নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব
সন্ত্রাস-নাশকতা বন্ধে কঠোর হোন
সম্পাদকীয়
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারের খবর প্রকাশ পাওয়ার পর মঙ্গলবার টুঙ্গিপাড়া থানা এবং স্থানীয় সংসদ-সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জানা যায়, গ্রেফতার হওয়া নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মসজিদে মাইকিং করে লোক জড়ো করে এবং থানায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। শুধু থানা নয়, পুলিশ মেস ও বিভিন্ন স্থাপনাতেও অগ্নিসংযোগ করে তারা। এর চেয়েও মর্মান্তিক ঘটনা ঘটেছে ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার রাতে। সেখানে আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষকদল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাস, পুলিশ বক্স, পাসপোর্ট অফিস, গ্রামীণ ব্যাংক ও রাজনৈতিক কার্যালয়ে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এর আগে শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গোপালগঞ্জে লগি-বৈঠা, রামদা, চাইনিজ কুড়াল ও বল্লমের মতো দেশি অস্ত্র নিয়ে জেলা শহর ও টুঙ্গিপাড়ায় তাণ্ডব চালিয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে সরকার জরুরি ভিত্তিতে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলি করে এবং বিজিবি মোতায়েন করে। তা সত্ত্বেও আবারও এমন ঘটনা কীভাবে ঘটল, সেটাই প্রশ্ন। এক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর বা দুর্বলতাটা কোথায়, গোয়েন্দা তথ্যের কোনো ঘাটতি ছিল কিনা, সেসব চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরি।
দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা জননিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। আমরা মনে করি, পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। দেশে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। হামলার পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতায় উসকানিদাতাদেরও তদন্তের আওতায় আনতে হবে। একইসঙ্গে থানাসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, গণপরিবহণ ও জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদার করতে হবে। উদ্ধার হওয়া বিস্ফোরক ও অবৈধ অস্ত্রের উৎস অনুসন্ধান করাও জরুরি। তবে আইন প্রয়োগের নামে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে। গ্রেফতার ও তদন্ত হতে হবে আইনসম্মত, স্বচ্ছ ও প্রমাণনির্ভর।
শুধু দেশের ভেতরেই নয়, যুক্তরাজ্যে সোমবার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনাস্থলে হামলা চালিয়েছে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এর আগে বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং অভিনেত্রী আজমেরী হক বাঁধনও বিদেশের মাটিতে হেনস্তার শিকার হয়েছিলেন। এসব ঘটনা শুধু সম্মানিত ব্যক্তির ওপর আঘাত নয়; বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদাকে ক্ষুণ্ন করারও নামান্তর। সংশ্লিষ্ট দেশগুলোয় অবস্থিত বাংলাদেশ মিশনের উচিত সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া।
দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে যে কোনো উপায়ে। রাষ্ট্রের আইন ও জননিরাপত্তার প্রশ্নে আপসের সুযোগ নেই।
