সহিংসতা ২৯ জেলায়
বর্তমান ও সাবেক তিন এমপির বাড়িসহ ১৪টিতে আগুন * এক ট্রেন, ২০ বাস-ট্রাক-পিকআপভ্যান, দুটি ইউনিয়ন পরিষদ, এক ভূমি অফিস ও সাতটি গ্রামীণ ব্যাংক কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ * ১০ ককটেল বিস্ফোরণ, উদ্ধার সাতটি ককটেলসদৃশ বস্তু
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাঁচপুর ব্রিজ এলাকায় পুড়ছে যাত্রীবাহী বাস -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
দেশের ২৯ জেলায় হামলা, ভাঙচুর, পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগসহ নাশকতা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একের পর এক সহিংসতা সৃষ্টি করে বর্তমান ও সাবেক তিন সংসদ-সদস্যসহ ১৪ জনের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। হামলা ও অগ্নিসংযোগের শিকার হয়েছে একটি ট্রেন এবং ২০টি বাস, ট্রাক ও পিকআপভ্যান। বাদ যায়নি দুটি ইউনিয়ন পরিষদ কার্যালয়, এক ভূমি অফিস ও গ্রামীণ ব্যাংকের সাতটি কার্যালয়ও। রাজধানীসহ বিভিন্ন স্থানে ১০ ককটেল বিস্ফোরণ ঘটেছে। উদ্ধার করা হয়েছে সাতটি ককটেলসদৃশ বস্তু। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন অন্তত ১৫ জন। সারা দেশে গত ১২ দিনে ৭৮ বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটেছে। স্টাফ রিপোর্টার, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
কাশিয়ানী ও মুকসুদপুর (গোপালগঞ্জ) : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ-সদস্য মো. সেলিমুজ্জামানের পৈতৃক বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সংসদ-সদস্যের বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে তারা বাড়ির বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করেন। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই গ্রামের সংসদ-সদস্যের সমর্থক লিমন মোল্যা, মনির মোল্যা, শাহিন ফকির ও রফিক মোল্লার বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ছাড়া উপজেলার ঘোনাপাড়ায় উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক লাল চাঁন ফকিরের বাড়ি এবং পরানপুরে ওয়ার্ড বিএনপি নেতা বুলবুল মোল্যার বাড়িতে ভাঙচুর করা হয়েছে। তিলছড়া বাজারে বিএনপি ও জামায়াতের দুই নেতার ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা চালানো হয়।
ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে বুধবার সন্ধ্যা থেকে গাছ কেটে সড়কে ফেলে অবরোধ সৃষ্টি করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাতে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ঘুনসী গ্রামের বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে আবারও বাড়িটিতে হামলা ও ভাঙচুর চালানো হয়। মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ অভিযোগ করেন, সাবেক সংসদ-সদস্য ফারুক খানের নির্দেশে তার বাড়িতে হামলা চালানো হয়েছে।
ঢাকা : রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ তিন রাস্তার মোড়সংলগ্ন বসিলা রোডে ৬টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এছাড়া আদাবর থানাধীন শ্যামলী এলাকা থেকে চারটি তাজা ককটেলসহ রাসেল নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধসংলগ্ন সাত মসজিদ হাউজিং এলাকায় পার্কিং করা মালঞ্চ পরিবহণের একটি বাসে আগুন দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
সাভারে ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপ করে পালানোর সময় বৃহস্পতিবার সকালে শাহিন নামে এক যুবক জনতার হাতে আটক হন। লোকজন তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। তিনি হকার্স লীগের কর্মী। ভোরে আশুলিয়ার কটুরিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপভ্যানে আগুন দেওয়া হয়।
মাদারীপুর ও টেকেরহাট : জেলাজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। সকাল থেকে ঢাকা-বরিশাল মহাসড়কসহ বিভিন্ন সড়কে যানবাহন ও মানুষের চলাচল তুলনামূলক কম ছিল। যাত্রী সংকটে অনেক দূরপাল্লার বাস নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি নিরাপত্তা জোরদার করে পুলিশ।
ভাঙ্গা (ফরিদপুর) : ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সাবেক সংসদ-সদস্য নিক্সন চৌধুরীর বাড়ির সামনে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ভোরে আজিমনগর ইউনিয়নের পুলিয়া ও ব্রাহ্মণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বাগেরহাট ও ফকিরহাট : বাগেরহাট থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়। বুধবার দুপুর থেকে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে ঢাকা ও চট্টগ্রামগামী কোনো বাস ছেড়ে যায়নি। তবে খুলনাসহ অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক ছিল। বুধবার রাতে বাগেরহাট শহরের হাড়িখালী এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক দুলাল আকনের বাড়ি পুড়ে যায়। একই রাতে সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন দেওয়া হয়। ফকিরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা শথিলের বাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করে মোটরসাইকেলে আসা দুই যুবক। এ ছাড়া মোড়েলগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
গৌরনদী ও বাবুগঞ্জ (বরিশাল) : গৌরনদীর বাটাজোর এলাকায় বুধবার সন্ধ্যা ৭টায় বাঁশবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়। গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। বাবুগঞ্জে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেন।
পটুয়াখালী ও কলাপাড়া : বুধবার রাত সাড়ে ৯টার দিকে কলাপাড়া বাসস্ট্যান্ডে ইউনিক পরিবহণের কাউন্টারের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। একই সময়ে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় ককটেল বিস্ফোরণ ও একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। কয়েকটি স্থানে টায়ারে আগুন দেওয়া হয়।
রাত সাড়ে ৯টার দিকে পটুয়াখালী শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান মোহনের গ্রামের বাড়িতেও আগুন দেওয়া হয়।
কালাই (জয়পুরহাট) : কালাই পৌরসভার সরাইল এলাকার একটি পুলিশ বক্সে বুধবার গভীর রাতে আগুন দেওয়া হয়েছে। আগুন দেওয়ার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : বৃহস্পতিবার সকালে সুন্দরগঞ্জের স্বাধীনতা চত্বরে ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা ব্যানার টানান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বাঁশখালী ও কর্ণফুলী (চট্টগ্রাম) : বাঁশখালীর বৈলছড়ি কে বি বাজারে বুধবার মধ্যরাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। অন্যদিকে আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।
নেত্রকোনা ও পূর্বধলা : নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন ভূমি কার্যালয়ে বৃহস্পতিবার ভোররাতে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। এতে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্বধলার খলিশাউড় ইউনিয়নের বালুচড়া বাজারে বুধবার রাত সাড়ে ৩টার দিকে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ের বারান্দায় পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়া হয়।
খুলনা : বৃহস্পতিবার সকাল থেকে নগরীতে বড় যানবাহনের চলাচল কিছুটা কম থাকলেও ছোট যানবাহন চলেছে স্বাভাবিকভাবে। দোকানপাট ও সাধারণ কার্যক্রমও প্রায় স্বাভাবিক ছিল। নগরীর শিববাড়ি মোড়ের গোলচত্বরে বিএনপির একটি ব্যানারে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আগুন দেওয়া হয়।
গাজীপুর : ভুরুলিয়ায় পল্লী বিদ্যুৎ অফিসের ভেতরে পেট্রোলবোমা নিক্ষেপ করে কাঠের স্তূপে আগুন দেওয়া হয়েছে। এতে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। বুধবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ভৈরব (কিশোরগঞ্জ) : ঢাকা-সিলেট মহাসড়কে চলন্ত বাস লক্ষ্য করে পরপর ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। বুধবার রাত ১১টার দিকে ভৈরবের জগন্নাথপুর বেণী বাজার মোড়ে এ ঘটনা ঘটে।
সিলেট : মহানগরের চালিবন্দরে গানপাউডার দিয়ে চারটি বাসে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
সুনামগঞ্জ : তাহিরপুর উপজেলা পরিষদ-সংলগ্ন এলাকায় বুধবার রাত ২টার দিকে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া : আখাউড়া রেলওয়ে জংশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দুবলা এলাকায় বুধবার রাত পৌনে ২টার দিকে রেলওয়ের সিগন্যালিং সংযোগ বক্সে আগুন দেওয়া হয়। একই রাতে আখাউড়া পৌর এলাকার কলেজপাড়ায় থানার পেছনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
ঈশ্বরদী ও সুজানগর (পাবনা) : ঈশ্বরদীতে রেললাইনে আগুন দিয়ে ট্রেন চলাচল বন্ধের চেষ্টা করা হয়েছে। বুধবার গভীর রাতে পাকশী ইউনিয়নের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। সুজানগর-নাজিরগঞ্জ সড়কের নাজিরগঞ্জ বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে একটি বাসে আগুন দেওয়া হয়।
গুরুদাসপুর (নাটোর) : বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় গুরুদাসপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা হকের বাড়িতে আগুন দেওয়া হয়। বিয়াঘাট পুরাতন বাজার এলাকায় তার দোকান ও পুরোনো স্টোররুমে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা।
রংপুর : ২৪ ঘণ্টার ব্যবধানে রংপুর-দিনাজপুর-ঢাকা মহাসড়কের প্রায় ৪০০ মিটারের মধ্যে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে মা ও শিশু হাসপাতালের বিপরীতে একটি গ্যারেজে রাখা বাসে আগুন দেওয়া হয়।
রাজশাহী ও বাঘা : বুধবার রাত আড়াইটায় নগরীর আমচত্বরে বিআরটিসি বাস টার্মিনালে দুটি বাসে আগুন দেওয়া হয়। একই রাতে জেলার চারঘাটে রেললাইনে আগুন দেওয়ার ঘটনায় প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ-সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া বাঘা উপজেলার মনিগ্রাম গ্রামীণ ব্যাংকের গেটসংলগ্ন এলাকা থেকে বুধবার গভীর রাতে ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।
ময়মনসিংহ ও ভালুকা : বৃহস্পতিবার ভোররাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগুন দেওয়া হয়। সকালে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা। তারাকান্দা উপজেলায় নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফুলপুরে বিএনপির সাবেক সংসদ-সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবুল বাশার আকন্দের বাড়িতে আগুন দেওয়া হয়। ঈশ্বরগঞ্জে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে বিক্ষোভ করেন।
ভালুকায় বুধবার রাতে জামিরদিয়া ও বিরুনিয়া এলাকায় বাসে আগুন, প্রাইভেটকারে ভাংচুর ও খাদ্যগুদামে আগুন দেওয়া হয়। এছাড়া বুধবার রাতে জারিয়া-ময়মনসিংহ লোকাল ট্রেনে আগুন দেওয়া হয়েছে। বিসকা রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও : রুহিয়া পোস্ট অফিস এলাকায় বুধবার রাত ২টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
রায়পুর (লক্ষ্মীপুর) : বুধবার রাত সাড়ে ১১টায় রায়পুর থানা ভবনের পেছনে সরকারি মার্চেন্টস একাডেমির সাইকেল পার্কিং কক্ষ থেকে দুটি চকলেট বাজি নিক্ষেপ করে পালানোর সময় দুই ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়। পরে তাদের থানায় সোপর্দ করা হয়।
মির্জাপুর (টাঙ্গাইল) : বুধবার রাতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। গোড়াই হাইওয়ে থানার প্রায় ২০০ গজ দূরে এ ঘটনা ঘটে। এ ছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় ফ্লাইওভারের নিচে ককটেল নিক্ষেপ করা হয়। ঘটনার প্রতিবাদে রাতে গোড়াই ও মির্জাপুর সদরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করেন।
চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বুধবার রাত সাড়ে ১২টার দিকে আগুন দেওয়া হয়।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : বৃহস্পতিবার ভোরে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মীরের টেক এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়। সকাল সোয়া ৯টার দিকে কাঁচপুর সেতুর ঢালুতে একটি যাত্রীবাহী বাসেও আগুন দেওয়া হয়।
খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় দুটি পিকআপভ্যানে বুধবার রাত আড়াইটার দিকে আগুন দেওয়া হয়।
চুয়াডাঙ্গা : বুধবার রাত পৌনে ৩টার দিকে চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখা লক্ষ্য করে চারটি পেট্রোলবোমা নিক্ষেপ করে হেলমেট পরা চারজন। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়ে ব্যাংকের প্রধান ফটকের সামনে আগুন ধরে যায়। তবে নৈশপ্রহরীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফেনী : ফুলগাজী উপজেলার নতুন মুন্সীরহাটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয় লক্ষ্য করে বুধবার রাত ২টার দিকে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। উপজেলার জগতপুর-আমজাদহাট সড়কের হাবুর টেক এলাকায় এ ঘটনা ঘটে।
পঞ্চগড় : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহস্পতিবার ভোরে বোমাসদৃশ একটি বস্তু পাওয়া যাওয়ায় পুরো অফিসপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে রাখে।
গোয়ালন্দ (রাজবাড়ী) : গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
