Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

সংসদে বিরোধীদলীয় নেতা

দেশের স্বার্থে আগের ঐক্যে ফিরতে হবে

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশের স্বার্থে আগের ঐক্যে ফিরতে হবে

Advertisement

সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে আমরা সবাই একই কাতারে ছিলাম। এখন ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে আগের ঐক্যের জায়গায় ফিরে আসতে হবে। বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এ কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, আমাদের আন্দোলন ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ছিল। দুঃখের বিষয় হলো, আমরা আধিপত্যবাদের কালো ছায়া এখন আবার হালকা অনুভব করছি। সরকারকে বুক টান করে, পায়ের নলা শক্ত করে, সোজা হয়ে দাঁড়াতে হবে। তাহলে পুরো জাতি সরকারের সঙ্গে থাকবে। আধিপত্যবাদ বাংলাদেশে ফিরে আসুক এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ডা. শফিকুর রহমান বলেন, দুটি নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। এর একটি বাস্তবায়িত হলেও আরেকটি এখনো হয়নি। ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় এবং রাজনৈতিক ঐক্যে দুর্বলতা তৈরি হওয়াকে তিনি বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ হিসাবে উল্লেখ করে বলেন, আমরা তো সবাই নির্বাচনের আগপর্যন্ত একই কাতারে ছিলাম। একই লাইনে ছিলাম। একই দর্শনে ছিলাম। বিনয়ের সঙ্গে অনুরোধ করব, দেশের বৃহত্তর স্বার্থে সেই জায়গাটায় ফিরে আসুন।

ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয় উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ক্ষমতার পরিবর্তন একটি স্বাভাবিক বিষয়। তাই সংস্কার বা সংশোধনের উদ্যোগ ব্যক্তিগত কিংবা দলীয় সুবিধার জন্য নয়, জাতির স্বার্থে নিতে হবে। তিনি বলেন, শহীদদের আমানত, যোদ্ধাদের প্রত্যাশা, শহীদ পরিবারের আকাক্সক্ষা, গণভোটের গণরায় ও জুলাই সনদের আলোকে যত দ্রুত সম্ভব ঐক্য ফিরিয়ে আনতে হবে। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য শক্তিশালী হলে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতা মোকাবিলা করা সম্ভব হবে।

ন্যায়বিচার নিশ্চিত হলে সব খুনি শাস্তি পাবে : দেশে বিচারপ্রক্রিয়ায় কারও প্রতি অবিচার না করে সবার জন্য সমান আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অতীতে তাদের সঙ্গে চরম অবিচার করা হয়েছে। কিন্তু এখন একজন মানুষের সঙ্গেও সামান্য অবিচার হোক, তা তারা চান না। ন্যায়বিচার নিশ্চিত হলে সব খুনি তাদের প্রাপ্য শাস্তি পাবেন।

আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান : চাঁদাবাজির সঙ্গে জড়িত যে-ই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এখন চাঁদাবাজি নিয়ে দুপক্ষের মধ্যে ঠেলাঠেলি চলছে। চাঁদাবাজি যে-ই করুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান। কাউকে ছাড় দেওয়া যাবে না।

পোশাকশিল্প বাঁচাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি : দেশের তৈরি পোশাকশিল্পসহ রপ্তানিমুখী শিল্পকে বাঁচাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেন, শিল্প বাঁচলে শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী এবং মালিকরাও বাঁচবেন। এ খাতের বড় ধরনের ক্ষতি হলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। ডা. শফিকুর রহমান বলেন, শ্রমিক আন্দোলনের আড়ালে যারা কারখানা ও শিল্পপ্রতিষ্ঠানে হামলা করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

মাতারবাড়ী প্রকল্প ও জাপান সফরের চুক্তি নিয়ে ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির : সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদ অনুযায়ী বিদেশের সঙ্গে সম্পাদিত সব দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় চুক্তি জাতীয় সংসদে পেশ করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফরে এ-সংক্রান্ত কোনো চুক্তি বা আলোচনা হয়ে থাকলে আগামী সংসদ অধিবেশনে তা স্পষ্টভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

সরকার ও বিরোধী দলের দায়িত্ব : বিরোধীদলীয় নেতা বলেন, সমালোচক হচ্ছে রিয়েল বন্ধু। পোষণকারী হচ্ছে রিয়েল দুশমন। পোষণকারীরা সুসময়ে পোষণ করবে, অসময়ে আপনার-আমার পাশে থাকবে না। আপনাকে-আমাকে ফেলে পালিয়ে যাবে। এরা বসন্তের কোকিল। যখন ফাল্গুন মাস আসে, তখন এসে বলে কুহু কুহু। বসন্ত শেষ, সেও চলে যাবে। আপনার যখন গ্রীষ্মকাল-বর্ষাকাল আসবে, আপনার পাশে দাঁড়াবে না। এদের হাত থেকে সমাজকে মুক্ত করা হোক।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস মিছিলে হামলায় ২ বিএনপি নেতা নিহত

মিছিলে হামলায় ২ বিএনপি নেতা নিহত

সুস্থ দম্পতির ঘরেও প্রতিবন্ধী শিশু

সুস্থ দম্পতির ঘরেও প্রতিবন্ধী শিশু

সংসদে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি পলাতক স্বৈরাচারের মাথা আবারও গুঁড়িয়ে দিতে চাই

পলাতক স্বৈরাচারের মাথা আবারও গুঁড়িয়ে দিতে চাই

পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম