এবার জ্বালিয়ে দেওয়া হলো মুকসুদপুর থানা
গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া ও টেকেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অগ্নিসংযোগ ভাঙচুরে ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জের মুকসুদপুর থানা। বৃহস্পতিবার তোলা -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। এ সময় তারা সশস্ত্র মহড়াও দিয়েছেন। গোপালগঞ্জ-১ আসনের সংসদ-সদস্য সেলিমুজ্জামান মোল্যার বাড়িতেও ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে মুকসুদপুর থানা। টুঙ্গিপাড়ায় বৃষ্টির মধ্যে রাজপথে বিক্ষোভ করতে দেখা গেছে। কোটালীপাড়ায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ও দেশীয় অস্ত্র নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে দলটির কর্মী-সমর্থকরা।
মুকসুদপুর থানায় আগুন, পুড়ল ১৫ গাড়ি : মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে তাণ্ডব। এ সময় পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করা যানবাহনসহ অন্তত ১৫টি গাড়িতে আগুন দেওয়া হয়। এছাড়া ঢাকা-বরিশাল মহাসড়কের চরপ্রসন্নদী, রাঘদী ও দিগনগরসহ বিভিন্ন স্থানে রাস্তায় গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে তারা। স্থানীয় বিএনপির নেতারা জানান, বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালানো হয়। পরে থানার ভেতরে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। অন্যদিকে মুকসুদপুর গ্রামীণ ব্যাংকে ভাঙচুর ও আগুন দেয় হামলাকারীরা।
এমপি সেলিমুজ্জামানের বাড়িতে ভাঙচুর আগুন : গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে গোপালগঞ্জ-১ আসনের সংসদ-সদস্য সেলিমুজ্জামান মোল্যার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংসদ-সদস্যের বাড়ির সামনে জড়ো হন। প্রথমে স্লোগান দেওয়ার পর তারা দোতলা পাকা বাড়ি ও টিনশেড ঘরে ভাঙচুর চালান। পরে পেট্রোল ও অকটেন ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে হামলার আগেই বাড়িতে থাকা এমপির স্বজনরা বের হয়ে যান।
গোপালঞ্জ শহরে দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ
বৃহস্পতিবার সকালে শহরের প্রধান সড়কগুলোতে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভে নেমে আসেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া শহরের দোকানপাট ও মার্কেটগুলোও সম্পূর্ণ বন্ধ দেখা গেছে। গোপালগঞ্জ মিছিলের শহরে পরিণত হয়। নেতাকর্মীরা লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ করেন। শহরের লঞ্চঘাট এলাকা, বেদগ্রাম এলাকা, মান্দারতলা, ঘোনাপাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সমাবেশ হয়েছে। এতে শহরে দোকানপাটসহ সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
মোড়ে মোড়ে বাজানো হচ্ছে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ। কয়েক জায়গায় সড়কের ওপর আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। সাধারণ সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি। তবে সরকারি স্থাপনাগুলোতে তাদের টহল দেখা গেছে। অন্যদিকে ঢাকা-খুলনা মহাসড়ক এবং পিরোজপুর-গোপালগঞ্জ সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে জনতা।
টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল, মোড়ে মোড়ে অবস্থান
টুঙ্গিপাড়ায় লকডাউন কেন্দ্র করে বিক্ষোভে নামেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে টানা বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-কিশোর ও বৃদ্ধসহ বিপুলসংখ্যক মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিক্ষোভকারীদের মধ্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ছিলেন। সকাল ৮টা থেকে উপজেলার বিভিন্ন গ্রাম, মহল্লা ও পাড়া থেকে খণ্ড খণ্ড মিছিল বের হতে থাকে। বয়সের সীমা যেন মানেননি কেউ। সাত বছর বয়সি শিশু থেকে শুরু করে ৭০ বছরের বৃদ্ধকেও বৃষ্টিতে ভিজে বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে। বিক্ষোভকারীরা লগি-বৈঠা, ঝাড়ু ও বিভিন্ন ধরনের দেশীয় সরঞ্জাম হাতে নিয়ে রাস্তায় অবস্থান নেন।
কোটালীপাড়ায় লগি-বৈঠা নিয়ে সড়ক অবরোধ
কোটালীপাড়ায় গাছের গুঁড়ি ফেলে এবং লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে সড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। সকাল থেকেই ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কোটালীপাড়া পৌরসভা, কলাবাড়ী, সাদুল্লাপুর, রামশীল, বান্ধাবাড়ী, শুয়াগ্রাম, আমতলী, হিরণ, কুশলা, পিঞ্জুরী, রাধাগঞ্জ ও কান্দি ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী বিক্ষোভ করেন। মাঝবাড়ী, ওয়াপদারহাট, মনসাবাড়ী, রাধাগঞ্জ, ভাঙ্গারহাটসহ বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি ফেলে রাখা হয়। এতে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
