বিলুপ্তির পথে বাঁশের শিল্প
সংকটে পেশা ছাড়ছেন ডেমরার খাড়িশিল্পীরা
মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, ডেমরা (ঢাকা)
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলার লোকশিল্প ও গ্রামীণ ঐতিহ্যের এক অনন্য নিদর্শন বাঁশের খাড়িশিল্প। যুগ যুগ ধরে বংশপরম্পরায় কারিগররা নিপুণ হাতের ছোঁয়ায় বাঁশ দিয়ে তৈরি করে আসছেন নিত্যপ্রয়োজনীয় নানা জিনিসপত্র। একসময় প্রাত্যহিক জীবনের বেশির ভাগ কাজের প্রধান অনুষঙ্গই ছিল এসব পণ্য। সম্পূর্ণ পরিবেশবান্ধব এ শিল্প শুধু গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তিই নয়, বরং টেকসই জীবনযাত্রার এক চমৎকার উদাহরণ। তবে বর্তমানে বাঁশজাত পণ্যের চাহিদা হ্রাস, কাঁচামালের দুষ্প্রাপ্যতা, প্লাস্টিক পণ্যের আগ্রাসন ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে এই শিল্পটি বিলুপ্তির পথে। দিন দিন এ পেশায় রোজগার কমতে থাকায় এখন নতুন করে শিল্পী বা কারিগরও তৈরি হচ্ছে না।
এমন অস্তিত্ব সংকটে পড়ে পেশা ছেড়ে ক্রমেই অন্য পেশায় চলে যাচ্ছেন ঢাকার ডেমরার খাড়িশিল্পীরা। তবে সংশ্লিষ্টদের দাবি, এ পেশায় যথাযোগ্য সুযোগ-সুবিধাসহ সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো জরুরি। পাশাপাশি এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং কারিগরদের জীবিকা রক্ষায় সবার প্লাস্টিক বর্জন করে দেশীয় পরিবেশবান্ধব খাড়ি শিল্পকে বেছে নেওয়া উচিত। একটা সময় ডেমরা ও আশপাশের বিভিন্ন অঞ্চলে বাঁশ দিয়ে তৈরি হতো কুলা, ডালা, চালুন, ঝুড়ি, মোড়া, খেলনা, ডালি, বিভিন্ন সজ্জার সামগ্রী, মাছ ধরার চাঁই, ডিড়ই, বেনা, খলই ও মাছ রাখার খাড়ি (খাঁচি) প্রভৃতি। বাঁশের তৈরি এসব পণ্যকে এককথায় খাড়ি শিল্প বলে। এসব পণ্যের চাহিদা ছিল ব্যাপক, বিশেষ করে স্থানীয় হাট-বাজারগুলোতে ব্যাপকভাবে এসব বিক্রি লক্ষ্য করা যেত। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় ও সহজলভ্য প্লাস্টিক পণ্যের কারণে বর্তমানে বাঁশের তৈরি পণ্যের বিক্রি কমে গেছে।
জানা যায়, বিভিন্ন আকার ও শৈলীতে কাটা সোনালি বাঁশের এ শিল্পের সঙ্গে জড়িয়ে থেকে ডেমরায় জীবন পার করে দিচ্ছেন অর্ধশত কারিগর। যদিও আগে ৭০ থেকে ৮০ পরিবার এর সঙ্গে যুক্ত ছিল। বর্তমানে কমে ৫০টির মতো পরিবার এর সঙ্গে যুক্ত আছে। ডেমরা বাউলের বাজারসংলগ্ন ডিএসসিসির ৭০ নম্বর ওয়ার্ডের কায়েতপাড়া ও দেইল্লা পশ্চিম পাড়া গ্রামেই এ শিল্পদের বসবাস। যুগ যুগ ধরে বাঁশের তৈরি মাছের খাড়ি বা খাঁচি বানাতে পারদর্শী তারা। এটিই তাদের পেশা ও নেশা।
বর্তমানে তারা ভালো নেই। তবে আগেও তারা খুব একটা ভালো ছিলেন, তেমনও নয়-এমনটাই জানিয়েছেন ৬৯ বছর বয়সি প্রবীণ কারিগর সম্ভু নাথ মালাকার। খাড়ি শিল্পী তার বড় ভাই যাদব চন্দ্র মালাকারের স্ত্রী পরিমালা মালাকারও একই কথা জানিয়েছেন। তবে এ কাজেই তারা সুখ খুঁজে নিয়েছেন। সম্ভু নাথ বলেছেন, এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের অর্ধশতাধিক পরিবার এ পেশার সঙ্গে যুক্ত। আমার বাবা ও দাদাও একই কাজ করতেন। এখানে নারী-পুরুষ মিলেই এই কাজ করেন।
এখানের বেশির ভাগ কারিগর মাছের খাঁচি তৈরি করলেও বাঁশ ও বেতের অন্যান্য সামগ্রীও তৈরি করা হয়। সরেজমিন দেখা যায়, কেউ রাস্তার পাশে মাটিতে বসে, বাড়ির উঠানে কিংবা বাড়ির পাশে ফাঁকা জায়গায় বসে আপন মনে বিভিন্ন আকারের মাছের খাঁচি তৈরি করছেন। কাজের ফাঁকে কেউ আবার খোশগল্পে মেতেছেন, কেউবা মোবাইলে গান শুনে কাজ করছেন। প্রফুল্লতায় মনে হয়েছে এ কাজে তাদের কোনো ক্লান্তি নেই। এভাবেই কখন যে সকাল-সন্ধ্যা কেটে যায়, সেদিকে খেয়াল থাকে না। অনেক সময় তীক্ষè ফলায় হাতের তালু কেটে গেলেও নতুন বাঁশের সুগন্ধ ও সোনালি রং যেন তাদের টানে!
তবে এখন এসব খাড়ির বাজার ভালো না। এখন বাঁশসহ আনুষঙ্গিক উপকরণ দা-বঁটি, করাত, চাকু, সুতলি, গুনার তার ও রং-সবকিছুর দাম বেশি। বাজারভেদে আড়াই হাত খাঁচি আগে বিক্রি হতো ৫০০ টাকায়, যা এখন বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৪০০ টাকায়। কিন্তু উৎপাদন খরচও এখন বেশি। মাছ ধরার ৬ হাত খাঁচি আগে বিক্রি হতো ৫ হাজার টাকায় বর্তমানে তা সাড়ে ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে ১৫ হাত খাঁচি বাজার অনুযায়ী ১০ হাজার টাকায় বিক্রি করা যায়। কারণ এ খাঁচি বানানো সবার পক্ষে সম্ভব হয় না।
ডেমরার কারিগরদের তৈরি করা খাঁচি বিক্রমপুর, মুন্সীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, সোনারগাঁ-মোগরাপাড়া কুমিল্লার মাদাইয়া, কেরানীগঞ্জের আটি, আরিচা, চিটাগাং রোড, রাজধানীর যাত্রাবাড়ী ও পুরান ঢাকার সোয়ারী ঘাট, বরিশালসহ দেশের বিভিন্ন এলাকার পাইকার এসে কিনে নিয়ে যান। চুক্তিভিত্তিক কাজও করেন তারা। অনেক সময় অর্ডার করা খাঁচি সময়মতো পাঠিয়ে দেওয়া হয় বলে জানান প্রবীণ কারিগর হরিগোপাল। তবে বর্তমানে শীতলক্ষ্যা ও বালু নদে মাছ না থাকায় এবং ডেমরায় মাছ চাষ কমে যাওয়ায় এসব এলাকায় খাঁচি বিক্রি হচ্ছে না।
কারিগর সম্ভু মালাকার যুগান্তরকে জানান, ৫৭ বছর আগেও কায়েতপাড়ায় ৭০ থেকে ৮০ জন কারিগর ছিলেন। তখনকার রোজগারে ভালোই চলত সবার সংসার। কিন্তু বর্তমানে তাদের সন্তানরা অন্যান্য কাজ করেও সবার রোজগারে সংসার চলে না। বইতে হচ্ছে ঋণের বোঝা। কারণ বর্তমানে তাদের বাজার দখল করেছে প্লাস্টিকের ফলের খাঁচি, ককশিট ও সংশ্লিষ্ট অন্যান্য উপকরণ।
ডেমরার দেইল্লা পশ্চিম পাড়ার কারিগর সমীর কুমার সরকার বলেন, ব্রিটিশ আমল থেকে আমাদের স্বর্গীয় পূর্বপুরুষরা এ কাজ করেছেন। ডেমরায় দেড় শতাধিক হিন্দু পরিবার এ পেশায় জড়িত ছিল। সারা দেশেই ডেমরার উৎপাদিত মাছের খাঁচির বেশ কদর ছিল। তবে এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, উৎপাদন খরচ বৃদ্ধি, জীবন মানের খরচ বেড়ে যাওয়া এবং সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার অভাবে এ পেশা থেকে পিছিয়ে যাচ্ছে অনেক পরিবার। অনেকটা বিলুপ্তির পথে এ শিল্প।
ডেমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ডেমরা থানা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন রতন বলেন, বাঁশের বেতি, চটা, চাক ও টেউর মিলে তৈরি হয় খাঁচি যা মাছ রাখার উত্তম পন্থা। খাঁচিতে রাখা মাছ মরে গেলেও প্রাকৃতিক স্বাদ নষ্ট হয় না। এর পরিবর্তে বর্তমানে যাতে মাছ রাখা হয়, তা মোটেও সঠিক নয়। এজন্য খাঁচির প্রচলনে সরকারি পৃষ্ঠপোষকতা খুবই জরুরি।
