Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

জ্যোতি জেলে হত্যাচেষ্টা মামলায়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানো হয়েছে। আর ওই সময় ভাটারা থানার সামনে গুলিতে এনামুল হক নামে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার পৃথক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত শুনানি শেষে নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামির পক্ষে কোনো জামিন আবেদন ছিল না।

বুধবার রাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করে পুলিশ। পরদিন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। পরবর্তী সময়ে প্রয়োজনে রিমান্ডের আবেদন করা হবে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আন্দোলন করছিলেন ৫০০ থেকে ৭০০ শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাদিকুল (২১) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা। তিনি উত্তরা পশ্চিম থানা এলাকার জামিয়াছিন ইসলামিয়া মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর ঘটনায় আদালতে নালিশি মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণ করে উত্তরা পশ্চিম থানা।

নুরুল ইসলাম নাহিদ (৮১) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এবং সিলেট-৬ আসনের সাবেক সংসদ-সদস্য। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। টানা ১০ বছর এ দায়িত্ব পালন করেন। পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতির (সিডিএমএস) তথ্য পর্যালোচনার বরাত দিয়ে আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, সিলেটের বিভিন্ন থানায় নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ৪ আগস্ট সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে ৭ জন নিহতের ঘটনায় হওয়া মামলা অন্যতম।

এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাবেক এ শিক্ষামন্ত্রী কোনো ধরনের সাড়া না পাওয়ার অভিযোগ উঠেছে। এমনকি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পাশাপাশি একাধিকবার ফোনকল করলেও কোনো উত্তর দেননি এমন তথ্যও বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে। এ ধরনের একাধিক স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। তবে শেখ হাসিনার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা এবং কল ও এসএমএসের সত্যতা নিশ্চিত করেনি পুলিশ। তবে নাহিদের ব্যবহৃত ফোনটি ফরেনসিক করার জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর।

জানতে চাইলে তিনি যুগান্তরকে বলেন, ফোন ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছেন কি না, বা কল ও এসএমএস করেছেন কি না, সেটি ঘেঁটে দেখার এখতিয়ার আমার নয়। আমরা মোবাইল ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠাব। ফরেনসিক কর্তৃপক্ষই বলতে পারবে সাবেক শিক্ষামন্ত্রী কারও সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন কি না।

হত্যাচেষ্টা মামলায় কারাগারে জ্যোতিকা : রাজধানীর তুরাগ থানার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে বুধবার রাতে জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ডিবির উত্তরা বিভাগের একটি দল। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মুর্শিদুল আলম তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলন চলাকালে ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হলে এনামুল হকের পায়ে গুলি লাগে। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা করেন এনামুল হক। মামলার এজাহারে জ্যোতিকা জ্যোতিকে ২১৬ নম্বর আসামি করা হয়েছে। এ মামলায় অভিনেত্রী অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকেও আসামি করা হয়েছে। মামলার অভিযোগে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসাবে ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আগুন সন্ত্রাস-সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতা সমন্বয় ও টিমওয়ার্ক না থাকাই অন্যতম কারণ

সমন্বয় ও টিমওয়ার্ক না থাকাই অন্যতম কারণ

নানক দীপু মনি সুজিতের বাড়িতে হামলা, আগুন

নানক দীপু মনি সুজিতের বাড়িতে হামলা, আগুন

নাশকতা সৃষ্টিকারী পরাজিত শক্তিকে কোনো ছাড় নয়: রিজভী

নাশকতা সৃষ্টিকারী পরাজিত শক্তিকে কোনো ছাড় নয়: রিজভী

হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম