পারমাণবিক যুগে বাংলাদেশ
সাফল্যের হাতছানি ও আগামীর চ্যালেঞ্জ
সম্পাদকীয়
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের জ্বালানি ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মধ্য দিয়ে। প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে আত্মপ্রকাশ করল। এই অর্জন নিঃসন্দেহে গোটা জাতির জন্য খুবই আনন্দের ও গর্বের।
রূপপুর প্রকল্পের দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে এ কেন্দ্রটি যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তবে প্রাথমিক এই সাফল্যে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই; বরং সামনে রয়েছে বেশকিছু বাস্তবসম্মত চ্যালেঞ্জ। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্যমতে, পূর্ণাঙ্গ ও বাণিজ্যিক উৎপাদনে যেতে আরও প্রায় ১০ মাস সময় লাগবে। এই দীর্ঘ সময়ে টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার নিবিড় পরীক্ষা-নিরীক্ষা চলবে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) ধাপে ধাপে অনুমোদন সাপেক্ষেই চূড়ান্ত উৎপাদনে যাওয়া সম্ভব হবে। ফলে আসন্ন গ্রীষ্মে এই কেন্দ্র থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া নিয়ে যে অনিশ্চয়তা রয়েছে, তা মাথায় রেখেই বিদ্যুৎ বিভাগকে বিকল্প পরিকল্পনা সাজাতে হবে।
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন অন্য যে কোনো বিদ্যুৎকেন্দ্রের তুলনায় অনেক বেশি স্পর্শকাতর ও দায়িত্বপূর্ণ বিষয়। এ কারণে এই বিদ্যুৎকেন্দ্র পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত এর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ। সামান্যতম কারিগরি ত্রুটিও যাতে বড় কোনো বিপর্যয় ডেকে না আনে, সেজন্য আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে প্রতিটি ধাপের পরীক্ষা-নিরীক্ষা অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে হবে। পাশাপাশি, প্রকল্পের মেয়াদ বাড়ার কারণে ডলারের বিনিময় হারজনিত যে বাড়তি ২৬ হাজার কোটি টাকা ব্যয় যুক্ত হয়েছে এবং সর্বমোট ব্যয় ১ লাখ ৩৮ হাজার কোটি টাকা ছাড়িয়েছে, তার সর্বোচ্চ অর্থনৈতিক সুফল নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে মনে রাখতে হবে, রূপপুর কোনো একক সমাধান নয়। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গ্যাস, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ও জ্বালানি দক্ষতাকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। পারমাণবিক বিদ্যুৎ সেই বৃহত্তর কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ মাত্র।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় এক অপ্রতিরোধ্য শক্তির উৎস হয়ে উঠবে-এমনটাই আমাদের প্রত্যাশা।
