Logo
Logo
×
   

Advertisement

নগর-মহানগর

রাজশাহীতে হেযবুত তওহীদের সভা পণ্ড করল হেফাজত

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজশাহীতে হেযবুত তওহীদের আলোচনা সভা হতে দেয়নি হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার বিকাল ৪টায় মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ের একটি দরবার হলে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।

হেযবুতের সভা বন্ধ করার জন্য কয়েকদিন আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি চলছিল। হেফাজতের নেতারা জেলা প্রশাসক ও রাজশাহী মহানগর পুলিশের কমিশনারকে স্মারকলিপিও দিয়েছিলেন হেযবুতের সভা বন্ধ করার জন্য। তারপরও সভার প্রস্তুতি চলতে থাকলে সোমবার বেলা ৩টা থেকে সিঅ্যান্ডবি এলাকায় অবস্থান নেন হেফাজতের নেতাকর্মীরা।

তারা সেখানে হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের ব্যানারে একটি মানববন্ধন করেন। ফলে হেযবুত তওহীদের নেতাকর্মীরা সভা করতে পারেননি। তবে আশপাশে হেযবুত তওহীদের নেতাকর্মীরা ছিলেন। একই স্থানে দুই সংগঠনের নেতাকর্মীদের মুখোমুখি এই অবস্থানের কারণে এলাকায় উত্তেজনাও দেখা দেয়। এ অবস্থায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ।

সভা করতে না পেরে হেযবুত তওহীদের রাজশাহী জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে সংগঠনটির রাজশাহী বিভাগীয় সভাপতি মশিউর রহমান ও সহসভাপতি আশেক মাহমুদ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য পাঠ করেন জেলার সভাপতি আরিফুজ্জামান গালিব।

তিনি বলেন, হেযবুত তওহীদ একটি আইন মান্যকারী অরাজনৈতিক আন্দোলন। রাজশাহীতে সুশীল সমাজের ব্যক্তিবর্গকে নিয়ে একটি মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু একটি মহল আমাদের শান্তিপূর্ণ সভা করতে দেয়নি। এ বিষয়ে জানতে চাইলে হেফাজতে ইসলামের রাজশাহী জেলার সভাপতি মাওলানা শহীদুল ইসলাম বলেন, হেযবুত তওহীদ ইসলামের নামে তাদের ভ্রান্ত আকিদা প্রচার করছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে এগুলো ঠিক না। এ জন্য আমরা তাদের সভা বন্ধ করেছি।

মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, একই স্থানে দুই সংগঠনের নেতাকর্মীদের অবস্থানের কারণে উত্তেজনা ছিল। পুলিশও সতর্ক ছিল। তাই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হেযবুত তওহীদ তাদের অনুষ্ঠান স্থগিত করেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম