জাতীয় রাজস্ব সম্মেলনে প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদমুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা
ডেটাভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার বিকল্প নেই * রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসাবে গড়ে তুলতে চায় সরকার * কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সচিবালয়ে মঙ্গলবার সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের বেসরকারি খাতের সিএসআর তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান -পিআইডি
|
ফলো করুন |
|
|---|---|
কর ব্যবস্থাপনা ও আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর দেবেন এবং স্বাচ্ছন্দ্যবোধ করবেন। একই করদাতার ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব টেকসই পদ্ধতি নয়। বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদের শনাক্ত করে তাদের যথাযথ নিয়মে করের আওতায় আনার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এজন্য আধুনিক ডেটাভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার বিকল্প নেই। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার অনুষ্ঠিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সব প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। নিয়মনীতি উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা দেওয়া, কারও প্রতি বিরূপ মনোভাব পোষণ করা ও রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা চালিয়ে এনবিআরকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। এনবিআর-এর ওপর মানুষের আস্থা বিনষ্টের অন্যতম কারণ ছিল এসব বিষয়। তবে ফ্যাসিবাদমুক্ত দেশে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, সংসদ-সদস্য হাসনাত আবদুল্লাহ, শাহাদাত হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ভ্যাট আধুনিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ রাজস্ব উৎস। তবে ভ্যাট ব্যবস্থাপনার সফলতা নির্ভর করে এর বাস্তবায়নের ওপর। ভ্যাট প্রশাসনের জটিলতার কারণে যাতে ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, তাও নিশ্চিত করতে হবে। তিনি বলেন, কাস্টমস, ভ্যাট কিংবা ট্যাক্স আদায় জোর-জুলুমের বিষয় নয়। রাজস্ব ব্যবস্থাপনার ওপর করদাতাদের বিশ্বাস ও আস্থার সম্পর্ক তৈরি হলে রাজস্ব আহরণ অনেক সহজ হয়। তাই দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে এমনভাবে গড়ে তোলা প্রয়োজন, যাতে মানুষ এই প্রতিষ্ঠানকে ভয় না পেয়ে বিশ্বাস করে। রাজস্ব কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আশা করি দেশের স্বার্থে আপনারা এনবিআরকে জনগণের কাছে আরও বিশ্বস্ত ও আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হবেন। ব্যক্তিগত স্বার্থের চেয়ে প্রতিষ্ঠান তথা দেশের স্বার্থকে সবার আগে স্থান দেওয়া প্রয়োজন। তিনি বলেন, সরকার সবাইকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় এবং প্রত্যেক মানুষের অবদানকে সম্মানের সঙ্গে দেখে। সমস্যা আছে এবং থাকবে; তবে আলোচনার মাধ্যমে আমরা ধীরে ধীরে সেসব সমাধানের চেষ্টা করব। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে জুনের শেষ পর্যন্ত রাজস্ব আহরণের পরিমাণ ইতিবাচক ছিল বলেও যোগ করেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী বলেন, করদাতাদের প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদের অবশ্যই নিতে হবে।
বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, একের পর এক অত্যাধুনিক প্রযুক্তির বিকাশ ঘটছে, আন্তর্জাতিক বাণিজ্যের ধরন পরিবর্তিত হচ্ছে এবং ব্যবসায় নতুন নতুন মডেল তৈরি হচ্ছে। এর পাশাপাশি নানারকম চ্যালেঞ্জও দেখা দিচ্ছে। আন্তর্জাতিক কর ও রাজস্ব ব্যবস্থাপনায় এসেছে বড় পরিবর্তন। পরিবর্তিত বিশ্বের অর্থনৈতিক সমস্যা, সম্ভাবনা, সুবিধা এবং চ্যালেঞ্জ মোকাবিলায় রাজস্ব কর্মকর্তাদের বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময়ের দাবি।
তারেক রহমান বলেন, ডিজিটাল ইকোনমি, ই-কমার্স, ট্রান্সফার প্রাইসিং, ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন, ট্রেড ফাইন্যান্সিয়াল ক্রাইম, মানি লন্ডারিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ট্যাক্স-জিডিপি রেশিও সক্ষমতার তুলনায় অনেক কম এবং অর্থনীতির একটি বড় অংশ এখনো অনানুষ্ঠানিক। তাই নিয়মিত করদাতার ওপর নির্ভরতা কমাতে হবে।
এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে-অর্থমন্ত্রী : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠান গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন কাঠামোয় একটি হবে ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং অন্যটি ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’। অর্থমন্ত্রী জানান, রাজস্ব নীতি বিভাগ সরকারের ‘থিংক ট্যাংক’ হিসাবে কাজ করবে। বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই প্রতিষ্ঠান একটি ভারসাম্যপূর্ণ, প্রতিযোগিতামূলক ও উন্নয়নবান্ধব কর কাঠামো প্রণয়ন করবে। অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ হবে ‘অ্যাকশন টিম’, যা কার্যকরভাবে রাজস্ব আদায়ে কাজ করবে। তিনি বলেন, কর প্রদান প্রক্রিয়া সহজ করা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এটি আগের বছরের তুলনায় ৪৬ শতাংশ বেশি। লক্ষ্যটি উচ্চাভিলাষী হলেও তা ইচ্ছাকৃতভাবেই নির্ধারণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে রূপান্তর ঘটাতে চায়। তাই উন্নয়নের অর্থায়ন নিজেদের অভ্যন্তরীণ সম্পদ থেকেই তৈরি করতে হবে।
চা-বাগান শ্রমিকদের রেইনকোট বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর : সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা নিশ্চিত ও নিরাপদ কর্মপরিবেশ তৈরির লক্ষ্যে ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে তিনি এ কার্যক্রমের সূচনা করেন। এ সময় তিনি শ্রমিকদের সার্বিক খবরাখবর নেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বেসরকারি খাতের সিএসআর তহবিলের সহায়তায় সমাজকল্যাণ মন্ত্রণালয় এ উদ্যোগ গ্রহণ করেছে। প্রাথমিক পর্যায়ে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা-বাগানে কর্মরত শ্রমিকদের মধ্যে এ রেইনকোট বিতরণ করা হবে। বিতরণ ২০ হাজার রেইনকোটের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট দিয়েছে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ এলাকার একাধিক সংসদ-সদস্য উপস্থিত ছিলেন। বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বাপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ইউনিমেড ও ইউনিহেলথের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক হোসেন, বাপির উপদেষ্টা এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বাপির কার্যকরী সদস্য এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক সিমিন রহমান, বাপির নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম, শেভরন বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্সের পরিচালক মো. ইমরুল কবির; শেভরন বাংলাদেশের অপারেশনস পরিচালক আশিক শেহজাদ রহমান; শেভরন বাংলাদেশের হেড অব কমিউনিটি এনগেজমেন্ট একেএম আরিফ আখতার এবং পাণ্ডুঘর গ্রুপের পিপল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স চিফ গোলাম হাবিব।
