Logo
Logo
×

Advertisement

সম্পাদকীয়

সরকারকে ব্যর্থ প্রমাণের ষড়যন্ত্র

ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সরকারকে ব্যর্থ প্রমাণের ষড়যন্ত্র

Advertisement

সরকারকে ব্যর্থ প্রমাণে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে জানা গেছে। মঙ্গলবার যুগান্তরের খবরে প্রকাশ-জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে নানা পন্থায় দেশকে অস্থিতিশীল এবং সরকারকে ব্যর্থ প্রমাণ করার এক গভীর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশের ভেতর ও বাইরের নানামুখী শক্তির ইন্ধনে সৃষ্ট এই অস্থিরতা শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যই নয়, রাষ্ট্রের গণতান্ত্রিক অভিযাত্রার জন্যও একটি বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে শ্রমিক আন্দোলন, গোপালগঞ্জে আওয়ামী লীগের কর্মসূচির নামে তাণ্ডব এবং নিষিদ্ধ ছাত্রলীগের নানামুখী নাশকতামূলক তৎপরতার বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও সুশাসন-কর্মীদের পর্যবেক্ষণ বলছে, এর পেছনে রয়েছে সুসংগঠিত চেষ্টা, যার লক্ষ্য সরকারকে ব্যর্থ প্রতিপন্ন করা এবং জুলাই গণ-অভ্যুত্থানের অর্জনকে প্রশ্নবিদ্ধ করা।

এদিকে বর্তমান সরকার এ পরিস্থিতিতে এক ধরনের উভয়সংকটে পড়েছে। একদিকে কঠোর অবস্থান নিলে মানবাধিকার লঙ্ঘন এবং দমন-পীড়নের অভিযোগ ওঠার আশঙ্কা থাকে, অন্যদিকে নমনীয়তা প্রদর্শন করলে প্রশাসনিক নিয়ন্ত্রণ ও জনগণের আস্থা ক্ষুণ্ন হতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, এই দ্বিমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে একদিকে যেমন কঠোর হাতে আইন লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনতে হবে, অন্যদিকে প্রশাসনে ঘাপটি মেরে থাকা সুবিধাভোগীদের দ্রুত চিহ্নিত করে অপসারণের ব্যবস্থা করতে হবে। অন্যথায় এ ষড়যন্ত্রের পরিধি আরও বিস্তার লাভ করতে পারে এবং জনগণের মধ্যে তৈরি হতে পারে দীর্ঘস্থায়ী আস্থার সংকট, যা কোনোভাবেই কাম্য নয়।

বিশেষজ্ঞদের মতে, জুলাই গণ-অভ্যুত্থানের কাঙ্ক্ষিত সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন না হলে এমন বহুমুখী সংকট মোকাবিলা করা আরও কঠিন হয়ে পড়বে; বিশেষ করে বিগত ১৭ বছরের জঞ্জাল ও প্রশাসনিক অদক্ষতা দূর না করে শুধু আলোচনার মাধ্যমে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা অর্জন করা সম্ভব নয়। আমরাও মনে করি, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশের অগ্রযাত্রার স্বার্থে সমমনা গণতান্ত্রিক দলগুলোর মধ্যে পারস্পরিক ঐক্য এবং দৃঢ় রাজনৈতিক অবস্থান অত্যন্ত জরুরি। কারণ বিচ্ছিন্নভাবে বা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে না উঠে অপশক্তিকে প্রতিরোধ করা সম্ভব নয়। পাশাপাশি, বিদেশি শক্তির মদদে পরিচালিত যে কোনো নাশকতার বিরুদ্ধে দেশবাসীকে সদাসতর্ক থাকতে হবে। জনগণের মাঝে সরকারের কল্যাণমূলক কাজের সুফল পৌঁছে দেওয়ার পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বকে আরও বেশি গণমুখী, স্বচ্ছ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বর্তমান পরিস্থিতিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সরকারের নীতিনির্ধারক ও আইনশৃঙ্খলা বাহিনীকে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তা মোকাবিলা করতে হবে। শুধু মুখের কথায় বা নির্দিষ্ট কিছু নেতার ওপর ভরসা না রেখে সামগ্রিক প্রশাসনিক শৃঙ্খলার ওপর জোর দিতে হবে। জুলাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত এই রাষ্ট্রীয় পরিবর্তনকে নস্যাৎ করার যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর আন্তরিক ঐক্যই হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার। আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর শাস্তি এবং জনগণের মৌলিক অধিকারের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই কেবল একটি স্থায়ী গণতান্ত্রিক ও স্থিতিশীল ধারায় এগিয়ে যেতে পারে দেশ। অন্যথায় সামান্য উদাসীনতা সমগ্র জাতিকে আবারও এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সরকারকে ব্যর্থ প্রমাণের ষড়যন্ত্র

সরকারকে ব্যর্থ প্রমাণের ষড়যন্ত্র

অস্তিত্ব সংকটে উত্তরাঞ্চলের নদনদী

অস্তিত্ব সংকটে উত্তরাঞ্চলের নদনদী

গোপালগঞ্জে আওয়ামী তাণ্ডব

গোপালগঞ্জে আওয়ামী তাণ্ডব

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছেই

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম