গোপালগঞ্জে আওয়ামী তাণ্ডব
রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি প্রকাশ্য ঔদ্ধত্য
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জে গত শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত যা ঘটেছে, তাকে নিছক বিশৃঙ্খলা বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এটি এককথায় রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি প্রকাশ্য ঔদ্ধত্য প্রদর্শন। সোমবার যুগান্তরের খবরে প্রকাশ-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লগি-বৈঠা, রামদা, চাইনিজ কুড়াল ও বল্লমের মতো দেশি অস্ত্র হাতে জেলা শহর ও টুঙ্গিপাড়ায় রীতিমতো সশস্ত্র মহড়া ও তাণ্ডব চালিয়েছে। শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত চলা এ নৈরাজ্যে বিএনপি ও যুবদলের কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান এবং গ্রামীণ ব্যাংকের মতো সেবামূলক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়। গুঁড়িয়ে দেওয়া হয় জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক। হামলাকারীরা পুলিশের সাঁজোয়াযানের উপর উঠে স্লোগান দিয়ে যে বার্তা দিয়েছে, তা দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে যে এক অশনিসংকেত, তা বলার অপেক্ষা রাখে না।
সবচেয়ে বিস্ময়কর ও উদ্বেগজনক বিষয় হলো, এই ভয়াবহ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রহস্যজনক নিষ্ক্রিয়তা। ১ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য সেখানে মোতায়েন থাকা সত্ত্বেও কীভাবে কয়েক হাজার অস্ত্রধারী ব্যারিকেড ভেঙে শহরে প্রবেশ করল, দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধ করে রাখল এবং একের পর এক স্থাপনায় আগুন দিল-সে প্রশ্নের কোনো সদুত্তর নেই। সম্ভাব্য ঘটনা সম্পর্কে গোয়েন্দা তথ্যই বা পাওয়া গেল না কেন? উলটো ঢাকা রেঞ্জের ডিআইজির পক্ষ থেকে ‘কোথাও কোনো ভাঙচুর বা নাশকতা ঘটেনি’ মর্মে যে দাবি করা হয়েছে, তা মাঠের বাস্তবতার সঙ্গে উপহাস বৈ কিছু নয়। প্রশাসনের এমন বক্তব্য শুধু জবাবদিহিতার জায়গাকেই দুর্বল করে না, ভবিষ্যতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তির পথও খুলে দেয়। এই স্ববিরোধিতা যেমন বাহিনীর পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে, তেমনি অপরাধীদের পরোক্ষভাবে প্রশ্রয়ও দেয়।
উদ্ভূত পরিস্থিতিতে সরকার জরুরি ভিত্তিতে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলি করে এবং বিজিবি মোতায়েন করে পরিস্থিতি সামাল দিয়েছে, যা নিঃসন্দেহে একটি প্রয়োজনীয় পদক্ষেপ। তবে কেবল প্রশাসনিক রদবদলের মাঝেই এ সংকটের স্থায়ী সমাধান নিহিত নয়। এ ঘটনা থেকে যদি কাঠামোগত শিক্ষা না নেওয়া হয়, তাহলে সংকট আবারও ফিরে আসবে বলে মনে করি আমরা। এখানে গোয়েন্দা তথ্যের ঘাটতি, নাকি রাজনৈতিক হিসাবনিকাশের কারণে সতর্কতা উপেক্ষা করা হয়েছে-সে বিষয়টিও খতিয়ে দেখা জরুরি। পাশাপাশি, হামলায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে, নইলে এ ঘটনা একটি উদাহরণ হয়ে থাকবে যে, সংগঠিত সহিংসতা চালিয়েও পার পাওয়া যায়।
রাষ্ট্রের ভেতরে এমন অরাজকতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে দলমত নির্বিশেষে প্রতিটি অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। এ ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে গোপালগঞ্জের এই বিষবাষ্প দেশের অন্যত্রও ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়। জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকার কঠোর ও আপসহীন অবস্থান নেবে, এটাই প্রত্যাশা।
