Logo
Logo
×
   

Advertisement

প্রথম পাতা

সরকারের সঙ্গে আলোচনা করে স্থানীয় নির্বাচন: সিইসি

Advertisement

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সরকারের সঙ্গে আলোচনা করে স্থানীয় নির্বাচন: সিইসি

Advertisement

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ‘সরকারের সঙ্গে আলোচনা ও পরামর্শক্রম করে আমরা সিদ্ধান্ত নেব। দিনক্ষণ আমরাই ঠিক করব। এটা এমন নয় যে, সরকার একটি তারিখ দেবে আর আমরা তা ঘোষণা করে দেব।’ সোমবার আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মকর্তাদের সঙ্গে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি একথা বলেন।

এএমএম নাসির উদ্দিন বলেন, ‘সরকার ছাড়া তো আমরা চলতে পারব না। নির্বাচনে পুলিশ লাগবে, বিজিবি লাগবে। এরা সবাই তো সরকারের লোক। শুধু নির্বাচন কমিশনের একার প্রস্তুতি নয়। যেসব বাহিনী নির্বাচনে কাজ করবে, তাদেরও প্রস্তুতি দরকার। নতুন একটি সরকার এসেছে। সুতরাং সবাই যখন প্রস্তুত হবে, তখন বোঝা যাবে নির্বাচন কমিশনও প্রস্তুত।’ তিনি বলেন, ‘আমি

শুধু আমার ঘরের মধ্যে প্রস্তুতি নিয়ে নির্বাচনে ঝাঁপ দেব-এমনটা তো নয়। সবাইকে নিয়েই আমাকে নির্বাচনে ঝাঁপ দিতে হবে। সবাইকে নিয়ে যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জন্য আমরা কার্যক্রম নিয়েছি।’

সিইসি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনই বলা যাবে না। এটা অনেক বিষয়ের ওপর নির্ভর করে। আমাদের কিছু আইন-কানুন ও বিধি-বিধান সংশোধন করতে হচ্ছে। এতে তেমন সময় লাগবে না। আমাদের তরফ থেকে কাজ করে ফেলেছি এবং মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছি। আবার কিছু নির্বাচন করার জন্য আইনে বাধ্যবাধকতাও আছে। সেই আইনি বাধ্যবাধকতা মাথায় রেখে আমরা সরকারের সঙ্গে আলোচনা করছি।’

সাম্প্রতিক পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছি। সারা দেশের অবস্থা জানতে চেয়েছি। তিনি কত সংখ্যক পুলিশ দিতে পারবেন বা পারবেন না-এসব বিষয় জানতে চেয়েছি। তাকে কিছু পরামর্শও দিয়েছি। তাদের সহযোগিতা লাগবে। বিশেষ করে পুলিশের একটি মনিটরিং সিস্টেম আছে, সেটি আমরা চেয়েছি। নির্বাচনের সময় মনিটরিংয়ের কাজে সেটি ব্যবহার করা যায় কি না, সেটিও আমরা দেখতে চাই।’ নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ জানতে চাইলে সিইসি বলেন, ‘নির্বাচন করতে গেলে অনেক কিছু বিবেচনায় নিতে হয়, যেগুলো অনেক দেশে নেই। প্রথমে দুর্গাপূজার বিষয়টি বিবেচনায় নিতে হবে। বর্ষাকালে বন্যা হয়। এরপর বার্ষিক পরীক্ষা এসে যাবে। গ্রামভিত্তিক নির্বাচন হলে স্কুলের মধ্যে নির্বাচন হবে। আবার স্কুলের শিক্ষকদের প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসাবে নিয়োগ করতে হয়। নানাবিধ কনসিডারেশন আছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আমরা একটি সিদ্ধান্ত নেব। এটা এমন নয় যে, নির্বাচন অনেক দেরি হবে। যথাসম্ভব সবকিছু বিবেচনায় নিয়ে যাতে শুরু করতে পারি, সেভাবেই আমরা ব্যবস্থা নেব।’

এএমএম নাসির উদ্দিন বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে খারাপ হবে না; বরং আরও ভালো করার চেষ্টা থাকবে। জাতীয় নির্বাচনে যে মানদণ্ড তৈরি হয়েছে, তা বজায় রেখেই সবার সহযোগিতায় স্থানীয় সরকার নির্বাচন সফলভাবে আয়োজন করা হবে।’ তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার ঝুঁকি বেশি থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি দায়িত্ব থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজন অনুযায়ী বাহিনী মোতায়েন করা হবে।’ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কবে হবে-জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ওই আসনের উপনির্বাচন ৯০ দিনের মধ্যে করতে হবে। এ সময়ের মধ্যেই এটা হয়ে যাবে। আমরা এ নিয়ে কাজ করছি।’ ওই আসনে উপনির্বাচনের জন্য স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘একটি মাত্র নির্বাচনি এলাকায় নির্বাচন হবে, এটা তো সারা দেশে নয়।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম