অস্তিত্ব সংকটে উত্তরাঞ্চলের নদনদী
দ্রুত উদ্যোগ প্রয়োজন
সম্পাদকীয়
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নদীমাতৃক বাংলাদেশের উত্তরাঞ্চলের নদনদীগুলো ক্রমেই অস্তিত্ব সংকটে পড়ছে। রংপুর বিভাগের আট জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ৪৫টি নদনদীর নাব্য কমে গেছে এবং বিস্তীর্ণ অঞ্চলে জেগে উঠেছে চর। বিষয়টি উদ্বেগজনক। নদনদীতে পানি না থাকায় ইতোমধ্যে ছয় শতাধিক ঘাট বন্ধ হয়ে গেছে। এর ফলে শুধু নৌপথের যোগাযোগব্যবস্থাই বিপর্যস্ত হচ্ছে না, নদীনির্ভর হাজার হাজার মানুষের জীবন-জীবিকা পড়েছে হুমকির মুখে। ফলে জেলে ও মাঝিরা পেশা বদল করতে বাধ্য হচ্ছেন। কেউ রিকশাভ্যান চালাচ্ছেন, কেউ জীবিকার সন্ধানে হচ্ছেন শহরমুখী। এ পরিস্থিতি কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই।
নদীর নাব্য কমে যাওয়ার মূল কারণ উজানে ভারতের একতরফা পানি প্রত্যাহার। এছাড়া পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়া এবং নিয়মিত খনন না করাও এ পরিস্থিতির জন্য দায়ী। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, করতোয়া ও মহানন্দার মতো গুরুত্বপূর্ণ নদীগুলোর দুরবস্থা এ অঞ্চলের সামগ্রিক পরিবেশ ও অর্থনীতির জন্য অশনিসংকেত। নদীর পানি কমে গেলে সেচব্যবস্থা, কৃষি উৎপাদন, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ে। পাশাপাশি নৌপথ বন্ধ হওয়ায় পণ্য পরিবহণ ব্যয় বাড়ে, ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় অর্থনীতি।
এ সংকট মোকাবিলায় সরকারের পরিকল্পনা ও উদ্যোগের কথা জানা গেলেও তা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি জরুরি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি অন্যান্য নদনদীর নাব্য পুনরুদ্ধারেও সমন্বিত কর্মসূচি নিতে হবে। নিয়মিত খনন করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে, দখল ও দূষণ বন্ধে এবং নদীর গতিপথ সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে সবচেয়ে যা জরুরি তা হলো, নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা জোরদার করা। অভিন্ন নদীর পানিবণ্টন সমস্যার সমাধান ছাড়া বাংলাদেশের নদীগুলোকে দীর্ঘমেয়াদে বাঁচিয়ে রাখা কঠিন।
একই সঙ্গে নদীনির্ভর জনগোষ্ঠীর জীবিকা রক্ষায় বিশেষ সহায়তা কর্মসূচি গ্রহণ করতে হবে। কর্মহীন জেলে ও মাঝিদের বিকল্প কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা দেওয়া প্রয়োজন। মনে রাখতে হবে, নদী কেবল পানির প্রবাহ নয়; এটি একটি অঞ্চলের অর্থনীতি, পরিবেশ ও জনজীবনের অবিচ্ছেদ্য অংশ। নদী না থাকলে হারিয়ে যাবে কৃষি, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন-জীবিকার ভিত্তি। তাই রংপুর বিভাগের নদনদীগুলো রক্ষায় আর কালক্ষেপণ নয়; বিজ্ঞানভিত্তিক ও সময়োপযোগী কার্যকর উদ্যোগ নিতে হবে দ্রুত।
