Logo
Logo
×

Advertisement

সম্পাদকীয়

স্কুলে পুনঃভর্তি ফি নিষিদ্ধ

ভিন্ন উপায়ে বাড়তি অর্থ আদায়ও বন্ধ করতে হবে

Icon

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শিক্ষা কোনো পণ্য নয়, আর শিক্ষাপ্রতিষ্ঠানও মুনাফা অর্জনের স্থান হতে পারে না। অথচ দেশের অনেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জিম্মি করে প্রতিবছর পুনঃভর্তির নামে বিপুল অঙ্কের অর্থ আদায় করা হয়। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অভিভাবকরা। সন্তানের শিক্ষার ব্যয় মেটাতে গিয়ে অনেক পরিবারকে হিমশিম খেতে হয়। এমনকি আর্থিক অসচ্ছলতার কারণে কারও কারও পক্ষে সন্তানের পড়াশোনা চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় একই প্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় নিষিদ্ধ করে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন ভর্তি নীতিমালা জারি নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ।

নীতিমালায় স্পষ্ট বলা হয়েছে, একই প্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হয়ে ওঠার ক্ষেত্রে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। নির্ধারিত হারে সেশন চার্জ নেওয়ার সুযোগ থাকলেও ভর্তি ও অন্যান্য ফির সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে। নিয়ম অমান্য করে অতিরিক্ত অর্থ আদায় করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধানও রয়েছে। এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হলে শিক্ষা ব্যয়ের ক্ষেত্রে অভিভাবকদের ওপর চাপ অনেকটাই কমবে।

তবে নীতিমালা প্রণয়নই যথেষ্ট নয়, এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। অতীতে দেখা গেছে, এক খাতে অর্থ আদায় নিষিদ্ধ হলে কোনো কোনো প্রতিষ্ঠান নতুন নতুন খাত তৈরি করে অর্থ আদায়ের পথ খোঁজে। পুনঃভর্তি ফি বন্ধের সুযোগে সেশন চার্জ, উন্নয়ন ফি, ভবন নির্মাণ ফি, বিদ্যুৎ বিল, জেনারেটর চার্জ কিংবা পরিচয়পত্রের ফির নামে অতিরিক্ত অর্থ আদায়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ফলে শুধু পুনঃভর্তি ফি নিষিদ্ধ করলেই চলবে না, সব ধরনের ফি আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের সমন্বিত নজরদারি জরুরি। প্রতিটি প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ, অভিভাবকদের অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা এবং নিয়মিত পরিদর্শনের উদ্যোগ নিতে হবে। অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে, শিক্ষার ব্যয় যেন কোনো শিশুর শিক্ষাজীবনের পথে বাধা হয়ে না দাঁড়ায়। সরকার নির্ধারিত নীতিমালা কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে মাঠপর্যায়ে বাস্তবায়ন করতে হবে। শিক্ষা নিয়ে বাণিজ্য বন্ধে সরকারের কঠোর অবস্থানের প্রতিফলনই প্রত্যাশিত।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নাশকতা-সহিংসতা মোকাবিলা

নাশকতা-সহিংসতা মোকাবিলা

স্কুলে পুনঃভর্তি ফি নিষিদ্ধ

স্কুলে পুনঃভর্তি ফি নিষিদ্ধ

নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব

নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব

পারমাণবিক যুগে বাংলাদেশ

পারমাণবিক যুগে বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম