অবহেলায় জেলেদের জীবন, জীবন ও জীবিকার নিরাপত্তার পদক্ষেপ কাম্য
সম্পাদকীয়
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের জিডিপিতে মৎস্য খাতের অবদান ২ দশমিক ৫৮ শতাংশ হলেও এ খাতের কোটি মানুষের জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং তা এক অনিশ্চয়তার আবর্তে ঘুরপাক খাচ্ছে। শনিবার যুগান্তরের প্রতিবেদনে উঠে এসেছে, সাগরে ট্রলারডুবিতে নিঃস্ব হওয়া জেলেদের দুর্দশার মূল কারণ প্রাতিষ্ঠানিক আর্থিক নিরাপত্তা ও সুরক্ষার সম্পূর্ণ অনুপস্থিতি।
লাখ লাখ টাকা খরচ করে কুটিরশিল্প বা বাণিজ্যিক ভিত্তিতে ট্রলার বানিয়ে সাগরে নামলেও ব্যাংক ঋণ, ট্রলার-জালের বিমা কিংবা সরকারি প্রণোদনা থেকে এই খাতটি সম্পূর্ণ বঞ্চিত। বলা বাহুল্য, পরিবহণ ও অন্যান্য শিল্পে ভর্তুকি ও বিশেষ ঋণের ব্যবস্থা থাকলেও মৎস্য খাতের প্রতি এই দীর্ঘদিনের বৈষম্য জাতীয় অর্থনীতির জন্য আত্মঘাতীর মতো।
জানা যায়, নৌপরিবহণ মন্ত্রণালয় থেকে উচ্চমূল্যে নিবন্ধন ও নবায়ন ফি প্রদান করা সত্ত্বেও জেলেরা কোনো ধরনের প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা পান না। এদিকে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্পষ্ট বক্তব্য হলো, এ খাতে ঋণ বিতরণের কোনো নীতিমালা বা নির্দেশনা নেই। ফলে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে সাগরে ট্রলার তলিয়ে গেলে সর্বস্ব হারিয়ে জেলে পরিবারগুলো দেনার দায়ে এলাকা ছাড়তে বাধ্য হয়। আবার সরকারের পক্ষ থেকে কেবল নিষেধাজ্ঞার সময়ে সীমিত পরিসরে ২০ কেজি চাল বরাদ্দ দেওয়া হলেও স্থায়ী পুনর্বাসন কিংবা ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই।
এ সংকট উত্তরণে সরকারের নীতিনির্ধারক মহলের অবিলম্বে কার্যকর ও সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করি আমরা। প্রথমত, বাংলাদেশ ব্যাংক ও রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে মৎস্য খাতকে প্রাতিষ্ঠানিক ঋণের আওতায় আনতে হবে, যাতে সহজ শর্তে ট্রলার নির্মাণ ও জাল কেনার পুঁজি পাওয়া যায়। দ্বিতীয়ত, রাষ্ট্রীয় বা বেসরকারি সাধারণ বিমা করপোরেশনের তত্ত্বাবধানে ট্রলার ও জালের জন্য একটি বিশেষ বিমা পলিসি চালু করা অত্যন্ত বাঞ্ছনীয়, যার মাধ্যমে দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। তৃতীয়ত, নিবন্ধিত জেলেদের সহজ শর্তে আর্থিক সহায়তা ও বিশেষ প্রণোদনা দিতে হবে। সম্প্রতি সরকারের পক্ষ থেকে জেলে ব্যাংক প্রতিষ্ঠার যে চিন্তাভাবনা শুরু হয়েছে, তার দ্রুত ও বাস্তবসম্মত রূপায়ণ ঘটাতে হবে। মনে রাখতে হবে, উপকূলের এই পরিশ্রমী গোষ্ঠীর জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে পারলে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও দৃঢ় হবে।
