মন্তব্য প্রতিবেদন
সংকটে ঐক্য পিঁপড়াবিদ্যা
আবদুল হাই শিকদার
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আশার কথা দিয়েই লেখাটা শুরু করি। ফ্যাসিবাদ ও তাদের মদদদাতাদের দিকে ইঙ্গিত করে গতকাল লালমনিরহাটে প্রধানমন্ত্রী বলেছেন, এনাফ ইজ এনাফ, আর নয়। এর আগের দিন পার্লামেন্টে সংসদনেতা ও বিরোধীদলীয় নেতা যে বক্তব্য দিয়েছেন, তাতে জাতি স্বস্তি পেয়েছে। একই দিন দুই নেতার বৈঠকের খবর নতুন আশার ঝিলিক দেখাচ্ছে। কিন্তু তারপরও কিছু পর্যালোচনা জরুরি।
আধুনিক চীনের প্রতিষ্ঠাতা কবি ও দার্শনিক মাও সেতুং বিপ্লব সম্পর্কে বলেছিলেন, বিপ্লব কোনো ডিনার পার্টি নয়, এটা হলো বিরাজমান একটা সমাজকাঠামোকে সমূলে উৎখাত করে সম্পূর্ণ নতুন একটা সমাজ নির্মাণের চারা রোপণ। এটা ভদ্রতার জায়গা নয়, এখানে বলপ্রয়োগ অনিবার্য অনুষঙ্গ। আর বলপ্রয়োগের মাধ্যমেই তার কর্তৃত্ব বজায় রাখার ব্যবস্থা করা হয়।
আমাদের চব্বিশের জুলাই-জাগরণ বিপ্লব না হলেও বিপ্লবের অনেক বৈশিষ্ট্য এর মধ্যে ছিল। এটা ছিল একটা অভূতপূর্ব গণ-অভ্যুত্থান। কিন্তু পরিতাপের বিষয়, বিপ্লব-পরবর্তী যে কাজগুলো করা জরুরি ছিল, তা না করে আমরা ঘুণে ধরা জীর্ণ ব্যবস্থাপনার ভেতরে থেকেই চাইলাম শান্তি। ৫ আগস্ট-পরবর্তী জুলাই-জাগরণের পক্ষের শক্তির মধ্যে এলো আত্মতুষ্টির রিলাক্স মুড। শুরু হলো বিপ্লবের ক্রেডিট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব আর ব্লেম গেম। ফলে পতিত ফ্যাসিস্টরা ক্ষমতা থেকে উৎখাত হলেও মাঠে-ময়দানে বিচরণ করার জন্য পেল সময় ও চারণভূমি। ফলে যা হওয়ার তাই হয়েছে আজ। পতিত ফ্যাসিস্ট শক্তি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে পারছে আগুন, সন্ত্রাস ও রক্তপাত।
আমাদের বেডরুম আক্রান্ত। অন্যদিকে এখনো আমরা ড্রইংরুমে এ ওর দোষ খুঁজে বেড়াচ্ছি। আর বলছি, আমি ধৈর্য ধরে আছি।
যদিও দুটি দুই প্রেক্ষাপট। তবুও ওহুদের যুদ্ধের উদাহরণ দেওয়া যায়। যুদ্ধ শুরু হওয়ার আগেই রাসুল (সা.) কিছু নির্দেশনা দিয়েছিলেন। গিরিপথ পাহারাদারদের বলা ছিল, যুদ্ধে জয়-পরাজয় যাই হোক, তোমরা স্থান ত্যাগ করবে না। কিন্তু যুদ্ধের প্রাথমিক বিজয় যখন হয়ে গেছে, তখন গিরিপথের পাহারাদাররা নির্দেশনা ভুলে নেমে পড়ল বিজয় উদ্যাপনে। ফলে জেতা যুদ্ধে হেরে গেল মুসলমানরা।
কয়েক মাস ধরে নানা সেমিনার-সভায় আমি ব্যক্তিগতভাবে বারবার বলে এসেছি, আমরা আছি ওহুদের যুদ্ধের মাঝ বরাবর। এখনো অনেক কাজ বাকি। এখনই তরবারি কোষবদ্ধ করে রণে ভঙ্গ দিলে সমূহ সর্বনাশ হবে। আমাদের মতো আমজনতার কথা কে শোনে। যাদের শোনার কথা, তাদের কেউ কেউ এর ওর বিরুদ্ধে লাগামছাড়া কথা বলে মাঠে নিয়ে এলো অনান্তরিক পরিবেশ। আরেক দল গোস্সা করে কোনো কারণ ছাড়াই লংমার্চ করে হতভম্ব করল জাতিকে। তৈরি হলো আস্থার সংকট। ভেঙে গেল বিশ্বাসের ভিত। সৃষ্টি হলো কর্তব্যকর্মে অবহেলা। গাড্ডায় পড়ে গেল জুলাই শক্তির ঐক্যের পাটাতন। নিজেদের মধ্যে অনাবশ্যক ও কাণ্ডজ্ঞানহীন কাদা ছোড়াছুড়ি নিয়ে এলো বিভেদ, হানাহানি।
পাকিস্তান প্রতিষ্ঠার পর জাতীয় ঐক্যের বারোটা বাজিয়ে মুসলিম লীগ প্রতষ্ঠা করতে চাইল সালতানাত। ফলে হঠকারিতার চরম মহড়া শুরু হলো। এলো ভাষার ওপর অবাঞ্ছিত আঘাত। সৃষ্টি হলো একুশের। ১৯৫৪ সালে তারা ঝাড়ে বংশে ধ্বংস হলেও ষড়যন্ত্রের জাল বিস্তার করে ভেঙে দিল শেরেবাংলার দেড় মাসের সরকার। মতান্তর গিয়ে ঠেকল মনান্তরে। তার পরের কাহিনি সবার জানা। আসল কাজ বাদ দিয়ে ফালতু ঝামেলায় জড়িয়ে নিজেরাও ডুবল, আমাদেরও ঠেলে দিল রক্তের সমুদ্রে।
১৯৭২ থেকে ১৯৭৫-এর আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের সব অঙ্গীকার ও অর্জনকে পেরেক পোঁতা করে পাঠাল কবরে। দেশ পরিণত হলো কসাইখানায়। সেদিন শেখ মুজিব যদি মওলানা ভাসানীর কথামতো জাতীয় ঐক্যকে গুরুত্ব দিয়ে জাতীয় সরকার গঠন করতেন, তাহলে হয়তো ইতিহাস ভিন্নভাবে লেখা হতো।
বামদের কার্যকলাপ আগাগোড়াই দায়দায়িত্বহীন। নকশালবাড়ীর রোমান্টিক পথে না গিয়ে যদি তারা মওলানার সঙ্গে থাকত, তাহলে আজ অন্য এক ইতিহাস আমরা পেতাম। শোষিত-বঞ্চিত মানুষের প্রতি বামদের প্রীতিকে আমি খাটো করতে চাই না। কিন্তু তাদের হঠকারী কার্যকলাপ সেদিনের মতো আজও বহাল। তাদের একটা অংশ তো ফ্যাসিস্টদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। অন্য অংশের একটি ভাগ যে ভাষায় কথা বলে, তা আর যাই হোক বাংলাদেশপন্থি নয়। অন্য অংশ কী বলে, তা বাংলাদেশের মানুষ বোঝে না।
ইসলামপন্থিদের বিষয়ে মন্তব্য করা শক্ত। কারণ, জুলাই-জাগরণে মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা যে ভূমিকা পালন করেছেন, তা এককথায় অবিস্মরণীয়। কিন্তু তারপরও তাদের কেউ কেউ ‘কওমি জননী’র অনুগ্রহ পেতে নিজেদের ডুবিয়েছে। এছাড়া আছে তাদের নিজেদের মধ্যে নানা বিভেদ ও ফেরকার হানাহানি; যা রীতিমতো বিরক্তিকর। তারাও কাজের কাজ বাদ দিয়ে ৫ আগস্টের বিজয়ের আনন্দে বুঁদ হয়ে ছিল।
স্পেনে এই ভুলই করেছিল মুর শাসকরা। স্পেন বিজয়ের পর যে কাজগুলো ছিল অতি আবশ্যক, গুরুত্বপূর্ণ; সেগুলো বাদ দিয়ে সেনাবাহিনীকে মূলত নিষ্ক্রিয় করে ফেলেছিল তারা। প্রশাসনের ব্যাপারে হয়ে পড়েছিল উদাসীন।
রাষ্ট্রের সব সামর্থ্য কেন্দ্রীভূত করেছিল জ্ঞানচর্চায় ও বিলাসে। সংগত কারণেই বলা যায়, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবালদাম বাঁধে আসি তারে। ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থে নিজেদের ঐক্যকে খণ্ড খণ্ড করে একেকজন একেক শহরের অধিপতি হয়ে তৃপ্তির ঢেকুর তুলেছিল। এই সুযোগটাই কাজে লাগিয়েছিল ইউরোপের খ্রিষ্টানরা। তারা একত্র হয়ে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল মুসলমানদের ওপর। তাসের ঘরের মতো ধসে গেল মুসলিম শক্তি। কারণ, তাদের না ছিল ঐক্য, না ছিল কার্যকর সেনাবাহিনী ও জনসমর্থন।
জুলাই শক্তির ঐক্যের যে সম্মিলিত প্রতাপ, সেই প্রতাপ সঞ্চার করেছিল ব্যাপক-বিশাল জনসমর্থন। সেই জুলাইয়ের প্রতি কিছুটা অবহেলা এবং জুলাই-জাগরণের শক্তির মধ্যে বিভেদ ও অনৈক্যের বিষাদে জনগণ ব্যথিত। ব্যথিত কারণ, বাংলাদেশের জনগণ ঘরপোড়া গরু। তাদের অভিজ্ঞতা অঢেল। তারা জানে কোন বাতাসের কোনটা মানে। তারা জানে কোন ছিদ্রপথে লোহার বাসরঘরে ঢুকে পড়তে পারে সুতানলি সাপ। জুলাই শহীদদের রক্তে নাওয়া বাংলাদেশের মানুষ এটাও জানে ফ্যাসিস্টরূপী যে কাল সাপ এখানে-ওখানে ফোঁস ফোঁস করছে, যে শেখ হাসিনাকে শিখণ্ডী রেখে নৈরাজ্য ও সন্ত্রাস চালানো হচ্ছে, সেই অপশক্তির পেছনে আছে আধিপত্যবাদ। যারা ১৭টা বছর বাংলাদেশকে বিকলাঙ্গ করে রেখেছিল।
বেহুলার বাসরঘরের সুতানলি সাপ তো দৃশ্যমান বিপদ। কিন্তু পেছনে তো দাঁড়িয়ে ছিল স্বয়ং মনসা, তাকে দেখা যায় না। আওয়ামী লীগ তো সাপের লেজ মাত্র। পেছনে তো কলকাঠি নাড়ছে কুরুক্ষেত্রের শকুনি। সেজন্যই এত উদ্বেগ-উৎকণ্ঠা চারদিকে।
৩ নভেম্বর ক্যু করে ক্ষমতা দখলের আধিপত্যবাদী উচ্চাভিলাষ ব্যর্থ করে দিয়েছিল ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব। কিন্তু তারপরও তারা থামেনি। বাংলাদেশকে পুনরায় দখলের জন্য সীমান্তে লেলিয়ে দিয়েছিল কাদের সিদ্দিকীর কাদেরিয়া বাহিনী। তদের হাতে দেশরক্ষার ব্রতে নিয়োজিত বহু বিডিআর সদস্য সে সময় শহীদ হয়েছিলেন। মওলানা ভাসানী নিজে সীমান্তে ব্যাপক সফর শুরু করে জনমনে আশা ও স্বস্তি ফিরিয়ে এনেছিলেন। শহীদ জিয়া গ্রামে গ্রামে ভিলেজ ডিফেন্স পার্টিকে সক্রিয় করে সাধারণ মানুষ দিয়েই খেল খতম করেছিলেন কাদেরিয়া বাহিনীর। এরপর শহীদ জিয়ার সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য ২৯ বার ক্যু করার চেষ্টা করেছে আধিপত্যবাদ। বাংলাদেশ সেই যুদ্ধে জনগণের অংশগ্রহণের মাধ্যমে বিজয় লাভ করেছিল। শহীদ জিয়া তার অতুলনীয় দেশপ্রেম, সততা ও জাতিগঠনমূলক, উন্নয়নমূলক এবং আধুনিক কর্মকাণ্ড দিয়ে জয় করে নিয়েছিলেন জাতির হৃদয়। দেশের মানুষও নিশ্চিন্তে-নির্ভয়ে তার ওপর অর্পণ করেছিল দেশের দায়িত্ব।
আবার বর্তমান সংকটের প্রসঙ্গে ফিরে আসি। বর্তমান সংকট আরও ভয়াবহ। কারণ, আগে তো বাইরে থেকে কাদেরিয়া বাহিনী লেলিয়ে দিয়েই ক্ষান্ত ছিল আধিপত্যবাদ। কিন্তু বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এবার তারা ভেতর থেকেই এক ধরনের গৃহযুদ্ধ বাধাতে পারে। সেজন্য এখন আরও সজাগ ও সক্রিয় থাকাটা জরুরি।
এই সংকট দূর করার জন্য, দেশে একটা স্থায়ী শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য আমাদের তাহলে করণীয় কী? এ ব্যাপারে আমি প্রাচীন পৃথিবীর লোকদর্শনের সাহায্য নিতে পারি। সেই দর্শনের নাম হলো পিঁপড়াবিদ্যা। পিপীলিকা একা বা লাইন ধরে চলাফেরা করে। আপাতদৃষ্টিতে দেখলে তাদের নিরীহ ও সরল প্রাণীই মনে হয়। কিন্তু ঝড় বা বন্যায় এই বুদ্ধিমান প্রাণী যে কৌশল প্রয়োগ করে, তা এক কথায় অসাধারণ। তারা খুব দ্রুত ঐক্যবদ্ধ হয়। তারপর পরস্পরকে জড়িয়ে ধরে ধরে বেশ বড় আকারে একটা ফুটবলের মতো আকার ধারণ করে। এখন বন্যা তাদের ভাসিয়ে নিয়ে গেলেও তারা মরে না। পানির ওপর বলের আকারে ভেসে থাকে। এভাবে তারা শত শত মাইল পর্যন্ত যেতে পারে। তারপর সুবিধামতো সময়ে খুঁজে নেয় ডাঙ্গা। পিঁপড়ার এই বিদ্যা এখন আমাদের কাজে লাগাতে হবে। দেশের পক্ষের, জুলাইয়ের পক্ষের সব ছোট-বড় শক্তিকে একত্রিত করে দুর্বার ঐক্য ও সংহতি সৃষ্টি করতে হবে। আপৎকালীন কোনো ঐক্য নয়, সেই ঐক্য ও সংহতিকে দিতে হবে স্থায়ী রূপ। গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, শহরে-বন্দরে শুরু করতে হবে ব্যাপক জনসংযোগ। পরস্পরের অবিশ্বাস ও সন্দেহগুলোকে বিতাড়িত করে সৃষ্টি করতে হবে ব্যাপক-বিশাল ঐক্য, সংহতি ও বিশ্বাসের সিসাঢালা প্রাচীর। সৃষ্টি করতে হবে জনজোয়ার। গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে আরও নতুন মুখের সমাবেশ ঘটিয়ে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দেশের শত্রুদের বিরুদ্ধে কাজে লাগাতে হবে। সবখানে প্রবীণ ও নবীনের সমন্বয়ে গড়ে তুলতে হবে প্রতিরোধ কমিটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয়সাধন করে এই প্রতিরোধ কমিটি কাজ করবে। সীমান্ত এলাকার তরুণদের নিয়ে আসতে হবে সামরিক প্রশিক্ষণের আওতায়। মাদক নির্মূলের কাজটি এখানে যুক্ত করলে জনসমর্থন আরও বাড়বে। রাজনৈতিক দলগুলোর মধ্যে নিয়মিত সংলাপের উদ্যোগ নেওয়াটাও দরকার। এর সঙ্গে আমাদের দেশের দলকানা বুদ্ধিজীবীদের মাঠে নামাতে হবে। তারা বিষয়টির তাৎপর্য ও গুরুত্ব ব্যাখ্যা করবে।
আগামী ৭ দিন টেকনাফ থেকে তেঁতুলিয়া-দলমতনির্বিশেষে সবাইকে নিয়ে ২৪ ঘণ্টা সজাগ থাকার এই কর্মসূচি শুরু করা যেতে পারে।
পাশাপাশি দরকার আত্মসমালোচনা। সুলুক সন্ধান করতে হবে ভুলের। কেন, কোথায়, কীভাবে কাদের দ্বারা ভুল হচ্ছে-সেগুলোকে উৎপাটন করতে হবে। সবার সঙ্গে বসে সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে, ভুল থেকে শিক্ষা গ্রহণ করে নির্ভুলভাবে সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে নিতে হবে।
আর সবাইকে বুঝতে হবে, বোঝাতে হবে-প্রধানমন্ত্রীর প্রিয় উক্তি, ‘সবার আগে বাংলাদেশ।’ কারণ আমরা জানি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।
