আগুন সন্ত্রাসের পর উন্মুক্ত টুঙ্গিপাড়া
বাধা ছাড়াই কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কার্যালয় উদ্বোধন, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জে রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন-ভাঙচুর ও তাণ্ডবের পর সোমবার উন্মুক্ত ছিল টুঙ্গিপাড়া। বিনাবাধায় সকাল থেকেই দিনভর নানা কার্যক্রম চালিয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এদিন সকালে দলবল নিয়ে তালা ভেঙে কার্যালয়ে ঢুকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে কার্যক্রমনিষিদ্ধ দলটি। নেতাকর্মীদের নিয়ে কার্যালয়ের বাইরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিনাবাধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল করে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। এর আগে রোববার গোপালগঞ্জসহ টুঙ্গিপাড়ায় সকাল থেকেই আগুন-সন্ত্রাস, ভাঙচুরসহ তাণ্ডব চালিয়েছে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। তাণ্ডব চলেছে রাতেও। পুড়িয়ে দেওয়া হয়েছে বিএনপি অফিস ও নেতাকর্মীদের বাড়িঘর। এ সময় বিএনপি নেতাকর্মীদের কোথাও দেখা মেলেনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতাও চোখে পড়েনি; বরং তারা অনেকটা নীরব ভূমিকা পালন করেছে।
এদিকে রোববার তাণ্ডবের পর সোমবার অনেকটা উন্মুক্ত হয়ে যায় টুঙ্গিপাড়া। কোথাও কোনো আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়েনি। বিনাবাধায় সকাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে। যদিও ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থল নিরাপত্তা বেষ্টনীতে ছিল। পুলিশি প্রহরার কারণে ভেতরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তবে রোববার টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক তাণ্ডব, ভাঙচুর ও আগুন সন্ত্রাসের পর পালটে গেছে চিত্র। সোমবার অনেকটা বিনাবাধায় দিনভর কার্যক্রম চালিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। টুঙ্গিপাড়া প্রতিনিধি জানান, সোমবার সকাল ১০টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যান। পরে কার্যালয়ের তালা খুলে তারা ভেতরে প্রবেশ করেন। সাড়ে ১০টায় কার্যালয়ের ভেতরে মিছিল ও দোয়া করেন তারা। এ সময় ঘটনাস্থলে পুলিশ, বিজিবি কিংবা আনসার সদস্যদের দেখা যায়নি। কোনো ধরনের বাধা ছাড়াই তারা কর্মসূচি শেষ করেন। পরে বেলা ১১টায় নেতাকর্মীরা ৩ নম্বর গেট দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে প্রবেশ করেন। এসময় সমাধিসৌধের নিরাপত্তায় দুই থেকে চারজন পুলিশ সদস্য দায়িত্বে থাকলেও তারা কোনো বাধা দেননি। পরে দফায় দফায় বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাধিসৌধে প্রবেশ করেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়। দুপুরের পর একের পর এক মিছিল নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে সমাধিসৌধে প্রবেশ করতে দেখা যায়। এ বিষয়ে টুঙ্গিপাড়ার আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলি এ বিষয়ে বলেন, আমরা চেষ্টা করেছি। যতটুকু পারছি করছি। যতটুকু পারি নাই, করি নাই।
