পেছনে দেশি-বিদেশি শক্তি, কে কার ফাঁদে
সরকারকে ব্যর্থ প্রমাণে চক্রান্ত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঘরে-বাইরে সরকারকে ব্যর্থ প্রমাণে নানামুখী চক্রান্ত ও যড়যন্ত্র চলছে। গত কয়েক দিনের দৃশ্যমান ঘটনাপ্রবাহে জনমনে আলোচনা উঠছে, এর পেছনে দেশি-বিদেশি শক্তিশালী চক্রের ইন্ধন রয়েছে। কার যোগসাজশে কোথায় কারা নীলনকশা করছে তা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ছে। শুধু তাই নয়, অনেকেই সন্দেহ প্রকাশ করছেন, পুলিশ ও প্রশাসনের কেউ কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে। সুধী সমাজের পাশাপাশি সরকারসংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, গত কয়েকদিন ধরে নাশকতা ও অস্থিরতা সৃষ্টির মূল উদ্দেশ্য হলো-জুলাই গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার পাশাপাশি সরকারকে অস্থির করে তোলা। দেশে এমন একটি পরিস্থিতি তৈরি করা, যাতে ‘শেখ হাসিনার শাসনামলই ভালো ছিল’-এমন একটি বয়ান প্রতিষ্ঠা করা যায়। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পর্যায়ে প্রকাশ্যে এ ধরনের প্রচারণারও দেখা যাচ্ছে।
তবে প্রশ্ন উঠেছে, কারও পরামর্শে এই নাশকতায় নেমে আওয়ামী লীগ ফাঁদে পড়ল কি না। অনেকে স্বাধীনতা-পরবর্তী জাসদের হঠকারিতা ও সহিংস রাজনীতির উদাহরণ টেনে বলছেন, ওই রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছিল। ফলে পলাতক হাসিনার ডেডলাইন ‘ডিসেম্বর’ ব্যর্থ হলে আওয়ামী লীগের রাজনীতির কী হবে এ প্রশ্নও আছে। আবার যারা আওয়ামী লীগকে মাঠে নামিয়েছে তাদের উদ্দেশ্য সফল হবে কি না, আলোচনা আছে এ নিয়েও। পাশাপাশি বিদ্যমান অস্থিরতায় প্রতিবেশী ভারতের সঙ্গে সরকারের সম্পর্কের টানাপোড়েনের বিষয়টিও সামনে আনছেন অনেকে। তারা বলছেন, সরকার কাকে মিত্র বা বন্ধু মনে করছে, আবার কারা নেপথ্যে ষড়যন্ত্র করছে, এটি চিহ্নিত করাও কঠিন হয়ে পড়ছে।
এমন পরিস্থিতিতে সরকারও এক ধরনের উভয় সংকটে পড়েছে। কারণ কঠোর হাতে পরিস্থিতি দমন করতে গেলে প্রাণহানি ও মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা তৈরি হতে পারে। সেক্ষেত্রে শেখ হাসিনার শাসনামলের দমন-পীড়নের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টেনে সরকারকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ তৈরি হবে। অন্যদিকে সরকার কঠোর অবস্থান না নিলে মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হতে পারে যে, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছে না। তারা ব্যর্থ। এতে সরকারের প্রতি মানুষের আস্থা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। ফলে সহিংসতা দমন করতে গিয়ে একদিকে প্রাণহানি ও মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি, অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ-এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. দিলারা চৌধুরী যুগান্তরকে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা শুরু থেকেই ছিল। ভারত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জুলাইয়ের অর্জনকে নস্যাৎ করতে চায়। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা যুক্তরাজ্য বা পশ্চিমা উদার গণতন্ত্রের মতো নয়। এখানে গণ-অভ্যুত্থানের পরও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা থাকতে পারে। তাই সরকার গঠনের পর পাঁচ বছর নির্বিঘ্নে দেশ পরিচালনার চিন্তা না করে শুরু থেকেই সম্ভাব্য রাজনৈতিক ও সাংবিধানিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া উচিত ছিল। তার অভিযোগ, সরকার এখনো ১৯৭২ সালের সংবিধানের কাঠামোর মধ্যেই দেশ পরিচালনা করছে। অথচ গণ-অভ্যুত্থানের পর নতুন সংবিধান ও রাষ্ট্র সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়নি।
এছাড়া বিএনপির কিছু নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের সমর্থক হিসাবে পরিচিত ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি এবং তাদের রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করার অভিযোগও তোলেন ড. দিলারা চৌধুরী।
তিনি বলেন, যারা দীর্ঘদিন বিএনপির আদর্শ ও রাজনীতির বিরোধিতা করেছে, তাদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে রাজনৈতিকভাবে নিরপেক্ষ বা নিজেদের পক্ষে নিয়ে আসা সম্ভব নয়। এ প্রসঙ্গে তিনি বেগম খালেদা জিয়ার অতীতের রাজনৈতিক সতর্কবার্তার কথাও স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখন দলের নেতৃত্ব ও রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে আরও বেশি দৃঢ় অবস্থান নিতে হবে। সবকিছু নির্দিষ্ট কয়েকজন নেতা বা উপদেষ্টার ওপর ছেড়ে না দিয়ে তাকে নিজে দায়িত্ব নিতে হবে। বিশেষ করে জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তিদের পরামর্শকে গুরুত্ব দিতে হবে।
সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার যুগান্তরকে বলেন, সরকারকে ব্যর্থ করতে প্রথম দিন থেকেই চেষ্টা করা হচ্ছে। ফ্যাসিস্টদের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড এরই অংশ। তবে তাদের অপচেষ্টা ঠেকাতে প্রথমত, বিএনপি, জামায়াত ও এনসিপির ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবিলা করতে হবে। দ্বিতীয়ত, রাষ্ট্রের কোথায় কোথায় অদক্ষ লোক বসানো হয়েছে, তা খতিয়ে দেখে যোগ্য লোককে উপযুক্ত জায়গায় বসাতে হবে। এছাড়া জুলাই জাতীয় সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। তার মতে, এই তিনটি বিষয়ে মনোযোগ দিলে আওয়ামী লীগের সব অপচেষ্টা ব্যর্থ হবে।
সাবেক আইজিপি নুরুল হুদা যুগান্তরকে বলেন, সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা তো থাকবেই। তবে সরকারকেই এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এক্ষেত্রে আলোচনা ও কঠোরতা-দুই পথই অবলম্বন করা উচিত। শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপও নিতে হবে। তবে সবকিছুই করতে হবে আইনের আওতায় থেকে। অন্যথায় যারা অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তারা আরও উৎসাহিত হতে পারে।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে এ ধরনের ঘটনা বেশি দেখা যাচ্ছে। সেখানে সহিংসতা ও ভাঙচুরের মাধ্যমে স্থানীয় মানুষের সম্পদেরই ক্ষতি হচ্ছে। এসব ঘটনায় যারা জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এক্ষেত্রে সরকারের কোনো দুর্বলতা দেখানোর সুযোগ নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কাছ থেকে যারা নানা ধরনের সুযোগ-সুবিধা পেয়েছেন, তাদের মধ্যে এক ধরনের কৃতজ্ঞতাবোধ তৈরি হতে পারে। বিশেষ করে কেউ যদি রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট থাকেন, তাহলে সেই সম্পর্ক ও কৃতজ্ঞতার জায়গা থেকে তারা পুরোনো পক্ষকে সহযোগিতা করার চেষ্টা করতে পারেন। এই বিষয়গুলোও সরকারকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
গত কয়েক দিন ধরে পোশাক খাতে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের আন্দোলন চলেছে। ডিসেম্বরের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকরের আশ্বাস দেওয়া হলেও থামছে না সহিংসতা। ভাঙচুর, অগ্নিসংযোগ, আবার কোথাও কারখানায় হামলার ঘটনাও ঘটছে। উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি এরই মধ্যে বেশকিছু কারখানা বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, এই আন্দোলনে ইন্ধন দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। অন্যদিকে এমন পরিস্থিতির মধ্যেই রোববার গোপালগঞ্জে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দিনভর ‘তাণ্ডব’ চলেছে। এর আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরেও ঢাকাসহ সারা দেশে বাসে আগুন, ককটেল বিস্ফোরণসহ নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়। ১৯ নভেম্বর ফের নতুন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ দলটি। এই কর্মসূচি নিয়েও জনমনে উদ্বেগের পাশাপাশি প্রশাসনিক ও রাজনৈতিকসহ বিভিন্ন মহলেও নানা আলোচনা ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই ধরনের পরিস্থিতি তৈরিই করা হচ্ছে সরকারকে বেকায়দায় ফেলার জন্য।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক যুগান্তরকে বলেন, সরকার ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোর উচিত সাম্প্রতিক অস্থিরতার পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা। ষড়যন্ত্রের পরিধি কতটা বিস্তৃত, কারা এর সঙ্গে জড়িত এবং প্রশাসনের ভেতরে কারা পুরোনো রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগ রাখছে, তা শনাক্ত করা জরুরি। চট্টগ্রামের পুলিশ সুপারের বিরুদ্ধে আওয়ামী লীগকে তথ্য সরবরাহের অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রশাসনের ভেতরেও কেউ কেউ এ ধরনের তৎপরতায় যুক্ত কি না, তা খুঁজে দেখা প্রয়োজন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিপুল অর্থ ও সাংগঠনিক নেটওয়ার্ক রয়েছে। এসব ব্যবহার করে দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা অস্বাভাবিক নয়। তবে সহিংসতা বা সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের সুযোগ নেই। রাজনীতিতে ফিরতে হলে দলটিকে অতীতের গণহত্যা ও অপরাধের দায় স্বীকার, জনগণের কাছে ক্ষমা প্রার্থনা এবং নিজেদের শাসনামলের সমালোচনা করতে হবে। কিন্তু গত আড়াই বছরে দলটির বক্তব্য ও কর্মকাণ্ডে দায় স্বীকারের পরিবর্তে অতীতের শাসনামলকে পরোক্ষভাবে বৈধতা দেওয়ার প্রবণতা দেখা গেছে।
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু মনে করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগই বিএনপিকে বাঁচিয়ে রাখবে। যখনই আওয়ামী লীগ পরিস্থিতি বিপজ্জনক করে তুলবে, তখনই জামায়াত ও এনসিপি নিজেদের বিপদের কথা আঁচ করে মাঠে নেমে পড়বে। অর্থাৎ তিন দলই আওয়ামী লীগকে মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে। তিনি বলেন, সরকারকে ব্যর্থ করার জন্য দেশি-বিদেশি চক্র ছাড়াও প্রশাসনের কিছু অংশও জড়িত থাকতে পারে। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
নৈরাজ্যের অপচেষ্টা চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রুহুল কবির রিজভী
কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। এর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ও দোয়া মোনাজাতে অংশ নেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, ঢাকা-৯ আসনের সংসদ-সদস্য ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-৭ আসনের সংসদ-সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক ও সংসদ-সদস্য রফিকুল আলম মজনু, সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, সাবেক সহসভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুস সাত্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিষিদ্ধ আওয়ামী লীগ ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে রিজভী বলেন, গুম-খুন ও রক্তাক্ত পথ ধরে আওয়ামী চক্রকে বাংলাদেশের জনগণ আর ফিরতে দেবে না। পেছনের দরজা দিয়ে এবং পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির যে অপচেষ্টা চালানো হচ্ছে, এ দেশের মানুষ তা কখনোই সফল হতে দেবে না। তিনি বলেন, পলাতক ফ্যাসিস্টরা ১৭ বছর জুলুম-অত্যাচার করেছে। তারা আবার পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে ক্ষমতায় এসে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ পাচার করে সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা ও দুবাইয়ে সুখের স্বর্গ গড়তে চায়। কিন্তু তাদের সেই সুখের স্বর্গ আর কোনো দিন হবে না। যে কোনো সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের প্রসঙ্গে রিজভী বলেন, কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম প্রত্যেকেই রাজপথের পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। ১৭ বছর তারা জীবন বাজি রেখে আন্দোলন-সংগ্রাম করেছেন। তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে এবং মাসের পর মাস কারাবরণ করতে হয়েছে। তারপরও তারা আদর্শ ও নীতি থেকে বিচ্যুত হননি। এই যোগ্য নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি পাড়া-মহল্লায় জাতীয়তাবাদী শক্তি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।
মওলানা ভাসানীর কাজগুলো আদর্শ হিসাবে ধারণ করতে হবে : গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত রাজনৈতিক পরিবর্তন ধরে রাখা, পতিত ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানো এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে জাতীয় ঐক্য গড়ে তোলার তাগিদ দিয়েছেন রাজনীতিবিদরা। একই সঙ্গে তারা মওলানা ভাসানীর কাজগুলো আদর্শ হিসাবে ধারণ করার ওপর গুরুত্বারোপ করেছেন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন। ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এছাড়া বক্তব্য দেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
রিজভী বলেন, আফ্রো-এশিয়া ও লাতিন আমেরিকার রাজনীতিতেও মওলানা ভাসানী গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তার কর্মপরিধি ও অবদান বিস্তৃতভাবে তুলে ধরা কঠিন। তার রেখে যাওয়া কাজগুলো আদর্শ হিসাবে ধারণ করতে হবে। তিনি আরও বলেন, ভাসানী ছিলেন ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। দেশ ও জাতির উন্নয়নে মজলুম জননেতা ও কৃষক-শ্রমিক আন্দোলনের প্রাণপুরুষ ভাসানীর রাজনৈতিক আদর্শ ও তার দর্শন অনুসরণ করা প্রয়োজন। জোনায়েদ সাকি বলেন, মওলানা ভাসানী এ দেশের মেহনতি ও খেটে খাওয়া মজলুম মানুষের কণ্ঠস্বর ছিলেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের ঐক্য, গণতন্ত্র, ন্যায়বিচার এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন লড়াই করেছেন। তার রাজনৈতিক দর্শনের মূল শিক্ষা হলো-জনগণের মধ্যে ঐক্য ছাড়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন এবং তা রক্ষা করা সম্ভব নয়।
গোপালগঞ্জ ছাড়া আ.লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: আন্দালিভ রহমান পার্থ
গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। একই সঙ্গে গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির সাংগঠনিক অস্তিত্ব নেই বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী এ কথা বলেন। গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের এ ধরনের কর্মকাণ্ড তাদের রাজনৈতিক দেউলিয়াত্বেরই প্রমাণ। সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করেও দলটি সফল হবে না।
তিনি বলেন, ডিসেম্বরে দলটির নেত্রীর দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ না হওয়ায় পরিস্থিতি অন্যদিকে নেওয়ার চেষ্টা হতে পারে। তবে এসব কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিকভাবে কোনো সুবিধা হবে বলে সরকার মনে করে না। মন্ত্রী বলেন, সরকারের ভালো কাজ যেমন ফ্যামিলি কার্ড থেকে শুরু করে বড় বড় প্রকল্প আমরা নিচ্ছি। আমাদের প্রতিমন্ত্রী বললেন যে, পত্রিকার পাতায় কোনো রাষ্ট্রীয় মদদে গুম নেই, কোনো ব্যাংক লুট নেই, নতুন কোনো দরবেশের ঘটনা নেই, নতুন কোনো এস আলমের ঘটনা নেই, নতুন কোনো বিদ্যুতের দুর্নীতি নেই। এই জিনিসগুলো আপনাকে কোনো-না-কোনোভাবে কাভারেজ দিতে হবে। শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, একটা হাইপ তৈরি করা যে, ডিসেম্বরে আওয়ামী লীগের সভাপতি ফিরে আসবেন। এটা একটা পলিটিক্যাল ব্লাফ এবং এতে হাজার হাজার নেতাকর্মীর হৃদয় ভেঙে যাবে। কারণ, হাসিনার আর আসা হবে না। তিনি বলেন, এই ইস্যুটিকে ডাইভার্ট করানোর জন্য সেই গোপালগঞ্জে কোনো কারণ ছাড়াই শুধু মারামারি-পিটাপিটি করা ছাড়া তাদের আর কিছুই করার নেই। কারণ, রাজনৈতিকভাবে দলটির ফিরে আসার কোনো সাংগঠনিক অবস্থা বা কোনো সাংগঠনিক তৎপরতা আমরা দেখিনি। তিনি আরও বলেন, আমাদের গণতান্ত্রিক ধারা, ১৭ বছর পর বাংলাদেশ একটা গণতন্ত্র পেয়েছে, সংসদ কাজ করছে, সরকারি দল, বিরোধী দল প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে, এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য এটা একটা পাঁয়তারা। আমি এর বাইরে আর কোনো কিছুই দেখি না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ককটেল বা পেট্রোলবোমা নিক্ষেপের মতো অপরাধ যে কোনো সময় ঘটতে পারে। সরকার এসব নিয়ন্ত্রণে কাজ করছে এবং অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে এসব ঘটনা দিয়ে সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না।
দেশে আর ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: ডা. শফিকুর রহমান
দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। দেশের বিভিন্ন স্থানে যা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এসব ঘটনা নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতিকে হতাশ করেছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতি দেখতে চায়, এ দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না। এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দলটির অনড় অবস্থান অটুট রাখার ঘোষণা দেন। সোমবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পরিচালনায় বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
জামায়াতও বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন উল্লেখ করে তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে কাজ করে যেতে হবে। এ সময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
ডা. শফিকুর বলেন, ‘চব্বিশের জুলাই বিপ্লবে এক হাজার ৪০০ জনের অধিক শহীদ এবং হাজার হাজার আহতের বিনিময়ে অর্জিত এ বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি। আমরা বরাবরই বলে আসছি, সংসদে আমাদের অবস্থান হবে একটি দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হয়ে সবসময় ভূমিকা রাখব। কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না।’ বিরোধীদলীয় নেতা বলেন, ‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জাতি জানতে চায়। আমাদের স্পষ্ট কথা, আমরা জাতির গুরুত্বপূর্ণ বিষয়গুলোর বিষয়ে ইতোমধ্যে নোটিশ দিয়েছি। যদি নোটিশের বিষয়গুলোয় সংসদে আমরা জবাব না পাই, তাহলে জনগণের আদালতে আমাদের কথা বলতে হবে। এজন্য আমাদের দায়িত্বশীলদের সামগ্রিকভাবে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে দেশ ও জাতির খেদমতে প্রস্তুতি নিতে হবে।’
