আইসিজের ঐতিহাসিক রায়
রোহিঙ্গা গণহত্যায় জড়িতদের শাস্তি হোক
সম্পাদকীয়
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
২০১৭ সালে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর গণহত্যা সংঘটিত হওয়ার সত্যতা প্রতিষ্ঠিত হলো। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ে মিয়ানমার কর্তৃক দেশটির রাখাইন রাজ্যে ২০১৭ সালে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর গণহত্যা সংঘটিত হওয়ার সত্যতা প্রতিষ্ঠিত হলো। এ রায় নিঃসন্দেহে বিশ্ব মানবতা ও ন্যায়বিচারের ক্ষেত্রে একটি মাইলফলক। বিগত ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে আইসিজের পক্ষ থেকে গণহত্যার দায়ে দণ্ডিত করা হলো, যা নাৎসি হলোকাস্টের পর আন্তর্জাতিক বিচারব্যবস্থার সবচেয়ে বড় রায়গুলোর একটি। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার দীর্ঘ আইনি লড়াই এবং জাতিসংঘের সর্বোচ্চ আদালতের এই রায় প্রমাণ করেছে, রাষ্ট্রীয় দমনপীড়ন ও নৃশংসতা কোনোভাবেই বিচারহীনতার আড়ালে ঢাকা থাকতে পারে না। সে সময় থেকে দীর্ঘ নয় বছর ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত নির্যাতিত রোহিঙ্গাদের জন্য এই রায় বহু প্রতীক্ষিত এক সান্ত্বনা। একই সঙ্গে, বাংলাদেশ শুরু থেকে আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা সংকটের যে জোরালো ও সত্যনিষ্ঠ চিত্র তুলে ধরে আসছিল, সেক্ষেত্রে এটি এক নৈতিক বিজয়।
রায়ে বিচারকরা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা এবং দেশত্যাগে বাধ্য করার মাধ্যমে জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে। গাজার গণহত্যায় ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে চলমান মামলার ক্ষেত্রেও এই রায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। কিন্তু প্রশ্ন হলো, মিয়ানমারের বর্তমান সামরিক জান্তাসহ রাখাইনে বর্তমানে যাদের প্রকৃত নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব রয়েছে, তারা এই রায় মেনে নেবে কিনা।
উল্লেখ্য, এই ঐতিহাসিক রায়ের আইনি ও কূটনৈতিক গুরুত্ব অপরিসীম হলেও এর ব্যবহারিক ও বাস্তবায়ন প্রক্রিয়ায় বেশকিছু জটিলতাও রয়েছে। এছাড়া রাষ্ট্র হিসাবে মিয়ানমার কাঠামোগতভাবে দণ্ডিত হলেও অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও জান্তার অসহযোগিতার কারণে এই রায়ের ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া রাতারাতি ত্বরান্বিত হবে-এমন আশাবাদ ব্যক্ত করার সুযোগ কম। এ বাস্তবতায় আন্তর্জাতিক সম্প্রদায় ও বাংলাদেশকে অত্যন্ত কৌশলী ও দৃঢ় কূটনৈতিক পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে বলে মনে করি আমরা। সেক্ষেত্রে এ রায়কে হাতিয়ার বানিয়ে রোহিঙ্গা সংকটকে যেন বৈশ্বিক আলোচনার কেন্দ্র থেকে হারিয়ে যেতে না দেওয়া হয়, সে বিষয়ে সর্বদা সজাগ থাকতে হবে। বিশ্ব নেতৃত্ব এবং মানবাধিকার সংস্থাগুলোর ওপর চাপ সৃষ্টি করতে হবে, যাতে তারা মিয়ানমার সরকারের ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা কঠোর করে। পাশাপাশি, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং অন্যান্য বৈশ্বিক ফোরামের মাধ্যমে গণহত্যায় সরাসরি জড়িত সামরিক কর্মকর্তাদের ব্যক্তিগত জবাবদিহি ও বিচার নিশ্চিত করার প্রক্রিয়া আরও ত্বরান্বিত করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কক্সবাজারের আশ্রয় শিবিরগুলোতে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপনকারী ১২ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের স্থায়ী পরিবেশ তৈরিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে। ন্যায়বিচারের এই ঐতিহাসিক স্বীকৃতি তখনই পূর্ণতা পাবে, যখন বাস্তুচ্যুত রোহিঙ্গারা তাদের নিজেদের ভিটেমাটিতে ফিরে যাওয়ার সুনির্দিষ্ট অধিকার ফিরে পাবে।
