেল পুনঃখনন করা হবে। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩৩ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক আতাউর রহমান বলেন, নদীর মূল উপাদান পানি ও পানিপ্রবাহ। নদী পুনঃখনন ও সংযোগ চ্যানেল চালু হলে নদীতে পানির প্রবাহ বাড়বে। এতে পরিবেশ ও প্রতিবেশের জন্য সুফল বয়ে আনবে। নদী ঘিরে জীববৈচিত্র্যের বিকাশ ঘটবে। সামগ্রিকভাবে নদী তীরবর্তী মানুষের জীবনমান উন্নয়ন হবে।
এ বিষয়ে যশোর পাউবোর নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, পদ্মা ব্যারাজ প্রকল্পে যশোর অংশে কপোতাক্ষ ও বেতনা নদীর ৩৪ কিলোমিটার ও ডাইভারশন চ্যানেল পুনঃখনন করা হবে। এতে এ অঞ্চলের নদ-নদীর পানি সংকট নিরসন হবে। একই সঙ্গে সেচ, মৎস্য ও জীববৈচিত্র্যের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ডাইভারশন চ্যানেল পুনঃখননের জন্য জমি অধিগ্রহণের প্রয়োজন হবে। সে বিষয়ে প্রস্তুতি রয়েছে। পদ্মা ব্যারেজ প্রকল্পের সুফল এ অঞ্চলের মানুষ পাবে বলে আশাবাদী।
