সন্ত্রাস ও নাশকতা, ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা জরুরি
সম্পাদকীয়
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গত এক সপ্তাহের বেশি সময় ধরে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়াসহ দেশের বিভিন্ন জায়গায় আগুন জ্বালানো, ভাঙচুর আর নাশকতার যে ঘটনাগুলো ঘটেছে, তা মানুষের মনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি আর ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে এসব সহিংসতা ঘটানো হলেও শুক্রবার থেকে তা কিছুটা কমে আসায় স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে।
তবু প্রশ্ন থেকে যায়-এতসব ক্ষয়ক্ষতি আর ভোগান্তি সৃষ্টির বিনিময়ে আসলে কী পেল তারা? যে দল একসময় রাজনৈতিক প্রতিপক্ষকে আগুন-সন্ত্রাসী বলে চিহ্নিত করত, আজ তারাই যখন একই পথে হাঁটে, তখন প্রশ্ন ওঠে-এই কৌশল থেকে তারা আসলে কী অর্জন করতে চায়? ইতিহাস সাক্ষী, জনগণের সমর্থন আদায়ের চেষ্টার বদলে সহিংসতার আশ্রয় নিলে তা উলটো ফল দেয়, মানুষকে আরও দূরে সরিয়ে দেয়।
প্রকৃত রাজনৈতিক শক্তি আসলে গড়ে ওঠে মানুষের ভালোবাসা আর আস্থা থেকে, ভয় বা আগুন থেকে নয়। একজন প্রাজ্ঞ রাজনৈতিক চিন্তাবিদের মতে, সহিংসতা দিয়ে ক্ষমতা ভাঙা যায়; কিন্তু গড়া যায় না। আমাদের নিজেদের ইতিহাসও তা-ই বলে। ২০১৪ সালের পর থেকে আওয়ামী লীগবিরোধী আন্দোলনে বহু কষ্টের ঘটনা ঘটলেও তৎকালীন সরকারের পতন এসেছিল তখনই, যখন সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী, পেশাজীবী-সমাজের প্রতিটি স্তরের মানুষ একসঙ্গে রাস্তায় নেমে এসেছিল। বিশ্লেষকদের পর্যবেক্ষণ বলছে, আজ সেরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি; বরং সাম্প্রতিক নাশকতায় মানুষ ভয় পেয়েছে, বিরক্ত হয়েছে। যে দলটি কিছুদিন আগে নিজেদের অতীতের জন্য মানুষের কাছে ক্ষমা চেয়ে নতুন করে রাজনীতি শুরু করতে পারত, তারা সেই সুযোগ হাতছাড়া করে আবার পুরোনো পথেই হাঁটছে।
সরকারের প্রতিক্রিয়ার একটি প্রশংসনীয় দিক হলো, বিএনপির কয়েকজন নেতাকর্মী নিহত হওয়ার মতো বেদনাদায়ক পরিস্থিতিতেও সরকার মাথা ঠাণ্ডা রেখেছে, অতিরিক্ত প্রতিক্রিয়ার ফাঁদে পা দেয়নি। এই ধৈর্য প্রশংসার দাবি রাখে, কারণ ক্ষোভের মুহূর্তে কঠোরতা বাড়ালে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারত, আর তার মাশুল দিতে হতো সাধারণ মানুষকেই। তবে নাশকতার জবাবে কিছু জায়গায় আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘরে যে আগুন লাগানো বা ভাঙচুর করা হয়েছে, তা মোটেও কাম্য নয়।
বিদ্যমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকারের উচিত আইনশৃঙ্খলা রক্ষায় আরও মনোযোগী হওয়া, যাতে কোনো পক্ষই প্রতিশোধের নামে সহিংসতায় না জড়ায়। পাশাপাশি জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য ধরে রাখাও জরুরি, কারণ বিশ্লেষকরা মনে করেন-একতাবদ্ধ সমাজই কেবল নাশকতার রাজনীতি রুখে দিতে পারে। দেশ এমনিতেই অর্থনৈতিক টানাপোড়েনে আছে, দীর্ঘ অস্থিরতা সেই কষ্ট আরও বাড়াবে, আর এর বোঝা গিয়ে পড়বে সবার ঘাড়েই। তাই এখন সবচেয়ে বেশি দরকার মানুষের পাশে দাঁড়ানো, তাদের কথা শোনা, তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া, আর সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা। রাজনীতি যেন মানুষের জন্য স্বস্তি বয়ে আনে, ভয় নয়-এটাই প্রত্যাশা।
