Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

আগুন সন্ত্রাস-সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতা

সমন্বয় ও টিমওয়ার্ক না থাকাই অন্যতম কারণ

Icon

সিরাজুল ইসলাম

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন-সন্ত্রাসসহ নাশকতামূলক অপকর্ম অব্যাহত আছে। গোপালগঞ্জ এখনো অশান্ত। টুঙ্গিপাড়ার পর মুকসুদপুর থানায়ও আগুন দেওয়া হলো। এছাড়া বিএনপির দুই এমপির বাড়িতে আগুন দেওয়াসহ দেশজুড়ে আগুন-সন্ত্রাসের শতাধিক ঘটনা ঘটেছে। রাজধানী ঢাকাসহ দেশে বিভিন্ন চোরাগোপ্তা হামলা চলছেই। কিন্তু বাস্তবতা হলো আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। কিছু গ্রেফতার হচ্ছে বটে, তবে এর চেয়ে বহুগুণ শক্তি নিয়ে দুর্বৃত্তরা গুপ্ত হামলা করছে। এমনকি বুধবার রাতে নড়াইলের কালিয়ায় বিএনপির কৃষক দল ও জাসাসের দুই নেতাকে হত্যা করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা।

এদিকে পুলিশ কেন এই পরিস্থিতি সামাল দিতে পারছে না, এ ব্যাপারে যুগান্তরকে দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, সমন্বয়হীনতা ও টিমওয়ার্ক না থাকা অন্যতম কারণ। এছাড়া পুলিশ ঝুঁকি নিতে চাইছে না।

সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম যুগান্তরকে বলেন, একটি সুশৃঙ্খল বাহিনীর মূলভিত্তি চেইন অব কমান্ড, পেশাগত মনোবল এবং সঠিক জায়গায় সঠিক কর্মকর্তার পদায়ন। জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা উপেক্ষিত হলে এবং মাঠপর্যায়ের সদস্যদের মধ্যে সিদ্ধান্তহীনতা বা ঝুঁকি এড়ানোর প্রবণতা তৈরি হলে নাশকতাকারীরা সেই সুযোগ নেয়। নাশকতাকারীরা যাতে সফল হতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিটগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করে আগাম তথ্যভিত্তিক প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নাশকতা প্রতিরোধে আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সবচেয়ে জরুরি। কিন্তু বিশেষায়িত বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর কাজের অগ্রাধিকার বা ‘প্রায়োরিটি’তে ভিন্নতা দেখা দিয়েছে। কোনো কোনো বিশেষায়িত ইউনিট রাজনৈতিক তৎপরতা বা নাশকতার চেয়ে নিয়মিত অপরাধ দমনকেই প্রধান অগ্রাধিকার হিসাবে দেখছে। অন্যদিকে কোথাও নাশকতা বা অগ্নিসংযোগ ঘটে যাওয়ার পর মামলা হলে কেবল তখনই বিশেষায়িত ইউনিটগুলো সেটিকে সাধারণ ফৌজদারি অপরাধ হিসাবে তদন্ত বা অভিযান চালাচ্ছে। এ ধরনের দায়িত্ব ভাগাভাগির জটিলতায় নাশকতা ঘটার আগেই তা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। সূত্রমতে, মাঠপর্যায়ে দাঙ্গা-হাঙ্গামা বা নাশকতা দমনে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পুলিশ কর্মকর্তাদের মধ্যে এক ধরনের দ্বিধা ও সিদ্ধান্তহীনতা কাজ করছে। একজন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তার মতে, দাঙ্গা বা সহিংসতা নিয়ন্ত্রণ একটি দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও অভিজ্ঞতার বিষয়। কখন লাঠিচার্জ করতে হবে, কখন টিয়ার গ্যাসে শেল, সাউন্ড গ্রেনেড বা রাবার বুলেট ছুড়তে হবে-তা মুহূর্তের মধ্যে নির্ধারণ করতে হয়। কিন্তু অতীতের সহিংস ঘটনায় পুলিশের বিরুদ্ধে নেওয়া কঠোর অবস্থানের কারণে মাঠপর্যায়ের সদস্যরা এখন কোনো ঝুঁকি নিতে চাইছেন না। এসব কারণে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে, পুলিশের গাড়ি ছাড়াও থানা স্টেশন পুড়িয়ে দেওয়ার মতো সাহস দেখাচ্ছে দুর্বৃত্তরা। কিন্তু পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অভিযোগ রয়েছে, উচ্চপর্যায়ের বৈঠকে পুলিশের অভিজ্ঞ কর্মকর্তাদের মতামতকে গুরুত্ব না দেওয়ার প্রবণতায় বাহিনীর সদস্যদের মধ্যে এক ধরনের নিষ্ক্রিয়তা ও হতাশা তৈরি হয়েছে।

পুলিশের একজন অতিরিক্ত আইজিপি যুগান্তরকে বলেন, পুলিশ প্রশাসনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও চেইন অব কমান্ড দুর্বল হয়ে পড়ার পেছনে পদায়ন নীতি অন্যতম বড় কারণ। দেশের বিভিন্ন জেলায় বর্তমানে ২৪ ও ২৫তম বিসিএস ব্যাচের কর্মকর্তাদের পুলিশ সুপার (এসপি) হিসাবে পদায়ন করা হয়েছে। অথচ একই জেলায় জেলা প্রশাসক (ডিসি) হিসাবে দায়িত্ব পালন করছেন প্রশাসন ক্যাডারের জুনিয়র কর্মকর্তারা। অন্যদিকে পুলিশের ২০, ২১ কিংবা ২২তম ব্যাচের অভিজ্ঞ কর্মকর্তাদের অনেককেই গুরুত্বপূর্ণ অপারেশনাল দায়িত্বের বাইরে রাখা কিংবা পদোন্নতিবঞ্চিত করে রাখা হয়েছে। অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের যথাযথ মূল্যায়ন না করায় এবং সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে পদায়ন না করায় মাঠপর্যায়ের গোয়েন্দা নেটওয়ার্ক ও কমান্ড অনেকটা ভেঙে পড়েছে।

এদিকে বিএনপি সরকারের নয় মাস পার হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো সুস্পষ্ট ‘রোডম্যাপ’ বা দীর্ঘমেয়াদি নীতিমালা (পলিসি) দৃশ্যমান নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা মনে করেন, তাৎক্ষণিক বা ‘অ্যাডহক’ ভিত্তিতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা মানুষের মনে স্বস্তি ফেরাতে পারছে না। এমনকি অতীতে পুলিশের যেসব ভ্রান্তনীতির কারণে বাহিনী জনবিচ্ছিন্ন হয়েছিল, সেসব ভুল চিহ্নিত করে যারা ওই সিদ্ধান্তের নেপথ্যে ছিলেন, তাদের জবাবদিহির আওতায় আনা হয়নি। বরং ঢালাওভাবে পুরো বাহিনীকে অবহেলা ও অবিশ্বাসের চোখে দেখার কারণে মাঠপর্যায়ের কর্মকর্তারা কাজের উৎসাহ হারিয়ে ফেলছেন।

অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক যুগান্তরকে বলেন, কেবল ঘটনা ঘটে যাওয়ার পর মামলার তদন্তে সীমাবদ্ধ থাকলে চলমান নাশকতা ও অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ করা যাবে না। প্রয়োজন আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বিত ‘টিমওয়ার্ক’ গড়ে তোলা। একই সঙ্গে আইনানুগ দায়িত্ব পালনে মাঠপর্যায়ের সদস্যদের স্পষ্ট নির্দেশনা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।

বিশ্লেষকদের মতে, বর্তমান অস্থিতিশীলতা ও নাশকতা কঠোরভাবে দমন করতে হলে সরকারকে অবিলম্বে কয়েকটি মৌলিক পদক্ষেপ নিতে হবে। প্রথমত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটকে (পুলিশ, এসআরবি, এসবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থা) একটি অভিন্ন কমান্ড ও ‘টিম’ হিসাবে সমন্বিতভাবে কাজ করতে হবে। দ্বিতীয়ত, পুলিশ প্রশাসনে কাজের মূল্যায়ন নিশ্চিত করতে হবে এবং রাজনৈতিক বিবেচনার বদলে অভিজ্ঞ, দক্ষ ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ অপারেশনাল পদে ফিরিয়ে আনতে হবে। তৃতীয়ত, কেবল ঘটনা ঘটার পর ব্যবস্থা না নিয়ে আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতাকারীদের নেটওয়ার্ক ভেঙে দিতে হবে। পাশাপাশি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের আইনানুগ দায়িত্ব পালনে পূর্ণ পেশাগত স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। অন্যথায় নাশকতাকারীরা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলতে পারে।

পুলিশের এআইজি (মিডিয়া) কামারুন মুনিরা বলেন, পুলিশে কোনো সিদ্ধান্তহীনতা বা সমন্বয়হীনতা নেই। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মসূচির নামে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে, প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আগুন সন্ত্রাস-সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতা সমন্বয় ও টিমওয়ার্ক না থাকাই অন্যতম কারণ

সমন্বয় ও টিমওয়ার্ক না থাকাই অন্যতম কারণ

নানক দীপু মনি সুজিতের বাড়িতে হামলা, আগুন

নানক দীপু মনি সুজিতের বাড়িতে হামলা, আগুন

নাশকতা সৃষ্টিকারী পরাজিত শক্তিকে কোনো ছাড় নয়: রিজভী

নাশকতা সৃষ্টিকারী পরাজিত শক্তিকে কোনো ছাড় নয়: রিজভী

হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম