মিয়ানমারেই রোহিঙ্গা সংকটের সমাধান
দ্রুত প্রত্যাবাসনে স্পষ্ট রোডম্যাপসহ ৫ প্রস্তাব
জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুমে বুধবার রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের অনুষ্ঠানে বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান -পিআইডি
|
ফলো করুন |
|
|---|---|
জাতিসংঘে উচ্চপর্যায়ের ইভেন্টে প্রধানমন্ত্রী
দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বিশ্বাসযোগ্য রোডম্যাপ তৈরির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাধানও মিয়ানমারেই নিহিত। একই সঙ্গে দীর্ঘস্থায়ী এই সংকট মোকাবিলায় পাঁচ দফা সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেছেন তিনি।
বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এখন রোহিঙ্গাদের বাস্তুচ্যুতি সমস্যার অবসান ঘটানোর দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে।
প্রধানমন্ত্রীর পাঁচ দফা প্রস্তাবের প্রথমটিতে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের একটি স্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ তৈরির আহ্বান জানানো হয়েছে।
দ্বিতীয় দফায় মিয়ানমারে চলমান সহিংসতা বন্ধ এবং রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। তার মতে, প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি না হলে টেকসই সমাধানের পথে অগ্রসর হওয়া কঠিন।
তৃতীয় প্রস্তাবে রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত ও স্থিতিশীল মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। রোহিঙ্গাদের মানবিক সহায়তার পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর ওপরও যে চাপ তৈরি হয়েছে, সেটি আন্তর্জাতিক সহযোগিতার আওতায় আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
চতুর্থ প্রস্তাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর অপরাধের ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে আন্তর্জাতিক বিচারিক ও তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার কথাও বলেন তিনি।
পঞ্চম প্রস্তাবে রোহিঙ্গা সংকটকে ঘিরে বাড়তে থাকা আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়। মানব পাচার, মাদক পাচার, অনলাইন ও ডিজিটাল প্রতারণা এবং অবৈধ অস্ত্র চোরাচালানের মতো অপরাধের বিরুদ্ধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বাংলাদেশ মানবিক কারণে বছরের পর বছর বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। কিন্তু এই সংকটের স্থায়ী সমাধান বাংলাদেশের ভূখণ্ডে তাদের অনির্দিষ্টকাল রেখে দেওয়ার মধ্যে নয়; বরং নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে তাদের নিজ ভূমিতে ফেরানোর মধ্যেই নিহিত।
এর আগে মঙ্গলবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে বৈঠকেও প্রধানমন্ত্রী একই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই এবং এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
একই দিন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন ও দীর্ঘস্থায়ী সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। নিউইয়র্কে ধারাবাহিক এসব বৈঠক ও উচ্চপর্যায়ের অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে এবার মূলত তিনটি বার্তা স্পষ্ট করা হয়েছে-এক. রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য একটি কার্যকর রোডম্যাপ, দুই. মিয়ানমারে প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ সৃষ্টি এবং তিন. সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও মানবিক সহযোগিতা।
রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হওয়ায় এর প্রভাব এখন শুধু মানবিক পর্যায়ে সীমাবদ্ধ নেই। মানব পাচার, মাদক ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধের বিস্তারসহ আঞ্চলিক নিরাপত্তার ওপরও এর প্রভাব পড়ছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। ফলে সংকটের দ্রুত সমাধান বাংলাদেশের পাশাপাশি পুরো অঞ্চলের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাবের মধ্য দিয়ে বাংলাদেশ এবার শুধু মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান নয়, বরং প্রত্যাবাসনকেন্দ্রিক একটি আন্তর্জাতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার দাবি সামনে এনেছে। আজ জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তার ভাষণেও রোহিঙ্গা সংকটের এই বার্তা দেবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রত্যয় : প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের প্রথম দিন স্থানীয় সময় মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করতে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন শীর্ষ নেতৃদ্বয়। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছে ৮২১ ইউনাইটেড নেশন্স প্লাজায় অবস্থিত তুর্কি হাউজে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্টের মধ্যে এ বৈঠক হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক বৈঠক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন। এদিকে সফরের প্রথম দিন প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত বিশ্বনেতাদের নৈশভোজ। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের স্ত্রীদের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান অংশ নেন।
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব জানান, বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদার ও বহুমাত্রিক করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই নেতা। একই সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা। তিনি জানান, বৈঠকে আলোচনাকালে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। দুই নেতার মধ্যে বৈঠকে রোহিঙ্গা সংকটও গুরুত্ব পেয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গার জন্য বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এরদোগান। তিনি জানান, তুরস্ক রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখবে। আশ্রয়, শিক্ষা ও অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে এ সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি।
মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠক : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এর মধ্যে গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি), রোটারি ইন্টারন্যাশনালসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে। বৈঠকে বাংলাদেশে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, মানবিক সহায়তা ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। একই সঙ্গে বৈশ্বিক পর্যায়ে দাতব্য ও মানবিক সহযোগিতার পরিধি আরও বাড়ানো এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।
বাংলাদেশের জন্য আন্তর্জাতিক জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থাগুলোর সহযোগিতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, প্রযুক্তি, জলবায়ু সহনশীলতা ও মানবিক সংকট মোকাবিলায় এসব প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে নতুন উদ্যোগ গ্রহণের সুযোগ রয়েছে।
হাইতি ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহাম্মদ লতিফ, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিলস-এমের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী এদিন জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ, ইউএনএইচসিআর প্রধান বারহাম সালেহ এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গেও সাক্ষাৎ করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে বিশ্বনেতাদের পাশাপাশি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ী মহলের সঙ্গে যোগাযোগের সুযোগও কাজে লাগাচ্ছে বাংলাদেশ।
বারহাম সালেহর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই।’ তিনি বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। সংকটের স্থায়ী সমাধানে রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’

