ডিপি ওয়ার্ল্ডের হাতে এনসিটি
সক্ষমতা বাড়বে বলছেন বাণিজ্যমন্ত্রী চট্টগ্রামে মিশ্র প্রতিক্রিয়া
Advertisement
চট্টগ্রাম, সিলেট ও বরিশাল ব্যুরো
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরের (ডিপি ওয়ার্ল্ড) হাতে দেওয়ার চুক্তি নিয়ে সংশ্লিষ্টদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটিকে কেবল নির্দিষ্ট সময়ের জন্য সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির চুক্তি হিসাবে উল্লেখ করেছেন। এ নিয়ে ‘দেশ বিক্রির’ অভিযোগকে সম্পূর্ণ অমূলক দাবি করেন তিনি। তবে সরকারের এই আশ্বাসের পরও চুক্তির শর্ত ও প্রভাব নিয়ে বিভক্ত চট্টগ্রামের ব্যবসায়ী, বন্দর ব্যবহারকারী ও শ্রমিক সংগঠনগুলো। একাংশ বেসরকারি ব্যবস্থাপনায় হয়রানি কমার আশা করলেও, অন্য অংশ জাতীয় নিরাপত্তা, ব্যবসা পরিচালনার ব্যয় বৃদ্ধি এবং শ্রমিকদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা করছেন।
শুক্রবার সিলেটে এক অনুষ্ঠান শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, সক্ষমতা বৃদ্ধির জন্য চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে চুক্তি হয়েছে। চুক্তি নির্দিষ্ট সময়ের জন্য হয়েছে। বাংলাদেশ চাইলে পরবর্তীতে নবায়ন হবে অথবা সেখানেই চুক্তি শেষ হবে। তাই এটিকে দেশ বিক্রির চুক্তি বলা সস্তা ও অমূলক কথা। দুর্গাপূজা উপলক্ষ্যে এদিন দুপুরে সিলেটে সিটি করপোরেশন আয়োজিত মতবিনিময় ও অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, যে টার্মিনাল আমরা দিয়েছি তার মালিক তো বাংলাদেশ সরকার। জায়গার মালিকানা তো কাউকে দেওয়া হয়নি, পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমরা চিটাগাং পোর্টের সক্ষমতা বৃদ্ধি করতে চাই। সক্ষমতা যদি বাড়াই, যদি কনটেইনার হ্যান্ডলিং দ্রুততর হয়, কস্ট ডুয়েলিং টাইম কমে আসে এবং জাহাজ রিটেইন করার ডুয়েলিং টাইম যদি কমে তাহলে সেই লাভটা পাব আমরা। পোর্টের সক্ষমতা বাড়লে যেসব পণ্য আমদানি হয় সেগুলোর ইউনিটপ্রতি কস্ট ও ফ্রেইট কমে আসবে। এতে আমরা প্রতিযোগিতামূলক হব। যেসব জিনিস আমদানি হয় তার ইউনিট কস্ট কমে গেলে দেশের ভোক্তারা সুফল ভোগ করবে।
মতবিনিময় সভায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন এবং পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা উপস্থিত ছিলেন। সভা শেষে সিলেট নগরীর ৮৫টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে ৪০ হাজার টাকা করে মোট ৩৪ লাখ টাকা অনুদান দেন মন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আন্দোলনকারী ও বন্দর ব্যবহারকারীর বক্তব্য : চট্টগ্রাম চেম্বার সভাপতি আমিরুল হক যুগান্তরকে বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেই চুক্তির শর্তগুলো কী তা আমি জানি না, তাই ভালোমন্দের বিষয়ে এখনই কিছু বলার সুযোগ নেই। তবে আমি আশাবাদী এ কারণে যে, এনসিটি প্রাইভেট সেক্টরে যাওয়ার করণে হয়রানি বন্ধ হবে। আগে যেভাবে পণ্য খালাস বা ডেলিভারির ক্ষেত্রে ব্যবসায়ীদের হয়রানির শিকার হতে হতো, এখন সেটা হবে না। ব্যবসায়ী সমাজের প্রতিনিধি হিসাবে আমার দাবি থাকবে, প্রাইভেট সেক্টরের দোহাই দিয়ে ব্যবসায় ব্যয় বা কস্ট অব ডুয়িং বিজনেস যাতে না বাড়ে।
বন্দর রক্ষা পরিষদের আহ্বায়ক হাসান মারুফ রুমী বলেন, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি এনসিটি ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরোধিতা এখনো করছি। কারণ চট্টগ্রাম বন্দর শুধু ব্যবসা-বাণিজ্য নয়, এটা দেশের নিরাপত্তার বিষয়।
বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন বলেন, দেশের স্বার্থ ও বন্দরের শ্রমিক-কর্মচারীদের স্বার্থ রক্ষার দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি।
তবে সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বন্দর ব্যবহারকারী ও চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। তিনি বলেন, পোর্ট এর ব্যবহারকারীদের সেবা দেওয়ার জন্য অপারেটর নিয়োগ করবে, এটাই স্বাভাবিক। উন্নত দেশগুলোতেও এভাবেই বন্দর পরিচালনা করা হচ্ছে। যারা এ বিষয়টি নিয়ে বিরোধিতা করছে, তাদের কাছে আমার প্রশ্ন পৃথিবীর আন্তর্জাতিক কোন বন্দর অপারেটর ছাড়া চলে?
বরিশালে বিক্ষোভ : ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি এবং ঢাকায় বিক্ষোভে পুলিশি হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। শুক্রবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাসদের বরিশাল জেলা শাখার সদস্য দুলাল মল্লিক।
