গোপালগঞ্জে দিনভর তাণ্ডব
ছয় প্লাটুন বিজিবি মোতায়েন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রামদা পাইপ লাঠি হকিস্টিক নিয়ে গোপালগঞ্জ শহরে রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
লগি-বৈঠা ও রামদাসহ দেশীয় অস্ত্র হাতে গোপালগঞ্জে দিনভর সশস্ত্র মহড়া ও তাণ্ডব চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত জেলা শহর ও টুঙ্গিপাড়ায় চলে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ। পুড়িয়ে দেওয়া হয় বিএনপি-যুবদলের কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর, দোকানপাট ও গ্রামীণ ব্যাংক অফিস। ভাঙচুর করা হয়েছে পুলিশের সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক। এছাড়া পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। দফায় দফায় সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণে দিনভর পুরো জেলায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উদ্ভূত পরিস্থিতিতে রোববার জরুরি ভিত্তিতে গোপালগঞ্জের ডিসি ও এসপিকে বদলি করেছে সরকার। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলাজুড়ে মোতায়েন করা হয়েছে বিজিবি। তবে দিনভর এত তাণ্ডব চললেও পুলিশের দাবি ভিন্ন। ঢাকা রেঞ্জের ডিআইজি জানিয়েছেন, কোথাও কোনো ভাঙচুর বা নাশকতার ঘটনা ঘটেনি।
এর আগে শনিবার রাতেই উত্তপ্ত হয়ে ওঠে টুঙ্গিপাড়া। রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত খালেক বাজারের কয়েকটি দোকান, কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয়, নিলফা বাজারে বিএনপির কার্যালয় এবং বর্ণি বাজারে যুবদল নেতার ব্যক্তিগত কার্যালয়ে চলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ; আহত হন বিএনপির দু-তিনজন নেতাকর্মী। প্রতিনিধিদের পাঠানো খবর-
গোপালগঞ্জ : রোববার সকাল থেকে গোপালগঞ্জ সদরের লতিবপুর ইউনিয়নের গাবতলা মোড়ে শহরের পাড়া-মহল্লা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে তারা গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে বিসিক ব্রিজ হয়ে কয়েক হাজার নেতাকর্মীসহ পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন।
অপরদিকে, ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামিউল হক তনুর নেতৃত্বে এবং শহরের মিয়াবাড়ি ও নবীনবাহ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে মিছিল বের হয়। এছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র হাতে স্লোগান দিতে দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরে প্রবেশ করেন। তারা শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় সমবেত হন।
এরপর পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে লাঠিসোঁটা, লগি-বৈঠ, রামদা, চাইনিজ কুড়াল, টেঁটা, বল্লম নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের ব্যাংকপাড়ায় দলীয় কার্যালয়ে যান। সেখানে তারা দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা আওয়ামী লীগ অফিস খুলে দেন এবং আনন্দ উল্লাস করেন।
এরপর তারা গোপালগঞ্জ লঞ্চঘাটে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর করেন। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নাম মুছে দিয়ে আগের নাম ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা সংবলিত একটি ব্যানার টাঙিয়ে দেন। এছাড়া, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে নির্মিত নামফলক ভেঙে ফেলেন।
এরপর তারা গোপালগঞ্জ-পাটগাতি সড়কের পুরাতন লঞ্চঘাট, কলেজ ও প্রেস ক্লাবের সামনের সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। পুলিশের এপিসির ওপর দাঁড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। তারা এপিসির গায়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান লেখেন। এ সময় প্রেস ক্লাবের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। বেলা ১১টা-দুপুর পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। এ সময় শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের অবস্থান দেখা গেলেও সহিংসতা রুখতে তাদের ভূমিকা চোখে পড়েনি।
পুলিশের বক্তব্য : ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মুস্তাফিজুর রহমান বলেন, আমরা আগে থেকেই জননিরাপত্তা ও সরকারি-বেসরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় পরিকল্পনা গ্রহণ করি। সে অনুযায়ী যে কোনো বিশৃঙ্খলা এড়াতে ১ হাজার ৩৫০ জন ফোর্স নিয়োজিত ছিল। তিনি বলেন, কোনো প্রকার ভাঙচুর বা নাশকতার ঘটনা ঘটেনি। পুলিশ দায়িত্বের সঙ্গে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সব সময় মাঠে আছে।
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) : রোববার বিকাল ৪টার দিকে পাটগাতি বাজারে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। বিকাল ৫টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিম ওরফে তাজুর বাড়িতে আগুন দেওয়া হয়। এছাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারেকের মিষ্টির দোকান, গহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে মাহমুদ বিশ্বাসের দোকান এবং পাটগাতি বাজার এলাকায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি মোল্লা এমদাদের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এর আগে বেলা ৩টার দিকে টুঙ্গিপাড়া সীমান্তবর্তী পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়ন বিএনপির অফিসে আগুন দেওয়া হয়েছে। এদিকে টুঙ্গিপাড়া উপজেলা গ্রামীণ ব্যাংক কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে। চৌরঙ্গী এলাকায় বিএনপি নেতা রাজিবের ফার্নিচারের দোকান এবং উপজেলা সীমান্তবর্তী মালিখালী বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে সড়কের বৈদ্যুতিক তারে আগুন দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।
এর আগে শনিবার বিকালেও টুঙ্গিপাড়ার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে বর্ণী ইউনিয়ন বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর, কুশলী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম : টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকালে এসআই মোসলেম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. আয়ুব আলী জানান, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় করা ওই মামলায় মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২ হাজার জনকে আসামি করা হয়েছে।
