চরফ্যাশনে বিষমুক্ত সবজি চাষ
উপকূলের পতিত জমিতে ‘সার্জন’ বিপ্লব
চরফ্যাশন প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভোলার চরফ্যাশন উপজেলায় কৃষিতে নীরব বিপ্লব ঘটে চলেছে। লবণাক্ততা, জলাবদ্ধতা আর বছরের পর বছর পড়ে থাকা অনুৎপাদনশীল পতিত জমি এখন রূপ নিয়েছে সবুজ সবজি খেতে। স্থানীয় কৃষকরা প্রথাগত চাষাবাদের গণ্ডি পেরিয়ে পরিবেশবান্ধব ও লাভজনক ‘সার্জন পদ্ধতি’তে বিষমুক্ত নিরাপদ সবজি চাষে দারুণ সফলতা অর্জন করছেন। উপজেলার আসলামপুর, মাদ্রাজ ও হাজারীগঞ্জসহ বেশ কয়েকটি ইউনিয়নে এখন এই পদ্ধতির জয়জয়কার।
চরফ্যাশনের ভৌগোলিক অবস্থানের কারণে এখানকার বিস্তীর্ণ জমি জোয়ারের পানি, লবণাক্ততা এবং দীর্ঘমেয়াদি জলাবদ্ধতার শিকার হতো। ফলে সাধারণ পদ্ধতিতে সেখানে ফসল ফলানো ছিল প্রায় অসম্ভব। এই সংকটকে সম্ভাবনায় বদলে দিয়েছে ‘সার্জন পদ্ধতি’। এই বিশেষ পদ্ধতিতে নিচু ও আমন জমিতে পর্যায়ক্রমে ‘উঁচু আইল’ এবং ‘গভীর নালা’ তৈরি করা হয়। উঁচু আইলগুলো জোয়ার বা বন্যার পানির হাত থেকে রক্ষা পায়, যা সবজি চাষের জন্য চমৎকার উপযোগী। অন্যদিকে, নালাগুলোতে জমে থাকা পানি শুষ্ক মৌসুমে সেচের উৎস হিসাবে কাজ করে।
চরফ্যাশনের কৃষকদের এই চাষাবাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটি সম্পূর্ণ বিষমুক্ত। রাসায়নিক কীটনাশক ছাড়াই প্রাকৃতিকভাবে উৎপাদন করা হচ্ছে লাউ, শিম, করলা, ঝিঙে, ধুন্দুল ও চালকুমড়োসহ বিভিন্ন ধরনের উচ্চমূল্যের সবজি। বাজারে এই নিরাপদ ও বিষমুক্ত সবজির চাহিদা ও দাম দুটোই সাধারণ সবজির চেয়ে অনেক বেশি। কম খরচে দ্বিগুণ ফলন ও নিশ্চিত মুনাফা পাওয়ায় স্থানীয় কৃষক পরিবারগুলোর অর্থনৈতিক সচ্ছলতা ফিরে এসেছে এবং এটি গ্রামীণ অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
এই সমন্বিত কৃষি পদ্ধতির আরেকটি আশাব্যঞ্জক দিক হলো এতে নারীদের সক্রিয় অংশগ্রহণ। সার্জন পদ্ধতির চাষাবাদ ও পরিচর্যার কাজে পুরুষের চেয়ে গ্রামীণ নারীরা বেশি অগ্রণী ভূমিকা পালন করছেন। ঘরের কাজের পাশাপাশি বাড়ির পাশের পতিত জমিতে এই পদ্ধতিতে সবজি চাষ করে নারীরা নিজেদের স্বাবলম্বী করে তুলছেন, যা গ্রামীণ নারী ক্ষমতায়নে একটি অনন্য দৃষ্টান্ত।
সমন্বিত এই চাষ পদ্ধতিতে একই জমিতে আইলে সবজি এবং নিচের নালায় অনেক সময় মাছ চাষের সুযোগ থাকায় কৃষকরা একে ‘লাভের খনি’ হিসাবে দেখছেন। স্থানীয় কৃষি বিভাগ ও কৃষকদের মতে, সার্জন পদ্ধতি উপকূলীয় অঞ্চলের জলবাযু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা করে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত কার্যকর একটি মডেল হিসাবে প্রমাণিত হয়েছে।
