Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

প্রতি বর্গকিলোমিটারে ৩৩ হাজার মানুষ

দুর্ভোগ জেনেও গন্তব্য ঢাকা

Advertisement

মতিন আব্দুল্লাহ

মতিন আব্দুল্লাহ

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দুর্ভোগ জেনেও গন্তব্য ঢাকা

Advertisement

অভাবের তাড়নায় মাত্র ১৪ বছর বয়সে এক কাপড়ে ঢাকায় এসেছিলেন বসিলার হুমায়ুন আহমেদ। নৌকার হেলপার থেকে আজ তিনি ক্ষুদ্র ব্যবসায়ী। এই শহরেই গড়েছেন সংসার। অন্যদিকে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ২০০৬ সালে পাবনা থেকে আসা মহিদুল ইসলামও পড়াশোনা শেষে চাকরি করছেন। পরিবার নিয়ে থিতু হয়েছেন রাজধানীতেই। শুধু হুমায়ুন বা মহিদুল নন; কর্মসংস্থান, উন্নত চিকিৎসা, শিক্ষা কিংবা প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত হয়ে প্রতিদিন হাজারো মানুষ ছুটছেন ঢাকার পানে।

প্রতিনিয়ত বাড়তে থাকা এই বিপুল জনস্রোতের ভারে নুয়ে পড়েছে নগরী। জনসংখ্যার সঙ্গে তাল মেলাতে পারছে না নগরের অবকাঠামো। আবাসন, সড়ক, গণপরিবহণ ও নাগরিক সেবার ওপর তৈরি হয়েছে সীমাহীন চাপ। অপরিকল্পিত উন্নয়ন, সেবার ঘাটতি ও ব্যবস্থাপনার দুর্বলতা এই সংকটকে আরও তীব্র করেছে। তবুও দেশজুড়ে সুষম উন্নয়ন, কর্মসংস্থান ও সেবার বিকেন্দ্রীকরণের অভাবে জীবন-জীবিকার তাগিদে ঢাকামুখী এই ঢল থামানো যাচ্ছে না।

বিশিষ্ট নগরবিদ ও নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম যুগান্তরকে বলেন, বাংলাদেশের জনসংখ্যা বিশাল। ১ লাখ ৪৭ হাজার বর্গমাইলে বসবাস করছেন ১৮ কোটি মানুষ অর্থাৎ প্রতি বর্গমাইলে ১ হাজার ২২৪ জন। এই সংখ্যা আরও বাড়বে। তবুও সরকারের কার্যকর উদ্যোগ নেই। শিল্প-কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান সবই ঢাকাকেন্দ্রিক গড়ে তুলছে। এটা থামাতে হবে, বিনিয়োগ ছড়িয়ে দিতে হবে সারা দেশে। নাগরিক সুযোগ-সুবিধা বাড়াতে হবে উপজেলা, জেলা, বিভাগীয় শহরগুলোতে। তাহলে ঢাকামুখী চাপ ধীরে ধীরে কমবে। তিনি বলেন, গ্রামের মানুষের নানা সমস্যা রয়েছে। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসহ বহু সংকট। এজন্য তারা আর কোনো উপায় না পেয়ে ঢাকায় চলে আসেন। দেশে আরও শহর থাকলেও সেসব শহরের চেয়ে ঢাকায় আয়-রোজগার বেশি। ভিক্ষা করলেও এখানে জীবন চালিয়ে নেওয়া যায়। এজন্য ঢাকামুখী মানুষের চাপ কমানো যাচ্ছে না।

ঢাকায় গিজগিজ করছে মানুষ : ঢাকার দুই সিটি করপোরেশনের মোট আয়তন ৩০৫ দশমিক ৪৬ বর্গকিলোমিটার। এর মধ্যে ঢাকা উত্তর সিটি ১৯৬ দশমিক ২২ এবং ঢাকা দক্ষিণ সিটি ১০৯ দশমিক ২৪ বর্গকিলোমিটার। অর্থাৎ মূল ঢাকা সিটির প্রতি বর্গকিলোমিটারে বসবাস করছেন ৩৩ হাজার ৭৫৭ জন মানুষ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের জনশুমারির চূড়ান্ত গণনা অনুযায়ী, দুই সিটির মোট জনসংখ্যা ১ কোটি ২ লাখ ৯৫ হাজার ৭৮৬। এর মধ্যে উত্তরে ৫৯ লাখ ৯০ হাজার ৭২৩ এবং দক্ষিণে ৪৩ লাখ ৫ হাজার ৬৩ জন। যদিও ঢাকা ওয়াসা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ), বিভিন্ন দেশি-বিদেশীয় সংস্থার পরিসংখ্যানে বাস্তব জনসংখ্যা আরও বেশি। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-২০১৬ সালের হিসাবমতে, বৃহত্তর ঢাকায় অর্থাৎ ঢাকার দুই সিটিসহ আশপাশের এলাকায় প্রতিদিন নতুন করে ১ হাজার ৭০০ মানুষ যুক্ত হচ্ছেন।

বিবিএস সূত্রে জানা যায়, ১৯৪৭ সালে দেশ বিভাগের পর ঢাকার জনসংখ্যা ছিল মাত্র ২ লাখ ৫০ হাজার। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর জনসংখ্যা ছিল প্রায় ৬ লাখ। স্বাধীনতার পর গ্রামবাংলার মানুষ ঢাকায় আসতে শুরু করেন। কারও থাকার জায়গা নেই, কারও কর্মসংস্থান নেই; নানা মানুষ নানা কারণে ঢাকায় আসেন। বর্তমানে আবাসিক বাসিন্দাদের বাইরেও প্রতিদিন কাজ, চিকিৎসা ও পড়াশোনার প্রয়োজনে লাখ লাখ মানুষ ঢাকায় যাতায়াত করেন, যা নগরের সেবাব্যবস্থাকে রীতিমতো হাঁসফাঁস অবস্থায় ফেলছে।

কাজ যেখানে, মানুষের গন্তব্যও সেখানে : মানুষ রাজধানীমুখী হওয়ার অন্যতম প্রধান কারণ জীবিকা। ঢাকা ও এর আশপাশের এলাকায় প্রায় ৪০ লাখ পোশাকশ্রমিক কাজ করেন। রয়েছে সরকারি-বেসরকারি মিলিয়ে অর্ধশত বিশ্ববিদ্যালয়। এসব বড় প্রতিষ্ঠানের আশপাশে গড়ে ওঠা ব্যবসা-বাণিজ্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। বিশ্বব্যাংকের নগরায়ণবিষয়ক মূল্যায়নেও মাঝারি শহরগুলোতে ভালো আয়ের কাজ ও উন্নত সেবার ঘাটতির বিষয়টি উঠে এসেছে। গ্রামে কৃষির বাইরে কাজের সুযোগ কম থাকা এবং নদীভাঙন বা জলবায়ু পরিবর্তনের প্রভাবে সর্বস্বান্ত হওয়া মানুষের কাছেও ঢাকা হয়ে উঠছে শেষ আশ্রয়স্থল। কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে আয় বাড়ানোর সুযোগ তৈরি হলে রাজধানীতে আসার প্রয়োজনীয়তা কমতে পারে। নগরায়ণ ও অভিবাসনবিষয়ক গবেষণায় তাই কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণসহ কৃষির বাইরে কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সন্তানের শিক্ষা ও পরিবারের চিকিৎসার কথা বিবেচনা করেও মানুষ ঢাকায় থাকেন। বিশেষায়িত চিকিৎসার জন্য রোগীর সঙ্গে স্বজনদেরও আসতে হয় রাজধানীতে। ফলে কোনো দপ্তর বা প্রতিষ্ঠান অন্য শহরে সরালেই সংশ্লিষ্ট পরিবারগুলো সেখানে চলে যাবে এমন নিশ্চয়তাও নেই। স্থানীয় শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান নিয়ে আস্থা তৈরি করতে হবে। বিশেষজ্ঞদের বিভিন্ন সময়ের মূল্যায়নে কর্মসংস্থানের বিকেন্দ্রীকরণের পাশাপাশি মানসম্পন্ন সেবা যুক্ত করার পরামর্শও এসেছে।

কর্তৃপক্ষের অভিমত : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের যুগান্তরকে বলেন, ঢাকাকে বাসযোগ্য করা এবং ঢাকামুখী মানুষের চাপ কমাতে সরকার চিন্তা করছে। ঢাকার বিদ্যমান সংকটের সমাধান করতে নগর সেবা ও উন্নয়ন কাজগুলো যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি দেশের সব এলাকার জন্য পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। তিনি বলেন, নগর উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রায় ১০ বছর মেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথমে মেট্রোপলিটন শহরগুলো নিয়ে কাজ করা হচ্ছে। এরপর বড় শহর থেকে উপজেলা পর্যায় পর্যন্ত মাস্টারপ্ল্যান করা হবে। তিনি জানান, কোথায় কী ধরনের উন্নয়ন হবে, তা নির্ধারণে জোনিং করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়নে নগর উন্নয়ন অধিদপ্তরকে শক্তিশালী করা হচ্ছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, জনসংখ্যা, আবাসন, পরিবহণ, স্বাস্থ্য ও পয়োনিষ্কাশনের দায়িত্ব বিভিন্ন কর্তৃপক্ষের হাতে। ফলে সমন্বিত উদ্যোগ ছাড়া ঢাকার সমস্যার সমাধান সম্ভব নয়। তিনি বলেন, প্রতিদিন মানুষের আগমন ও নতুন বস্তি গড়ে ওঠা শুধু আইন দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। দেশের বাস্তবতা বিবেচনায় পরিকল্পনা করতে হবে। ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়ার মডেল অনুসরণ করে এখানে পরিকল্পনা করা যথাযথ হবে না। রাজউকের লক্ষ্য ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করে মানুষের বসবাসের উপযোগী ঢাকা গড়ে তোলা। সে লক্ষ্যে কাজ করছে রাজউক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভবনের ত্রুটি সংস্কার করে ভূমিকম্প ঝুঁকি হ্রাস করা হবে: রাজউক চেয়ারম্যান

ভবনের ত্রুটি সংস্কার করে ভূমিকম্প ঝুঁকি হ্রাস করা হবে: রাজউক চেয়ারম্যান

ভূমিকম্পের ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান

ভূমিকম্পের ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান

রাজউকে ৯ম থেকে ১৭ গ্রেডের ১৩৬ পদে চাকরির সুযোগ

রাজউকে ৯ম থেকে ১৭ গ্রেডের ১৩৬ পদে চাকরির সুযোগ

ক্ষতিগ্রস্ত দুই লাখ ভূমি মালিক ও আবাসন ব্যবসায়ী

ড্যাপের কিছু বিষয়ে আপত্তি ক্ষতিগ্রস্ত দুই লাখ ভূমি মালিক ও আবাসন ব্যবসায়ী

টিউলিপসহ দুজনের মামলা বিচারে প্রস্তুত, অভিযোগ গঠন ১৬ এপ্রিল

টিউলিপসহ দুজনের মামলা বিচারে প্রস্তুত, অভিযোগ গঠন ১৬ এপ্রিল

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে রাজউকে দুদকের অভিযান

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে রাজউকে দুদকের অভিযান

আরও পড়ুন

প্রতি বর্গকিলোমিটারে ৩৩ হাজার মানুষ দুর্ভোগ জেনেও গন্তব্য ঢাকা

দুর্ভোগ জেনেও গন্তব্য ঢাকা

নন্দনগাছীতে রেলের ৩০ একর ভূমি মাছ চাষে লিজ নিয়ে ভরাট করে দোকান বাণিজ্য

মাছ চাষে লিজ নিয়ে ভরাট করে দোকান বাণিজ্য

শান্তির নোবেল পেলেন গাজা গণহত্যার বিরুদ্ধে সোচ্চার পিল্লাই

শান্তির নোবেল পেলেন গাজা গণহত্যার বিরুদ্ধে সোচ্চার পিল্লাই

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম