আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
জিয়াউলের দুই হাত পিছমোড়া করে বাঁধা মাথায় হেলমেট
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে সোমবার হাতকড়া ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে -সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সমালোচনার পর মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া (হ্যান্ডকাফ) পরানোর পাশাপাশি মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২-এ হাজির করা হয়। শুধু তিনি নন, এই মামলার অন্য আসামিদেরও এভাবে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এদিন রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি ছিল ট্রাইব্যুনাল-২-এ। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ এ মামলার আসামি ৪১ জন। এই মামলায় গ্রেপ্তার ১১ আসামির একজন হলেন জিয়াউল আহসান।
দুপুর ১২টার দিকে পুলিশের একটি ভ্যানে করে জিয়াউলকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। দেখা যায়, জিয়াউল আহসানের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো। মাথায় হেলমেট। বুকে ভেস্ট। তাকে পুলিশের প্রিজনভ্যান থেকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। বেলা পৌনে ১টার দিকে এই মামলার অপর আসামিদের সঙ্গে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালের এজলাসে তোলা হয়। তখনো জিয়াউলের হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট ছিল। পরে শুনানি চলার সময় জিয়াউলসহ অন্য আসামিদের হাতকড়া, হেলমেট ও ভেস্ট খুলে নেওয়া হয়।
দেখা যায়, ট্রাইব্যুনালের এজলাসে হাজির করার সময় জিয়াউলের পাশাপাশি এই মামলার আসামি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী মো. শামসুল হক (টুকু), সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোহা. আবদুল জলিল মণ্ডল ও একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুর হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট রয়েছে।
শুনানি শেষে বেলা আড়াইটার দিকে এজলাসের কাঠগড়া থেকে আসামিদের ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। সেসময় অন্য আসামিদের হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট ছিল না। তবে জিয়াউল আহসানের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে কাঠগড়া থেকে হাজতখানায় নেওয়া হয়।একই মামলায় গত বৃহস্পতিবার জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সেদিন জিয়াউলের হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট ছিল না। তার চোখে কালো চশমা ছিল। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। গত রোববার বিষয়টি নিয়ে সংসদে কথা বলেছেন তাহসিনা রুশদীর। গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর বলেন, ‘যখন তাকে (জিয়াউল আহসান) জেরা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখনকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে যে, তিনি এমনভাবে তার অঙ্গভঙ্গি এবং তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ... যেটাতে মনে হচ্ছিল, তিনি কোনো আনন্দ ভ্রমণে বের হয়েছেন। পুলিশ যারা ছিল তারা মনে হচ্ছিল তার প্রটোকল হিসাবে যাচ্ছে।’ রুশদীর এই বক্তব্যের পর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান দাঁড়িয়ে বলেন, বিষয়টি আমারও দৃষ্টিতে এসেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। এরপর সোমবার জিয়াউল আহসান ছাড়াও অন্য আসামিদেরও দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হলো। ট্রাইব্যুনালের হাজতখানা থেকে এজলাসের কাঠগড়ায় নেওয়ার সময় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো হয়। তার মাথায় হেলমেট এবং বুকে ভেস্ট ছিল। এজলাসে নেওয়ার সময় তিনি বলেন, ‘আমি এই নির্যাতনের তীব্র প্রতিবাদ করছি।’ সোমবারও কারাগার থেকে আনার সময় জিয়াউল আহসান হ্যান্ডকাফ (হাতকড়া) পরতে চাননি বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফিংয়ে তিনি বলেছেন, অবশেষে জিয়াউলকে পুলিশ যেকোনোভাবেই হোক প্রিজনভ্যানে এনেছে। সেই প্রিজনভ্যানের মধ্যে অন্য আসামিরাও ছিলেন। ধারণা করছি, জিয়াউলের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিশ্চিত করার জন্য কারা কর্তৃপক্ষ সবাইকে একই পদ্ধতিতে ট্রাইব্যুনালে হাজির করেছে।
জিয়াউলের বোন নাজনীনকে নিয়ে অভিযোগ : ব্রিফিংয়ে জিয়াউল আহসানের বোন ও তার আইনজীবী নাজনীন আক্তারের বিরুদ্ধে অভিযোগ করেছেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জিয়াউলের বোন গত তারিখে কর্তব্যরত পুলিশদের হুমকি দিয়েছেন। অযথা ‘সিনক্রিয়েট’ করার জন্য তিনি বলেছেন যে, রাস্তায় যেন কোনো গণ্ডগোল না হয়। নাজনীন আক্তার আদালতের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য নানা রকমের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। ভবিষ্যতে নাজনীন এই জাতীয় আচরণ অব্যাহত রাখলে পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না বলে উল্লেখ করেছেন তিনি। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেছেন, এখন থেকে মূলধারার যারা সাংবাদিক রয়েছেন, তার বাইরে কোনো ইউটিউবার সাংবাদিককে তিনি ভবিষ্যতে আর অ্যালাউ (অনুমতি দেওয়া) না-ও করতে পারেন। কারণ, তারা ট্রাইব্যুনালের ভাবমূর্তি নষ্ট করেন।
