Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

লালমনিরহাটে প্রধানমন্ত্রী

যথেষ্ট হয়েছে আর নয়

প্রভুদের খুশি করতে অগ্নি-সন্ত্রাসীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে * চব্বিশে গণতন্ত্রের জন্য যুদ্ধ করা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে * তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে

Icon

মিজানুর রহমান দুলাল, লালমনিরহাট

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যথেষ্ট হয়েছে আর নয়

লালমনিরহাটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে জনসভায় বৃহস্পতিবার বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান -পিআইডি

Advertisement

প্রতিবেশী দেশ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তারা পালিয়েছে সীমান্তের ওপারে, সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করতে তারা আবার এই দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। অগ্নি-সন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে। যথেষ্ট হয়েছে, আর নয়।

বৃহস্পতিবার লালমনিরহাট সদর উপজেলার মন্ডলেরহাট এলাকায় মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে সেখানে আয়োজিত জনসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ভোটের অধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্রের রাজনীতির যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই অধিকার তারা আবার কেড়ে নিতে চায়। তিনি বলেন, তারা ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে। ৬০ শিশুকে হত্যা করেছে। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, আর যাই হোক, দেশ ও জনগণের প্রতি তাদের কোনো কর্তব্য থাকে না। তিনি বলেন, আবার তারা সেই আগুন-সন্ত্রাস শুরু করেছে। মানুষকে পুড়িয়ে মারার, হত্যার রাজনীতি শুরু করেছে। তারা পেছন থেকে আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে। বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না।

এর আগে সকালে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা উদ্বোধন করেন তিনি। বিকালে শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান।

জনসভায় তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, স্বস্তি চায়। নিজের এবং দেশের অগ্রগতি চায়। তাই দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে সব রাজনৈতিক দল যারা চব্বিশের সময় গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, তাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই। যাতে তারা আর ভবিষ্যতে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। বাংলাদেশের ভাগ্য নিয়ে তাদের প্রভুদের নির্দেশ বাস্তবায়ন করতে না পারে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা খাল খননের রাজনীতি করতে চাই। আমরা চাই আমাদের দেশের শিল্প-কলকারখানাগুলোকে সঠিকভাবে গড়ে তুলতে এবং দেশে উৎপাদন বাড়াতে। আমরা চাই ফসলের উৎপাদন বাড়াতে। আমরা চাই আমাদের দেশের মানুষ যাতে সঠিকভাবে শিক্ষা পায়, সেই ব্যবস্থা করতে। আমরা চাই আমাদের মা-বোনরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। আমাদের রাজনীতি হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। আমাদের রাজনীতি হবে পদ্মা ব্যারেজ বাস্তবায়ন করা।

মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন প্রসঙ্গে তিনি বলেন, খালটি পুনঃখনন হলে এটি গিয়ে তিস্তা নদীতে পড়বে। খালটির খননকাজ সম্পন্ন হলে এ অঞ্চলের মানুষ উপকার পাবে। এই খালে যে পানি আসবে, তা শীতকালেও থাকবে, এ পানিতে কৃষক ভাইয়েরা সেচ সুবিধা পাবে।

আগামী মাস থেকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রত্যেক নারী মাস শেষে ২ হাজার ৫০০ টাকা করে সরকারের পক্ষ থেকে পাবে।

রংপুর-দিনাজপুর অঞ্চলে গ্যাসলাইন নিয়ে আসার আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, গ্যাস লাইনটা আমরা নিয়ে আসতে পারলে তখন বিনিয়োগকারীরা রংপুর বিভাগে মিল-ফ্যাক্টরি স্থাপন করবে। তখন আমাদের যুবসমাজের কর্মসংস্থানের সমস্যা অনেকাংশে ঘুচে যাবে।

এদিকে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী জানান, তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে। অন্যের প্রযুক্তি ব্যবহার করে নয়, নিজেদের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ। তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে। তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থের অভাব যাতে বাধা হয়ে না দাঁড়ায়, সেজন্য সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে বলে বক্তব্যে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ-সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিকালে শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ নামের সামাজিক আন্দোলনের ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। এ সময় সেখানে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্যে তারেক রহমান বলেন, আলোকিত লালমনিরহাটের মতো সংগঠন দেশের বাকি ৬৩ জেলায়ও প্রয়োজন। গত কয়েক মাসের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতায় বলতে পারি, সব সমস্যার সমাধান আইন করে করা যায় না। আমরা যদি সামাজিকভাবে উদ্যোগ নিই, তাহলে সব সমস্যার সমাধান সম্ভব। তিনি এ সামাজিক আন্দোলনের জন্য এর উদ্যোক্তা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে ধন্যবাদ জানান।

প্রাণ নিঙড়ানো ভালোবাসায় প্রধানমন্ত্রীকে বরণ : প্রায় ২২ বছর পর তারেক রহমানকে পেয়ে জেলার মানুষ তাকে প্রাণ নিঙড়ানো ভালোবাসা দিয়ে বরণ করেছেন। বিএনপির দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ নাচগানসহ বিভিন্নভাবে তাকে অভিনন্দন জানিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রীর যাতায়াতের সড়ক ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়। তুলির আঁচড়ে রঙিন করা হয় সড়কের ধারের গাছপালা আর অফিস ভবন। সড়কের দুই পাশে লাগানো হয় বিভিন্ন রঙের পতাকা। লালমনিরহাট বিমানবন্দর থেকে মন্ডলেরহাট সড়কের দুই পাশে বসানো হয় মাটির তৈরি কৃষক-কৃষানির প্রতিকৃতি। প্রতিকৃতিতে লাগানো হয় কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন কর্মসূচির প্ল্যাকার্ড।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আইসিজের রায় : ৮০ বছরে প্রথম কোনো রাষ্ট্র দণ্ডিত গণহত্যা চালিয়েছে মিয়ানমার

গণহত্যা চালিয়েছে মিয়ানমার

আওয়ামী নৈরাজ্য প্রতিরোধ জাতীয় ঐক্য কোন পথে

জাতীয় ঐক্য কোন পথে

লালমনিরহাটে প্রধানমন্ত্রী যথেষ্ট হয়েছে আর নয়

যথেষ্ট হয়েছে আর নয়

মন্তব্য প্রতিবেদন সংকটে ঐক্য পিঁপড়াবিদ্যা

সংকটে ঐক্য পিঁপড়াবিদ্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম