Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যেতে সংস্কার করা হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ব্যবসা পরিচালনার ব্যয় কমানো, ব্যবসা সহজীকরণ এবং এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে অগ্রযাত্রা ত্বরান্বিত করতে সরকার নানাবিধ সংস্কার পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার সরকারি-বেসরকারি সংলাপ প্ল্যাটফর্ম বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু করার প্রক্রিয়া সহজ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফায়ার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং চেম্বার সদস্য পদসহ ছয়টি গুরুত্বপূর্ণ লাইসেন্সের ক্ষেত্রে ১২ মাসের জন্য অস্থায়ী লাইসেন্স দেওয়া হবে, যেন ব্যবসা শুরু করতে অযথা বিলম্ব না হয়। তিনি বলেন, সরকার পাট খাতের উন্নয়নে বিল্ড-এর সঙ্গে কাজ করতে আগ্রহী এবং এক্ষেত্রে কাঁচা সবুজ পাট থেকে জুট পাল্প উৎপাদন একটি সম্ভাবনাময় উদ্যোগ হতে পারে। মন্ত্রী জানান, বিনিয়োগব্যবস্থাকে আরও সহজ ও সমন্বিত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষসহ বিভিন্ন বিনিয়োগ কর্তৃপক্ষকে একীভূত করে একটি একক ছাতার অধীনে আনার পরিকল্পনা এগিয়ে চলছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে বেসরকারি খাতের প্রতিনিধিত্ব সংক্রান্ত বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সাক্ষাৎকালে বিল্ড চেয়ারপারসন আবুল কাশেম খান বলেন, ধূসর অর্থনীতি নিয়ন্ত্রণ এবং আরও বেশি ব্যবসাকে আনুষ্ঠানিক খাতে নিয়ে আসার জন্য নিয়ন্ত্রণ শিথিলকরণই সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান ট্রেড লাইসেন্স ব্যবস্থা নতুন উদ্যোক্তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। উদ্ভাবনকে উৎসাহিত করতে ‘ওয়ান লাইসেন্স’ পদ্ধতিতে রূপান্তর জরুরি। তরুণ উদ্যোক্তাদের সহায়তায় তিনি পাঁচ বছরের কর অব্যাহতিরও প্রস্তাব দেন। তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ লজিস্টিক সংস্কার নিয়ে বিল্ড বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা করছে এবং শিগগির এসব প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে। একই সঙ্গে বিল্ড চলতি বছরের শেষে একটি ‘পলিসি সামিট’ আয়োজনের পরিকল্পনা করছে, যেখানে আগামী দশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জনের লক্ষ্যে বেসরকারি খাতের প্রয়োজনীয়তা নির্ধারণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

খামারির সাড়ে ৬ টাকার ডিম খুচরায় ১৩ টাকা

খামারির সাড়ে ৬ টাকার ডিম খুচরায় ১৩ টাকা

ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মে ৩৯ ব্যাংকের যাত্রা শুরু

ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মে ৩৯ ব্যাংকের যাত্রা শুরু

শেয়ারবাজার হাজার কোটি টাকা ছাড়াল লেনদেন

হাজার কোটি টাকা ছাড়াল লেনদেন

ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যেতে সংস্কার করা হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যেতে সংস্কার করা হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম