পোশাকশিল্পে অব্যাহত অস্থিরতা
নেপথ্য ইন্ধনদাতাদের চিহ্নিত করা জরুরি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তৈরি পোশাক শ্রমিকদের মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার পরও দেশের প্রধান এ রপ্তানি খাতে বিক্ষোভ ও অরাজকতা না থামার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। গাজীপুর, শ্রীপুর, ভালুকা, নারায়ণগঞ্জ ও সাভারের শিল্পাঞ্চলগুলোতে যেভাবে কারখানা ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং মহাসড়ক অবরোধের ঘটনা ঘটছে, তা কোনোভাবেই সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন হতে পারে না। খোদ শ্রমিকনেতা ও মালিকপক্ষের বক্তব্যেই স্পষ্ট হয়ে উঠেছে যে, এই সহিংসতার নেপথ্যে সক্রিয় রয়েছে একটি স্বার্থান্বেষী তৃতীয়পক্ষ এবং রাজনৈতিক মদদপুষ্ট অসাধু চক্র। দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার এই গভীর ষড়যন্ত্র রুখতে এখনই কঠোর পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য।
বলার অপেক্ষা রাখে না, সাধারণ শ্রমিকরা কখনোই নিজের রুটি-রুজির উৎস, অর্থাৎ কারখানা ধ্বংস করতে পারেন না। কাজেই যেসব কারখানায় বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিয়মিত এবং তুলনামূলক ভালো, সেখানেও বহিরাগতদের হামলা চালানো প্রমাণ করে, এটি একটি সুপরিকল্পিত নাশকতা। অভিযোগ আছে, পূর্ববর্তী রাজনৈতিক সরকারের সুবিধাভোগী কিছু নামসর্বস্ব শ্রমিক সংগঠন এবং আধিপত্যকামী স্থানীয় একটি গোষ্ঠী গুজব ছড়িয়ে সাধারণ শ্রমিকদের বিভ্রান্ত করছে। এমনকি কাজে যোগ দিতে ইচ্ছুক সাধারণ শ্রমিকদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে কারখানা বন্ধ রাখতে বাধ্য করা হচ্ছে। ফলে একদিনে অর্ধশতাধিক কারখানা বন্ধ হয়ে যাওয়া কেবল মালিকদের নয়, বরং হাজার হাজার শ্রমিকের জীবিকাসহ জাতীয় অর্থনীতির জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এমন সংবেদনশীল পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। সংশ্লিষ্টরা মনে করছেন, নাশকতাকারীদের শুরুতেই চিহ্নিত করে আইনের আওতায় আনতে না পারায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। আমরা মনে করি, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ধরে রাখতে এবং রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়া ঠেকাতে শিল্পাঞ্চলে শান্তি ফেরানোর কোনো বিকল্প নেই। সরকার ও প্রশাসনকে মনে রাখতে হবে, উসকানিদাতা ও অর্থ জোগানদাতাদের প্রতি নমনীয়তা দেখানোর কোনো সুযোগ নেই। অবিলম্বে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে নাশকতার নেপথ্যের কারিগরদের গ্রেফতার করতে হবে। একইসঙ্গে সাধারণ শ্রমিকদের আস্থায় আনতে তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মালিকপক্ষকেও নতুন মজুরি কাঠামো নির্ধারিত সময়ে বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে, বাঁচবে দেশ-এই সত্য অনুধাবন করে সম্মিলিতভাবে অশুভ শক্তিকে প্রতিরোধে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করতে হবে।
