Logo
Logo
×

Advertisement

সম্পাদকীয়

মালয়েশিয়ায় কর্মী প্রেরণ

অভিবাসন খাতে স্বচ্ছতা ও দক্ষতা অপরিহার্য

Icon

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দীর্ঘ আড়াই বছরের অচলাবস্থা কাটিয়ে অবশেষে বৃহস্পতিবার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার মালয়েশিয়ায় পুনরায় কর্মী প্রেরণ শুরু হয়েছে। তবে এবারের যাত্রাটি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভিন্ন ও তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে ১১২ জন বাংলাদেশি কর্মীর মালয়েশিয়া যাত্রার মধ্য দিয়ে দেশের জনশক্তি রপ্তানি খাতে এক নতুন ও ইতিবাচক অধ্যায়ের সূচনা হলো। এছাড়া পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কর্মীকে বিনা খরচে দেশটিতে পাঠানোর এ সরকারি উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং দেশের সামগ্রিক অর্থনীতির জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজারে দীর্ঘকাল ধরে উচ্চ অভিবাসন ব্যয়, দালালচক্রের দৌরাত্ম্য ও অনিয়ম এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। বলার অপেক্ষা রাখে না, ভিটেমাটি বিক্রি করে কিংবা চড়া সুদে ঋণ নিয়ে বিদেশে পাড়ি জমানো অসংখ্য কর্মীর উপার্জনের সিংহভাগই চলে যেত ঋণের বোঝা টানতে। অনেক ক্ষেত্রে প্রতারণার শিকার হয়ে নিঃস্ব অবস্থায় দেশে ফিরে আসার নজিরও কম নয়। এমন প্রেক্ষাপটে সরকারি সংস্থা বোয়েসেলের মাধ্যমে কোনো প্রকার অভিবাসন ব্যয় ছাড়াই কর্মী পাঠানোর এ পদক্ষেপ প্রান্তিক ও সাধারণ মানুষের জন্য এক বিশাল স্বস্তির বার্তা নিয়ে এসেছে। এতে করে কর্মীরা বিদেশের মাটিতে পা রাখার প্রথম দিন থেকেই নিজেদের উপার্জন পরিবার ও দেশের কল্যাণে কাজে লাগাতে পারবেন, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সরাসরি ভূমিকা রাখবে।

তবে এই মহতী উদ্যোগের সুফল দীর্ঘমেয়াদে ধরে রাখতে হলে এখনই কিছু বিষয়ে কঠোর নজরদারি ও সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। রিক্রুটিং প্রক্রিয়ায় যে স্বচ্ছতা শুরু হয়েছে, তা যে কোনো মূল্যে অক্ষুণ্ন রাখতে হবে। অতীতে বিভিন্ন সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বারবার হোঁচট খেয়েছে। ফলে ভবিষ্যতে কোনো অসাধু চক্র বা মধ্যস্বত্বভোগী যেন এই প্রক্রিয়ায় প্রবেশ করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তোলা এবং সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর যে ঘোষণা দিয়েছেন, তার দ্রুত ও কার্যকর বাস্তবায়ন প্রয়োজন। অদক্ষ শ্রমিকের পরিবর্তে কারিগরি ও ভাষাগত দক্ষতাসম্পন্ন জনশক্তি রপ্তানি করতে পারলে একদিকে যেমন কর্মীদের বেতন ও সামাজিক মর্যাদা বাড়বে, অন্যদিকে প্রবাসী আয়ের প্রবাহও বহুগুণে বৃদ্ধি পাবে।

এছাড়া বিদেশের মাটিতে কর্মরত বাংলাদেশি নারী ও পুরুষ কর্মীদের নিরাপত্তা, আইনি সহায়তা এবং উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে আরও সক্রিয় ও কর্মীবান্ধব ভূমিকা পালন করতে হবে। ডিসেম্বর মাসে আরও ২২৫ জন এবং পরবর্তী সময়ে চাহিদাপত্র অনুযায়ী বাকি কর্মীদের প্রেরণের প্রক্রিয়াটি যেন কোনো আমলাতান্ত্রিক জটিলতায় আটকে না যায়, সেদিকেও খেয়াল রাখা দরকার। ভুলে গেলে চলবে না, আমাদের অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রে রেমিট্যান্স যোদ্ধাদের ঘাম ও শ্রম অপরিহার্য ভূমিকা পালন করে। অভিবাসন খাতের এই ইতিবাচক পরিবর্তনকে টেকসই রূপ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করবে-এটাই প্রত্যাশা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মালয়েশিয়ায় কর্মী প্রেরণ

মালয়েশিয়ায় কর্মী প্রেরণ

পোশাকশিল্পে অব্যাহত অস্থিরতা

পোশাকশিল্পে অব্যাহত অস্থিরতা

মার্কিন শুল্কের নতুন চাপ

মার্কিন শুল্কের নতুন চাপ

মহাদুর্নীতির তথ্য উন্মোচন

মহাদুর্নীতির তথ্য উন্মোচন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম