Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

কপ-৩১ যেন আরেকটি প্রতিশ্রুতির মঞ্চ না হয়

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মেলনে গৃহীত ঘোষণা ও প্রতিশ্রুতি কার্যকর করতে হবে: জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

Icon

আলমগীর মিয়া, আনতালিয়া (তুরস্ক) থেকে

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রতিবছর জলবায়ু সম্মেলনের মঞ্চে প্রতিশ্রুতির পাহাড় উঁচু হচ্ছে। এবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) দাবি উঠেছে-নতুন প্রতিশ্রুতি নয়, দরকার আগের অঙ্গীকারের বাস্তবায়ন। চলমান সম্মেলনেও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ কমানো ও জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়নের বিষয় গুরুত্ব পাচ্ছে। এসব দাবি তুলে ধরা হচ্ছে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে। তিন দশক ধরে এভাবে আলোচনা, পদক্ষেপের ঘোষণা ও প্রতিশ্রুতি এলেও জলবায়ু সংকট মোকাবিলায় প্রত্যাশিত অগ্রগতি হয়নি। এজন্য বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর দাবি-কপ-৩১ যেন আরেকটি প্রতিশ্রুতির সম্মেলনে পরিণত না হয়।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় একেবারে উপরের দিকে রয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী-এ কারণে দেশটিতে বছরে ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। অথচ এর জন্য বাংলাদেশের দায় খুবই সামান্য। এর পরিপ্রেক্ষিতে কপ-৩১ সম্মেলনে জলবায়ু ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল বাড়ানোর যে দাবি বাংলাদেশ তুলছে, তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে শুধু তহবিল বাড়ানোর ঘোষণা নয়, অর্থ ছাড়ের প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করাও জরুরি। ক্ষতিগ্রস্ত দেশগুলো যেন প্রয়োজনের সময় এই অর্থ পায়, তা নিশ্চিত করা।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম যুগান্তরকে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত ঘোষণা ও প্রতিশ্রুতিকে বাস্তব ও কার্যকর পদক্ষেপে রূপান্তর করতে হবে। বিশেষ করে স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য ও সহজলভ্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা জরুরি। পাশাপাশি অধিক দায়ী দেশগুলোকে তাদের আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম যুগান্তরকে বলেন, বাংলাদেশ ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেছে। কারণ, বৈশ্বিক গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে যেসব দেশের অবদান নগণ্য, জলবায়ু পরিবর্তনের পরিণতি মোকাবিলায় তাদের ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপানো উচিত নয়। কার্বন নির্গমনে বাংলাদেশের ভূমিকা প্রায় শূন্যের কোঠায় হলেও শেষ পর্যন্ত দেশটিকে পরিণতি ভোগ করতে হয়।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক জলবায়ু চুক্তির অধীনে প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলোর জবাবদিহি নিশ্চিতের বিষয়টিও বাংলাদেশ গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। কপ-৩১-এ শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও বাস্তব পদক্ষেপ নিশ্চিত করতে হবে।

সিপিআরডির প্রধান নির্বাহী ও সিজেএ-বির সমন্বয়ক মো. শামসুদ্দোহা বলেন, কপ-৩১-এ বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে নাগরিক সমাজের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের সম্মুখ সারিতে থাকা জনগোষ্ঠী প্রতিনিয়ত বাড়তি ঝুঁকির মুখে পড়ছে। এসব মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সরকার ও নাগরিক সমাজের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তুলতে হবে।

সরকারের একটি সূত্র জানিয়েছে, সম্মেলনে জলবায়ু সহনশীলতা ও অভিযোজনের ক্ষেত্রে দেশের অর্জন তুলে ধরার পাশাপাশি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রতি উন্নত দেশগুলোর দায়িত্ব পালনে চাপ দেওয়ার ওপর বিশেষ জোর দিচ্ছে বাংলাদেশ।

পরিবেশবাদীরা বলছেন, কপ-৩১ যেন আরেকটি প্রতিশ্রুতির সম্মেলনে পরিণত না হয়। আগের অঙ্গীকার বাস্তবায়নে সময়সীমা, জবাবদিহি ও বাধ্যতামূলক পদক্ষেপ নির্ধারণ করতে হবে। জলবায়ু সংকট কোনো এক দেশের সমস্যা নয়। কাজেই এর সমাধানেও চাই সম্মিলিত দায়িত্ব ও কার্যকর উদ্যোগ।

কপ-৩১-এ অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার ভোরে দেশে ফিরেছেন। সম্মেলনে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পর্যাপ্ত আন্তর্জাতিক অর্থায়ন এবং জলবায়ু ন্যায়বিচারের জোরালো দাবি জানান। সফরকালে তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন।

এদিকে স্থানীয় সময় শুক্রবার সম্মেলনের পঞ্চম দিনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের সমস্যার কথা তুলে ধরেছেন। ২০ নভেম্বর পর্যন্ত এই সম্মেলন চলবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভারতের একতরফা পানি প্রত্যাহার কমছে রংপুর বিভাগের ৪৫ নদীর নাব্য

কমছে রংপুর বিভাগের ৪৫ নদীর নাব্য

বিলুপ্তির পথে বাঁশের শিল্প সংকটে পেশা ছাড়ছেন ডেমরার খাড়িশিল্পীরা

সংকটে পেশা ছাড়ছেন ডেমরার খাড়িশিল্পীরা

কপ-৩১ যেন আরেকটি প্রতিশ্রুতির মঞ্চ না হয়

কপ-৩১ যেন আরেকটি প্রতিশ্রুতির মঞ্চ না হয়

ময়মনসিংহে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব স্বেচ্ছাসেবক দলনেতা খুনে অভিযুক্তকে পিটিয়ে হত্যা

স্বেচ্ছাসেবক দলনেতা খুনে অভিযুক্তকে পিটিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম