গণহত্যার রায়ের পর মিয়ানমারের সামরিক কর্মকর্তাকে বহিষ্কার করল যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০২:১২ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রোহিঙ্গা গণহত্যার ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এর অংশ হিসেবে যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে এসব পদক্ষেপের কথা জানান।
তিনি বলেন, আইসিজের রায়ের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে আগে থেকে কার্যকর থাকা নিষেধাজ্ঞার পাশাপাশি দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আদালতের রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করা হচ্ছে।
এ ছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে বিষয়টি জানানো হবে। দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আগামী কয়েক দিনের মধ্যে আরও পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান মিলিব্যান্ড।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর ভয়াবহ আচরণের নিন্দা জানায় যুক্তরাজ্য। এসব অপরাধের বিচার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে ব্রিটিশ সরকার পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, আইসিজে এবং আন্তর্জাতিক আইনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে। আদালতের রায় মেনে চলতে হবে মিয়ানমারকে। রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
মিলিব্যান্ডের ভাষায়, আদালতের এই রায় থেকে স্পষ্ট বার্তা দিতে হবে যে, এ ধরনের গুরুতর অপরাধ করেও কেউ দায়মুক্তি পেতে পারে না।
এর আগে বৃহস্পতিবার আইসিজে ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক অভিযানের সময় রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার দায়ে দেশটিকে দায়ী করে রায় দেয়। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করা হলো।
আদালত একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। আইসিজের এই রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য।

