আইসিজের রায় : ৮০ বছরে প্রথম কোনো রাষ্ট্র দণ্ডিত
গণহত্যা চালিয়েছে মিয়ানমার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতিসংঘের সর্বোচ্চ আদালত মিয়ানমারের নিপীড়িত জনগোষ্ঠী রোহিঙ্গাদের নিয়ে এক ঐতিহাসিক রায় দিয়েছেন। বৃহস্পতিবার হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বলেছেন, রাখাইন রাজ্যে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। দেশটির সামরিক বাহিনীর দমন অভিযানের মুখে সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা-যাদের অধিকাংশই মুসলিম-প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন।
আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া জানান, আদালত ৯-৬ ভোটে এ সিদ্ধান্তে উপনীত হন যে, মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে, যা জেনোসাইড কনভেনশনের অধীনে তাদের দায়বদ্ধতার লঙ্ঘন। গত ৮০ বছরের মধ্যে কোনো রাষ্ট্রকে আইসিজের দণ্ডিত করার ঘটনা এটাই প্রথম।
জাতিসংঘ আদালতের এ রায়ের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানো ইসরাইলও পড়েছে এর আওতায়। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, এ রায়ের ক্ষেত্রে গণহত্যার বিধানকে বড় পরিসরে তুলে ধরেছেন বিচারক। এ কারণে আইসিজেতে ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার যে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা, সেক্ষেত্রে এটি প্রভাব ফেলতে পারে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই প্রথম কোনো রাষ্ট্রকে এ আদালতে গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করা হলো। নাৎসি হলোকাস্টের পর এটি চতুর্থ ঘটনা, যেখানে কোনো আন্তর্জাতিক আদালত এ অপরাধ সংঘটিত হওয়ার রায় দিলেন।
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মামলাটি করেছিল। ২০১৯ সালে তারা অভিযোগ করে, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। গাম্বিয়া আইসিজের কাছে আবেদন জানায়, আদালত যেন রায় দেন, মিয়ানমার ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে। এছাড়া তারা দাবি জানায়, মিয়ানমার যেন রোহিঙ্গাদের লক্ষ্য করে চালানো সব অবৈধ কর্মকাণ্ড বন্ধ করে এবং গণহত্যায় দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনে।
অন্যদিকে মিয়ানমার দাবি করেছে, তাদের এ দমন অভিযান ছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধাদের দ্বারা পুলিশ চৌকিতে হামলার প্রতিক্রিয়া। রায় ঘোষণার সময় তিন ঘণ্টা ধরে দেওয়া বক্তব্যে ইওয়াসাওয়া জানান, প্রাপ্ত প্রমাণ অনুযায়ী মিয়ানমারের বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। তিনি বলেন, ‘আদালত দেখতে পেয়েছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম নৃশংসতা করেছে এবং বাংলাদেশ অভিমুখে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে।’ তিনি যে নির্দিষ্ট ঘটনাগুলোর উল্লেখ করেছেন, সেগুলোর ক্ষেত্রে মিয়ানমার ‘গণহত্যার অভিপ্রায়’ নিয়ে কাজ করেছে বলে তিনি মন্তব্য করেন।
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানিয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দ্বারা সংঘটিত ব্যাপক নৃশংসতার প্রমাণ থেকে একমাত্র যৌক্তিক সিদ্ধান্ত এটাই যে, তাদের উদ্দেশ্য ছিল রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে নিশ্চিহ্ন করে ফেলা। আদালত বলেছেন, সামরিক অভিযানে যখন সশস্ত্র বেসামরিক ব্যক্তিরা অংশ নিয়েছিল, তখনই মিয়ানমারের বোঝা উচিত ছিল যে সেখানে গণহত্যার ঝুঁকি রয়েছে। আদালত আরও যোগ করেন, এভাবে মিয়ানমার গণহত্যা প্রতিরোধের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।
ন্যায়বিচারের অপেক্ষায়
হেগ থেকে আল জাজিরার প্রতিবেদক স্টেপ ভায়েসেন জানান, আদালত অন্তত চারটি গণহত্যামূলক কর্মকাণ্ডের প্রমাণ পেয়েছে-বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা, লাখ লাখ মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা, এ জনগোষ্ঠীর ওপর গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতিসাধন এবং জন্মদান রোধ করা। বিচারকের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০১৭ সালের অনেক আগে থেকেই রোহিঙ্গাদের সঙ্গে দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো আচরণ করা হতো। এমনকি তাদের জোরপূর্বক জন্মনিয়ন্ত্রণ কর্মসূচিতে অংশ নিতেও বাধ্য করা হয়েছিল।
ভায়েসেন বলেন, ‘বিচারক এটিকে অত্যন্ত জোরালো প্রমাণ হিসাবে দেখেছেন যে সেখানে গণহত্যামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে।’ তিনি বলেন, ‘রোহিঙ্গাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, তারা ১০ বছর ধরে ন্যায়বিচারের অপেক্ষায় আছে। আবার পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও এটি গুরুত্বপূর্ণ। কারণ, গণহত্যা প্রমাণ করা অত্যন্ত কঠিন একটি বিষয়।’
আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বলেন, যে কোনো গণহত্যা মামলায় সবচেয়ে কঠিন অংশ হলো কোনো গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার ‘সুনির্দিষ্ট অভিপ্রায়’ প্রমাণ করা, যা একটি অত্যন্ত উচ্চ মানদণ্ড। তিনি উল্লেখ করেন, এর আগে আইসিজে কখনো এমন রায় দেননি যে কোনো রাষ্ট্রের গণহত্যা চালানোর সুনির্দিষ্ট অভিপ্রায় ছিল। ক্যাডম্যান আল জাজিরাকে বলেন, আদালত জেনোসাইড কনভেনশন বা গণহত্যা সনদের নির্দেশনার আলোকে কাজ করে, আর এ সনদে অত্যন্ত কঠোর মানদণ্ড নির্ধারণ করা আছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, মিয়ানমারে হত্যা-নির্যাতনের শিকার হয়ে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে পড়ে। এর মধ্যে ১২ লাখই বাংলাদেশের কক্সবাজারে শরণার্থী শিবিরগুলোয় বসবাস করছে।
ইসরাইলের ওপর প্রভাব
দ্য জেরুজালেম পোস্ট লিখেছে, মিয়ানমারের গণহত্যার রায় একই আদালতে ইসরাইলের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগের বিপরীতে তাদের আত্মপক্ষ সমর্থনের ওপর কী প্রভাব ফেলবে, তা সামগ্রিকভাবে বোঝার জন্য এখনো অনেক সময় বাকি। তবে এখনই বলা যায়, আইসিজের রায়ের কিছু অংশ ইসরাইলের আত্মপক্ষ সমর্থনের সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করেছে। কারণ, এটি কোনো দেশের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে কি না, তা নির্ধারণের জন্য প্রয়োজনীয় প্রমাণের মানদণ্ডকে কমিয়ে দিয়েছে।
