Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

হাসিনা জীবিত থাকা পর্যন্ত দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: তথ্য উপদেষ্টা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হাসিনা জীবিত থাকা পর্যন্ত দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: যুগান্তর

Advertisement

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শুধু ডিসেম্বরেই নয়, শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে। তবে এমন চেষ্টা প্রতিহত করা হবে। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সচিবালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, দীর্ঘমেয়াদি কল্যাণের কথা চিন্তা করেই সরকার জ্বালানির দাম বাড়িয়েছে। তবে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও জ্বালানির দাম কমানো হবে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জ্বালানি খাত অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে। কবে এই পরিস্থিতি ভালোর দিকে যাবে সেটা কেউ বলতে পারছেন না। দাম না বাড়ালে ঋণ করে বা টাকা ছাপিয়ে ভর্তুকি দিতে হবে। সেক্ষেত্রে পরিস্থিতি কী হবে সেই চিন্তাও সরকার করেছে। সরকার এভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াতে চায় না।

অতীতে জ্বালানির মূল্যবৃদ্ধিতে তৎকালীন (আওয়ামী লীগ) সরকারের আমলে অ্যাক্টিভিস্ট হিসাবে নিজের করা সমালোচনার কথা মনে করিয়ে দেওয়ার জবাবে জাহেদ উর রহমান বলেন, ওই সময়ে যে পরিস্থিতিতে জ্বালানির দাম বাড়ানো হয়েছিল, তা বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনীয় নয়। যুক্তি দেখিয়ে তিনি বলেন, চলতি বছরে জ্বালানি খাতে ভর্তুকির জন্য ৪৮ হাজার কোটি রাখা হলেও আড়াই মাসে এর অর্ধেক ভর্তুকি দিতে হয়েছে। এমন পরিস্থিতি অতীতের কোনো সরকারের সময় হয়নি উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিএনপি সরকার কোন পরিস্থিতিতে, কেন জ্বালানির দাম বাড়াতে বাধ্য হচ্ছে সেই বিষয়টি পরিষ্কার।

সাংবাদিকদের আরেক প্রশ্নে জাহেদ উর রহমান বলেন, পুলিশের বলপ্রয়োগ করার আইনি অধিকার আছে। পুলিশের আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকার আছে, যদি সেই ধরনের প্রেক্ষাপট তৈরি হয়, আইনি অধিকারের মধ্যে। কিন্তু যে কথাটা বারবার বলছি, সেটা আইনি প্রক্রিয়ার মধ্যে এবং প্রপোরশনেট বল প্রয়োগের মাধ্যমে। সরকার আগের শোষকদের মতো আন্দোলন দমনের পথে যেতে চায় না জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশের পুলিশ কখনো হাসিনার পুলিশের মতো হবে না।

ডা. জাহেদ উর রহমান বলেছেন, যুদ্ধের পাশাপাশি আগামী বছর সম্ভাব্য সুপার এল নিনোর প্রভাবে বিশ্বে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। এতে খাদ্য উৎপাদন কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে খাদ্য মজুত বাড়ানোসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সরকারের রয়েছে।

এদিকে, আইজিপির বিষয়ে প্রধানমন্ত্রী কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলেননি বলে জানিয়েছেন ডা. জাহেদ উর রহমান। আইজিপির বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বর্তমানে আইজিপি তার দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও বক্তব্য দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে ডা. জাহেদ উর রহমান বলেন, আইজিপির মতো গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য না আসাই ভালো। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সন্ধ্যার মধ্যেই আমরা দেখেছি, আইজিপি এটা ডিসওন করে বক্তব্যও দিয়েছেন।

উপদেষ্টা আরও বলেন, পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা ডিসেম্বরের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত এ ধরনের চেষ্টা চলতে পারে বলে মনে করে সরকার। তবে সরকার এসব চেষ্টা প্রতিহত করবে। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে আগেভাগেই নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। জাহেদ উর রহমান বলেন, পোশাক শ্রমিকদের মজুরি সাধারণত পাঁচ বছর পরপর পর্যালোচনা করা হয়। সে হিসাবে ২০২৩ সালের পর ২০২৬ সালে নতুন করে মজুরি বোর্ড গঠনের কথা ছিল না। তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সহানুভূতিশীল অবস্থান থেকে আগেই মজুরি বোর্ড গঠন করেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা চিহ্নিত ১৪৪ উসকানিদাতা

চিহ্নিত ১৪৪ উসকানিদাতা

শ্রমিক অসন্তোষ, হামলা-ভাঙচুর পোশাকশিল্পে উৎপাদন ক্ষতি দেড় হাজার কোটি টাকা

পোশাকশিল্পে উৎপাদন ক্ষতি দেড় হাজার কোটি টাকা

শান্তিচুক্তির আড়ালে অশান্তির পাহাড় (১) পাহাড়ে ৩ গোষ্ঠীর অস্ত্রের শাসন

পাহাড়ে ৩ গোষ্ঠীর অস্ত্রের শাসন

শেভরনের আংশিক প্রস্তাবের পক্ষে পেট্রোবাংলা

শেভরনের আংশিক প্রস্তাবের পক্ষে পেট্রোবাংলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম