Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

আ.লীগ পুনর্বাসনে ‘জানবাজি রেখে মাঠে নামা’র বার্তা

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর রিমান্ডে

Icon

আহমেদ মুসা, চট্টগ্রাম

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর রিমান্ডে

Advertisement

ডিসেম্বরের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা এবং এজন্য ‘জানবাজি রেখে মাঠে নামার’ বার্তা দিয়েছিলেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মোবাইল ফোনে এমন বার্তা দেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আরআরএফ শাখার সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন। মামলা হওয়ার পর শনিবার রাতে নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে চট্টগ্রামের অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিইউ) এবং পাঁচলাইশ থানাপুলিশের সদস্যরা। চট্টগ্রামের একটি আদালত তাকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস সাফ জানিয়ে দিয়েছেন, এসপি জাহাঙ্গীর আলমের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড তার ব্যক্তিগত। এ দায় পুলিশবাহিনী নেবে না।

যেভাবে গ্রেফতার হন : শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেওয়ার পরপরই নগরীর পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি শুরু হয়। মামলা করতে প্রায় আড়াইটা বাজে। এরপরই স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিইউ) ও পাঁচলাইশ থানা-পুলিশের সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সিএমপির অফিসার্স মেস থেকে এসপি জাহাঙ্গীরকে গ্রেফতার করে। অবশ্য এর আগে থেকেই তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। গ্রেফতারের পর জাহাঙ্গীর আলমকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে দেওয়া হয়। তিনি নরসিংদী জেলার শিবপুর থানার চাঁদাপাশা গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে।

যে গোপন বার্তার জন্য গ্রেফতার : আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনাসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এই পুলিশ কর্মকর্তা। এছাড়া আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে দুটি গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া গেছে। একটি বার্তায় বলা হয়েছে, ‘ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে’। অন্যটিতে বলা হয়েছে, ‘ডিসেম্বরে সবাই জানবাজি রেখে মাঠে নামবে’। এসব তথ্য মামলার এজাহারেও উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী গণমাধ্যমকে জানান, এসপি জাহাঙ্গীর যা করেছেন, তা তার ব্যক্তিগত দায়। রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেফতারের পর তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় পুলিশবাহিনী নেবে না। রোববার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার এসব কথা বলেন। কমিশনার আরও বলেন, ‘কেবল এসপি জাহাঙ্গীর নন, পুলিশের আরও কেউ এ ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে বা এর সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘এসপি জাহাঙ্গীরের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়। পরে নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের এবং তাকে গ্রেফতার করা হয়। এখন প্রচলিত আইন অনুযায়ী বিভাগীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে। তাকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করার বিষয়টিও প্রক্রিয়াধীন। আর এসপি কাকে মেসেজ পাঠিয়েছিলেন, এই বার্তা আদান-প্রদানের ক্ষেত্রে আর কারা সংশ্লিষ্ট-সেসব বিষয়ে বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে। নিয়মিত মামলার তদন্ত ও বিভাগীয় তদন্ত-এই দুই প্রক্রিয়াতেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুই থেকে তিন দিনের প্রাথমিক অনুসন্ধানে যতটুকু সত্যতা পাওয়া গেছে, এর ভিত্তিতেই জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’

চারদিনের রিমান্ড মঞ্জুর : রোববার বিকাল ৩টার দিকে এসপি জাহাঙ্গীর আলমকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নেওয়া হয়। এরপর বিকাল সোয়া ৩টায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া যুগান্তরকে বলেন, ‘এসপি জাহাঙ্গীর তার মোবাইল ফোনের মাধ্যমে একটি পক্ষকে বলেছেন, আমরা প্রিভিয়াসলি (আগে) যেরকম ছিলাম আশা করি ডিসেম্বরের মধ্যে আবার ফিরে আসব। রক্তের শেষ বিন্দু পর্যন্ত জয় বাংলা স্লোগান দিয়ে যাব। আর ওনার বাবার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে উনি প্রাণ উৎসর্গ করার কথা জানিয়েছেন।’ পিপি বলেন, ‘আজ যে সরকার আছে, সেই সরকারের কর্মচারী হয়ে সরকারের বিরুদ্ধে উনি ষড়যন্ত্রে লিপ্ত। সুতরাং ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, রিমান্ড চাওয়া হয়েছে। আদালতে চারদিন রিমান্ড মঞ্জুর হয়েছে। রিমান্ডের রিপোর্ট আসবে। তার সঙ্গে আর কেউ জড়িত আছেন কি না, সেটাও উদ্ঘাটন হবে। সেভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

বৃহস্পতিবার এসপি জাহাঙ্গীরের বিরুদ্ধে আওয়ামী লীগসংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। অভিযোগ তদন্তে অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) সাফিজুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। তার ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা এসবিতে পাঠানো হয়েছিল। ফরেনসিক প্রতিবেদনে ঘটনার সত্যতা পায় সংস্থাটি।

জানা যায়, জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জের আরআরএফ-এর ডেপুটি কমান্ড্যান্ট হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

ছাত্রজীবনে তিনি কোন দল করতেন, কোনো পদপদবি ছিল কি না, কীভাবে তার চাকরি হয়েছে, দেশের বিভিন্ন স্থানে কর্মরত থাকাকালে কোনো ধরনের অপরাধে জড়িত ছিলেন কি না-সেসব বিষয়েও তদন্ত করা হচ্ছে বলে পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আমার স্বামীর মোবাইল হ্যাক করে ফাঁদে ফেলা হয়েছে : এদিকে জাহাঙ্গীর আলমের স্ত্রী মাসুমা আক্তার দাবি করেছেন, তার স্বামী কোনোদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স করেছেন। মুহসীন হলে থাকতেন। তার বাবা একজন কৃষক ছিলেন, কৃষকের ছেলে, একদম গরিব পরিবার। তিনি শুধু লেখাপড়া করেছেন। মোবাইল ফোন হ্যাক করে তাকে ফাঁদে ফেলা হয়েছে। রোববার চট্টগ্রাম আদালত চত্বরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি পত্রিকায় প্রকাশিত কিছু বিভ্রান্তিকর তথ্যের কথা উল্লেখ করে সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝেড়ে বলেন, ‘আপনারা তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বানাইছেন। কিন্তু উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মামলায় আমার স্বামীর বিরুদ্ধে যেসব অভিযোগের কথা বলা হয়েছে তা ডাহা মিথ্যা। যা বলা হচ্ছে তার কিছুই করেননি উনি। আমার স্বামীর মোবাইল হ্যাক করে ফাঁদে ফেলা হয়েছে। আপনারা তার এলাকার বায়োডাটা নিয়ে দেখবেন, একদম কৃষকের ছেলে। আমার স্বামীর আয়ের ওপর ১২ জন মানুষ চলত। উনি সৎভাবে চাকরি করেন। আওয়ামী লীগের আমলেও কোনো কিছু পায়নি।’

ডিআইজি আবদুল কুদ্দুসকে বদলি : এসপি জাহাঙ্গীরকে রিমান্ডে নেওয়ার দিনই চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসাবে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা ১-এর উপসচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপনে পুলিশের আরও তিন কর্মকতার রদবদলের আদেশ রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গোপালগঞ্জে দিনভর তাণ্ডব

গোপালগঞ্জে দিনভর তাণ্ডব

ডিসি এসপি প্রত্যাহার

ডিসি এসপি প্রত্যাহার

নাশকতার মাস্টার প্ল্যান : চিহ্নিত শীর্ষ ২৩ নেতা জড়িতদের ধরতে শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান

জড়িতদের ধরতে শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান

নেতাকর্মীদের প্রধানমন্ত্রী উসকানিতে পা নয় সতর্কতার সঙ্গে মাঠে থাকুন

উসকানিতে পা নয় সতর্কতার সঙ্গে মাঠে থাকুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম