বন্যপ্রাণী ও মানুষের সংঘাত
চাই জনসচেতনতা ও দায়িত্বশীল পদক্ষেপ
সম্পাদকীয়
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লোকালয়ের আকার বৃদ্ধির কারণে ক্রমান্বয়ে সংকুচিত হয়ে যাচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল। বন উজাড় করে জনপদ সৃষ্টির ফলে খাদ্যাভাবসহ নানা কারণে প্রায়শই বন্যপ্রাণীকে মানুষের কাছাকাছি আসতে দেখা যায়। সোমবার যুগান্তরের খবরে, শেরপুরের গারো পাহাড়ি অঞ্চলে বন্যহাতি এবং টাঙ্গাইলের ঘাটাইলে মেছোবাঘকে কেন্দ্র করে সম্প্রতি বন্যপ্রাণী ও মানুষের মধ্যে চরম আতঙ্ক ও সংঘাতের চিত্র সামনে এসেছে। সীমান্তে দীর্ঘদিন ধরে চলে আসা হাতি-মানুষের দ্বন্দ্ব এখন এমন এক আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে, হাতিই এখন মানুষের হিংস্রতার শিকার হয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে। বলা বাহুল্য, অবুঝ প্রাণীগুলোকে ধারালো অস্ত্র, আগুনের মশাল ও ইটপাটকেল নিয়ে উত্ত্যক্ত করার ঘটনা মানবিকতার চরম অবক্ষয় নির্দেশ করে। অন্যদিকে, ঘাটাইলে স্বাভাবিক মেছোবাঘকে চিতাবাঘ মনে করে অহেতুক গণআতঙ্ক ছড়ানো হয়েছে। দুটি ঘটনাই প্রমাণ করে, প্রাকৃতিক পরিবেশ ধ্বংস এবং ভুল ধারণার কারণে আমাদের পরিবেশগত ভারসাম্য কীভাবে মারাত্মক হুমকির মুখে পড়ছে।
প্রতিবেদন দুটি বিশ্লেষণ করলে প্রশাসনের নজরদারি ও স্থানীয়দের আচরণের মধ্যকার বড় ধরনের ঘাটতি পরিলক্ষিত হয়। বন বিভাগ ও স্থানীয় এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) প্রচার-প্রচারণা চালালেও বা এআই ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হলেও হাতির ওপর ধারালো অস্ত্রের আঘাত ঠেকানো সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া দরকার ছিল বলে মনে করি আমরা। একইভাবে ঘাটাইলে অভিজ্ঞতার অভাবে বাঘের ভীতি ছড়ানো এবং প্রজাতি চিহ্নিতকরণে বিলম্ব এটাই নির্দেশ করে, বন্যপ্রাণী রক্ষায় উদ্ধারকারী দলগুলোর প্রস্তুতি পর্যাপ্ত নয়।
প্রকৃতিবিরুদ্ধ এই সংকট নিরসনে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বন্যপ্রাণীকে ধারালো অস্ত্র বা আগুন দিয়ে কষ্ট দেওয়ার মানসিকতা পরিহার করতে সীমান্তে ইআরটি’র পাশাপাশি সার্বক্ষণিক টহল ব্যবস্থা জোরদার করতে হবে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাহাড়ি অঞ্চলে হাতির চলাচলের স্বাভাবিক করিডরগুলো দখলমুক্ত করা এবং পর্যাপ্ত খাবারের সংস্থান করা না গেলে এই সংঘাত থামানো সম্ভব নয়। এছাড়া গ্রামীণ এলাকায় সাধারণ মেছোবাঘের মতো নিরীহ প্রাণীকে কেন্দ্র করে যেন আতঙ্ক না ছড়ায়, সেজন্য বন বিভাগকে দ্রুত সচেতনতামূলক তথ্য পৌঁছানোর কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রকৃতির অখণ্ড অংশ হিসাবে বন্যপ্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখা মানবজাতির স্বার্থেই অপরিহার্য। সরকার এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবে, এটাই প্রত্যাশা।
