ডেঙ্গুতে মৃত্যু বাড়ছেই
আর কত প্রাণ ঝরলে ঘুম ভাঙবে আমাদের?
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চলতি বছর এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এ রোগে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০৯ জনে। বলা বাহুল্য, এ সংখ্যাগুলোর পেছনে রয়েছে একেকটি পরিবারের কান্না, স্বজনহারা মানুষের অন্তহীন দীর্ঘশ্বাস এবং অপূরণীয় শূন্যতা। প্রশ্ন হলো, মানুষের এই আর্তনাদ, এই যন্ত্রণার ছবি কি আমাদের ঘুম ভাঙাতে পেরেছে?
ছোট্ট একটি মশার কাছে আমরা কত অসহায়! আমাদেরই উদাসীনতায় প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে একের পর এক প্রাণ। পরিচিত বা অপরিচিত কোনো না কোনো মুখ হারিয়ে যাওয়ার বেদনাদায়ক সংবাদ বুক ভারী করে তুললেও আমাদের যেন কিছুই করার নেই। প্রতিবছর বর্ষা বা ঋতু বদলের সঙ্গে সঙ্গে ডেঙ্গু আমাদের দরজায় কড়া নাড়ে, আর আমরা বরাবরের মতোই নামমাত্র কিছু প্রস্তুতি নিয়ে দায়িত্ব সারতে চাই। বছরের পর বছর মৃত আর আক্রান্তের রেকর্ড সৃষ্টি হলেও আমাদের নাগরিক সচেতনতা বা প্রাতিষ্ঠানিক প্রস্তুতিতে কোনো স্থায়ী পরিবর্তন আসেনি। সিটি করপোরেশন বা স্থানীয় কর্তৃপক্ষের লোকদেখানো ফগিং বা ওষুধ ছিটানোর কার্যক্রম আজ ব্যর্থ প্রমাণিত হচ্ছে। অথচ একটু সজাগ দৃষ্টি, নিয়মিত লার্ভা নিধন এবং নাগরিক সচেনতনতার মাধ্যমে এই মৃত্যুগুলো আমরা এড়াতে পারতাম। চিকিৎসকরা বারবার বলছেন, সামান্য জ্বরকেও অবহেলা না করতে। তারপরও অনেকে সময়মতো রোগী নিয়ে হাসপাতালে আসছেন না। অন্যদিকে, রোগী বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী থেকে শুরু করে বিভাগীয় শহর কিংবা মফস্বলের হাসপাতালগুলোতে বেডের সংকট দেখা দিচ্ছে।
এডিস মশার বংশবিস্তারের জন্য সাধারণ মানুষের কাঁধে দায় চাপাতে চান প্রশাসক বা নীতিনির্ধারকরা। কিন্তু প্রশাসক ও নীতিনির্ধারকরা কি নিজেদের দায় এড়াতে পারেন? মশার নিরাপদ প্রজননস্থলগুলো ধ্বংস করার মূল দায়িত্ব আসলে কার? সঠিক সময়ে কার্যকর পদক্ষেপের অভাব আর দায়িত্বহীনতাই আজ আমাদের এই পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। একটি সভ্য সমাজে মানুষ চিকিৎসাধীন অবস্থায় বা অবহেলায় মারা যাবে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সময় এসেছে আত্মোপলব্ধির, সময় এসেছে জেগে ওঠার। এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং প্রত্যেক নাগরিককে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে।
