‘অন্যায্য’ বলে রায় প্রত্যাখ্যান মিয়ানমারের
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ঐতিহাসিক রায়ে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে। তবে জাতিসংঘের সর্বোচ্চ এ আদালতের সিদ্ধান্তকে ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার। শুক্রবার দেশটির রাজধানী নেপিদোতে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের মুখপাত্র খেন খেন সোয়ে এমন মন্তব্য করেন। খবর এপি ও ইরাবতির।
মুখপাত্র খেন খেন সোয়ে বলেন, বৃহস্পতিবার আইসিজের দেওয়া রায়ে ১৫ বিচারকের মধ্যে ৯ জন মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের পক্ষে এবং ৬ জন বিপক্ষে মত দিয়েছেন।
আইসিজের রায়ে বলেছে, ২০১৭ সালে দেশটির সেনাবাহিনীর নৃশংস অভিযানে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছিল। আইসিজের প্রেসিডেন্ট বলেন, মিয়ানমারের সেনাবাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে। নারীদের বিরুদ্ধে ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে। শিশুদের বিরুদ্ধেও নৃশংসতা চালানো হয়েছে।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে খেন খেন সোয়ে বলেন, ‘১৫ জন বিচারকের সবাই এ সিদ্ধান্তের সঙ্গে একমত হননি। তাই এটি সর্বসম্মত সিদ্ধান্ত ছিল না। আমি বলব-এটি অন্যায্য।’
শুরু থেকেই মিয়ানমার সরকার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি-২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে সামরিক অভিযান চালানো হয়েছিল বিদ্রোহীদের বিরুদ্ধে।
খেন খেন সোয়ে দাবি করেন, ‘আদালতে উত্থাপিত সব প্রশ্নের জবাব দিতে মিয়ানমার সর্বাত্মক চেষ্টা করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিজেদের বাধ্যবাধকতা পূরণ ও সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ চেষ্টা করেছে নেপিদো।’
মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ২০১৭ সালের ওই সামরিক অভিযানের সময় দেশটির সেনাপ্রধান ও অভিযানের দায়িত্বে ছিলেন। আদালত বলেছে, প্রমাণে দেখা গেছে, মিয়ানমারের সেনারা প্রায় ১ লাখ রোহিঙ্গাকে হত্যা করেছে।
তবে হেগভিত্তিক আদালতের দেওয়া নির্দেশনা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি খেন খেন সোয়ে। আদালত মিয়ানমারের সরকারকে রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরতে দেওয়ার, ক্ষতিপূরণ দেওয়ার এবং গণহত্যায় জড়িতদের বিচার করার নির্দেশ দিয়েছে।
প্রেসিডেন্টের এই মুখপাত্র বলেছেন, আদালতের রায় ও বিচারকদের মতামত ৩০০ পৃষ্ঠার বেশি। এগুলো পর্যালোচনা করতে হবে। যেহেতু এগুলো আইনি নথি, তাই আমাদের সময় নিয়ে সতর্কতার সঙ্গে সেগুলো পর্যালোচনা করতে হবে।
