প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে একান্ত বৈঠক
আ.লীগকে মোকাবিলা প্রশ্নে ঐকমত্য
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিদ্যমান সহিংস পরিস্থিতি ও নাশকতা মোকাবিলায় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) একযোগে মাঠে নামতে পারে। নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে জানা গেছে, এই তিন দলের পাশাপাশি জুলাই আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে এ প্রশ্নে আলাপ-আলোচনা শুরু হয়েছে। ওই আলোচনা দলগতভাবে বা আনুষ্ঠানিকতায় রূপ না নিলেও বুধবার সন্ধ্যায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সূত্র জানায়, বৈঠকে দুই নেতা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার বিষয়ে একমত হন। পরে সংসদে দেওয়া দুজনের ভাষণেও বিষয়টি প্রতিফলিত হয়েছে। একটি সূত্রের দাবি, আজকালের মধ্যে এ প্রশ্নে জুলাই আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হতে পারে।
সূত্রে জানা গেছে, পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে আজ সকাল সাড়ে ১০টায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক হবে। বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন ২৯ মিন্টো রোডে অনুষ্ঠেয় এই বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্ব করার কথা রয়েছে। এদিকে, সংসদের ভেতরে ও বাইরে এ প্রশ্নে দুদলের কয়েকজন সংসদ-সদস্য আলোচনার জন্য তৎপরতা শুরু করেছেন।
জানা গেছে, এই তৎপরতার সূত্র ধরেই বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ফ্যসিবাদের বিরুদ্ধে আবারও ঐক্য গড়ে তোলার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে আগের ঐক্যের জায়গায় ফিরে যেতে হবে। এদিকে, এ প্রশ্নে সরকারি দল বিএনপির মনোভাবও ইতিবাচক। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে বিষয়টি স্পষ্ট হয়েছে।
সূত্রের দাবি, নাশকতামূলক কর্মকাণ্ড বাড়তে থাকায় তিন দলের মধ্যেই আলোচনা উঠেছে যে, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হলে তাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। তাদের মতে, জুলাই সনদ বাস্তবায়নসহ নানা ইস্যুতে বিরোধ থাকার কারণে পলাতক আওয়ামী লীগ সুযোগ পেয়েছে। কিন্তু এই বিরোধ সত্ত্বেও হাসিনা প্রশ্নে ঐক্যবদ্ধ থাকলে তাদের আওয়ামী লীগকে মোকাবিলা করা সম্ভব।
কয়েকদিন ধরেই গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়াসহ দেশের অনেক স্থানে ককটেল নিক্ষেপ, গাড়িতে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ‘২৪-এর গণ-অভ্যুত্থানে পরাজিত এই দলটির সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশের ফেরার ঘোষণাকে সামনে রেখে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানাচ্ছে। অবশ্য নাশকতার এই কর্মকাণ্ড বেশকিছু জায়গায় দলটির নেতাকর্মীরা প্রকাশ্যেই চালাচ্ছে। প্রশাসনিকভাবে সরকার গত দুদিন কিছুটা ধৈর্য ধরলেও তাতে নাশকতা থামেনি। বরং প্রতিনিয়ত বাড়তে থাকায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে কঠোর প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিকভাবেও আওয়ামী লীগকে মোকাবিলা করার আলোচনা উঠেছে তিন দলে।
আওয়ামী লীগের কর্মকাণ্ডে এই তিন দলের পাশাপাশি ২৪-এর আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে আলোচনা হলো; ফ্যাসিবাদী শক্তি ফিরতে পারলে জুলাই আন্দোলনের কোনো দলকেই ছাড়বে না। অনেকের মতে, সবচেয়ে কঠিন পরিস্থিতিতে পড়বে এনসিপি। কারণ দলটির শীর্ষপর্যায়ের নেতারা জুলাই আন্দোলনের সন্মুখ সারিতে ছিলেন। এরপর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপিকেও ছাড় দেওয়ার কোনো কারণ নেই। আর জামায়াতকে ‘আদর্শিক শত্রু’ বলে মনে করে আওয়ামী লীগ। ক্ষমতায় গিয়ে দলটির শীর্ষ পর্যায়ের পাঁচ নেতাকে ফাঁসি দিয়েছিল আওয়ামী লীগ সরকার। তাছাড়া হাসিনার পতনের আন্দোলনে এই দুদলই সক্রিয় এবং নেতৃত্বের ভূমিকায় ছিল। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ড. মুহাম্মদ ইউনূস এবং লন্ডনে নাহিদ ইসলামের ওপরে হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার গোপালগঞ্জে বিএনপি দলীয় সংসদ-সদস্য এসএম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে তারা। এর আগে কুষ্টিয়ায় দৌলতপুরে এনসিপির সংরক্ষিত আসনের সংসদ-সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দিয়েছে আওয়ামী লীগের কর্মীরা। এসব ঘটনায় স্পষ্ট হয়েছে, এই তিন দলই আওয়ামী লীগের শত্রু। ফলে বিদ্যমান পরিস্থিতির কারণেই তিন দলসহ জুলাই আন্দোলনে অংশ নেওয়া দলগুলো ঐক্যের তাগিদ অনুভব করছে।
জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সংসদ-সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া যুগান্তরকে বলেন, কিছু ইস্যুতে দ্বিমত থাকলেও হাসিনা প্রশ্নে বিএনপি ও জামায়াতসহ সব দল ঐক্যবদ্ধ আছে। আমরা ঐক্যবদ্ধভাবেই ফ্যাসিস্ট হাসিনার দলকে মোকাবিলা করব। সংসদের বিরোধীদলীয় নেতা ইতোমধ্যে ঐক্যের বিষয়টি স্পষ্ট করেছেন বলে জানান তিনি।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিমের মতে, গণরায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা হলে আওয়ামী লীগ এই পরিস্থিতি সৃষ্টি করার সুযোগই পেত না। তা সত্ত্বেও হাসিনা প্রশ্নে জনগণের ঐক্য অটুট আছে। আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু যুগান্তরকে জানান, দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় সরকার এবং বিরোধী দলের মধ্যে এক ধরনের কমন পজিশন আছে। সংসদের সাইড লাইনে উভয়পক্ষের মধ্যে এ ব্যাপারে অনানুষ্ঠানিক একটা আলোচনা চলছে। তিনি বলেন, নৈরাজ্যকে রাজনৈতিক ও আইনগতভাবে মোকাবিলা করে আওয়ামী লীগকে কীভাবে আরও দুর্বল করে ফেলা যায়, আলোচনায় সেটা প্রধান্য পাচ্ছে। আপাতত নিজেদের পরস্পরের বিরুদ্ধে বক্তব্য না দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবাদ ও নৈরাজ্যকে কনডেম করার কৌশলগত নীতি গ্রহণ করা হয়েছে।
পাবনা-১ থেকে নির্বাচিত জামায়াতের সংসদ-সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন যুগান্তরকে বলেন, সাইড লাইনে যোগাযোগের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, সংসদে বিরোধীদলীয় নেতা মঙ্গলবার বিষয়টি স্পস্ট করেছেন। তিনি বলেছেন, গোপালগঞ্জের দেশপ্রেমিক নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব। নির্দোষ মানুষের জীবন, সম্পদ ও ইজ্জত এবং রাষ্ট্রীয় স্থাপনার সুরক্ষায় আরও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেছেন, একটি নির্বাচিত সরকার ও চলমান পার্লামেন্ট বিদ্যমান থাকা অবস্থায় এভাবে প্রকাশ্যে ধ্বংসযজ্ঞ চলতে পারে না। তার এই বক্তব্যই আমাদের বক্তব্য।
এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদিব যুগান্তরকে জানান, গণহত্যাকারী দল আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ফ্যাসিবাদবিরোধী সব শক্তি সতর্ক আছে এবং শক্ত প্রতিবাদের বিষয়ে সবাই একমত। তিনি বলেন, আমরা দেখেছি আওয়ামী লীগ ফরিদপুর ও পিরোজপুরে বাসে অগ্নিসংযোগ করে ২ জন নিরীহ মানুষকে হত্যা করেছে। ফরিদপুরে বিএনপির সহসাংগঠনিক সম্পাদককে কুপিয়ে হত্যা করেছে। আমরা মনে করি, নিষিদ্ধ দলটির বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
