Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

নানক দীপু মনি সুজিতের বাড়িতে হামলা, আগুন

১১ জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের বাড়িতে বৃহস্পতিবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশালের বাড়িতে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়। চাঁদপুরে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং সাংগঠনিক সম্পাদক সুজিত রায়ের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া ফেনীর সোনাগাজীতে দলের সাবেক এমপি রহিম উল্লাহ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, বরগুনায় এসএম মশিউর রহমান শিহাবসহ অন্তত ১১ জেলায় দলটির নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। রাজধানী ঢাকা ও গোলাপগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের আগুন সন্ত্রাস ও নাশকতার মধ্যে এসব ঘটনা ঘটেছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বরিশাল : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর বটতলা এলাকার বাসভবনে বৃহস্পতিবার ভোরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। জানা যায়, ভোরে একদল লোক নানকের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপের পর জানালার গ্লাস ভাঙচুর করে। একপর্যায়ে তারা বাসার নিচতলা ও সামনের সাইনবোর্ডে আগুন ধরে দেয়। স্থানীয় সূত্র জানায়, গোলাপগঞ্জে থানায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলা এবং বিএনপির এমপির বাড়িতে আগুন দেওয়ার জেরে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুরসহ বিভিন্ন স্থানে দলটির নেতাদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার যুগান্তরকে বলেন, নানকের বাসায় আগুন দেওয়া হয়েছে এমন খবর শুনেছি। তবে এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি। এদিকে, গুম-খুনের মামলায় কারাবন্দি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুর : চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার কদমতলা মার্কেটের তিনতলায় দীপু মনির বাসায় আগুন দেয় দুর্বৃত্তরা। বুধবার রাতে বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয় তারা। পরে আশপাশের লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই রাতে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমুরুয়া গ্রামে সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়ির অধিকাংশ আসবাবপত্র পুড়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফেনী : বুধবার রাত আড়াইটার দিকে সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামে আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি রহিম উল্লাহর বাড়িতে লুটপাট চালানোর পর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় বাড়ির সামনে থাকা তিনটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। এতে কেউ হতাহত হয়নি। এই নেতা বর্তমানে দুদকের মামলায় কারাগারে। সোনাগাজী মডেল থানার ওসি আবুল হাসিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর : বুধবার রাতে পিরোজপুর শহরের ম্যাটানিটি রোডে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খালেক দম্পতির বাড়িতে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়। খালেক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তার ছেলে ভানভীর মুজিব ছাত্রলীগের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক। এছাড়া পাড়েরহাট এলাকায় তাদের চালের মিলেও হামলা হয়েছে।

বরগুনা : আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক এস এম মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে বরগুনা পৌরশহরের চরকলোনি এলাকার বাড়িটিতে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

পটুয়াখালী : পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান মোহনের গ্রামের বাসভবনে বুধবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে আলমগীরের বাড়িতে হামলার পর নিচতলা ও দোতলায় আগুন দেওয়া হয়।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতা এরশাদ মেম্বার ও তার প্রতিবেশীদের বাড়িতে বুধবার রাতে হামলা হয়েছে। পরে ওই নেতার বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাতে নগরীর দামপাড়া এলাকার পল্টন রোডে এ হামলার ঘটনা ঘটে। চকবাজার থানার ওসি নুর হোসেন মামুন জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় কেউ থানা অভিযোগ করেনি।

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা এমরুল করিম রাশেদের বাড়িতে বৃহস্পতিবার সকালে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা চৌমুহনী মাদ্রাসা মার্কেট এলাকার বাড়িতে আগুনে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নেত্রকোনা : নেত্রকোনা জেলা সদর ও বারহাট্টা উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শাখাওয়াত হোসেনের মার্কেটের দোকানপাটে হামলা ও ভাঙচুর চালানো হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়ার বাড়িতে হামলা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আগুন সন্ত্রাস-সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতা সমন্বয় ও টিমওয়ার্ক না থাকাই অন্যতম কারণ

সমন্বয় ও টিমওয়ার্ক না থাকাই অন্যতম কারণ

নানক দীপু মনি সুজিতের বাড়িতে হামলা, আগুন

নানক দীপু মনি সুজিতের বাড়িতে হামলা, আগুন

নাশকতা সৃষ্টিকারী পরাজিত শক্তিকে কোনো ছাড় নয়: রিজভী

নাশকতা সৃষ্টিকারী পরাজিত শক্তিকে কোনো ছাড় নয়: রিজভী

হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম