Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

অপপ্রচারের ফাঁদে সাধারণ মানুষ

প্রোপাগান্ডার বিপরীতে পালটা বয়ান কোথায়

ডিজিটাল প্ল্যাটফর্মে প্রোপাগান্ডা ছড়াচ্ছে আওয়ামীপন্থি সাংবাদিক ও বুদ্ধিজীবী গোষ্ঠী * শুরুতে কিছুটা নেতিবাচক প্রভাব পড়লেও তা কাটিয়ে ওঠা সম্ভব-তথ্য ও সম্প্রচারমন্ত্রী * নেতিবাচক বয়ান তৈরি হলে তার তথ্যভিত্তিক জবাব দেওয়াও জরুরি -ড. আনোয়ারউল্লাহ্ চৌধুরী

সাইফ আহমাদ

সাইফ আহমাদ

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রোপাগান্ডার বিপরীতে পালটা বয়ান কোথায়

Advertisement

রাজনীতির লড়াই এখন আর শুধু রাজপথে সীমাবদ্ধ নেই। সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে উঠেছে অন্যতম হাতিয়ার। যে মাধ্যমের নেই কোনো সম্পাদক, নেই দায়বদ্ধতাও। অথচ প্রতিমুহূর্তে কোটি কোটি মানুষ মুঠোফোনে সামাজিকমাধ্যমের খবর-বেখবর গিলছে। আর এরই সুযোগ নিচ্ছে সমাজের কমবেশি সব পক্ষ। তবে বিশ্বজুড়ে রাজনীতি, কূটনীতি, অর্থনীতি ও যুদ্ধসহ প্রায় সব ক্ষেত্রে যে যার মতো করে এই অস্ত্রের ব্যবহার-অপব্যবহার সবই করছে।

এই যখন অবস্থা তখন দেশের বিদ্যমান রাজনৈতিক সংকটের মধ্যেও প্রোপাগান্ডা যুদ্ধ ঢুকে পড়েছে। অভিযোগ উঠেছে, যার সবটুকুই ইতোমধ্যে আওয়ামী লীগ বেশ বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করতে পারলেও সরকারি দল বিএনপিসহ সংসদের ভেতরে ও বাইরে থাকা অন্যান্য গণতান্ত্রিক দল কিছুই করতে পারছে না। ফলে প্রতিদিন নানারকম গুজবের খবর বড় হচ্ছে। অগত্যা এসব খবরের ফাঁদে পড়ে আমজনতার ত্রাহি অবস্থা।

বিশ্লেষকরা বলছেন, সরকার যদি কাউন্টার বিশ্বাসযোগ্য বয়ান তৈরি করতে ব্যর্থ হয়, তাহলে এই প্রোপাগান্ডা যুদ্ধে সরকারের পুরোপুরি পরাস্ত হতে বেশি সময় লাগবে না। আর সেটি সম্ভব হলে কার্যক্রম নিষিদ্ধ এই দলটির পরবর্তী নাশকতা কর্মসূচি আরও ভয়াবহ রূপ নিতে পারে। গত দুই-তিন দিনের প্রোপাগান্ডা কনটেন্ট বিশ্লেষণ করলে এ রকম আভাস মিলবে। একসময়কার দায়িত্বশীল সাংবাদিকরা বিদেশে বসে এসব আজগুবি বয়ান তৈরি করছেন।

নির্বাচিত বিএনপি সরকার নাকি আর ক্ষমতায় থাকতে পারছে না, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানও নাকি চূড়ান্ত। আবার মাফিয়া রাজনীতিবিদ হিসাবে পরিচিত আর একজন গরম খবর হিসাবে বলে দিচ্ছেন-মন্ত্রী-এমপিদের পাসপোর্ট নিয়ে নেওয়া হচ্ছে। তারা কেউ পালাতে পারবে না। আপা ফিরে এলে এদের বিচার হবে ইত্যাদি।

এর বাইরে বন্ধুপ্রতিম একটি দেশের সব পক্ষই এখন একযোগে এসব প্রোপাগান্ডায় বাতাস দিতে মাঠে নেমে পড়েছে। রাজনীতিবিদ ও গদি মিডিয়া থেকে শুরু করে সবার একটাই এজেন্ডা-ফের কীভাবে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানো যায়। তারা শেখ হাসিনার পক্ষে ‘গোয়েবলস’ তৈরির কাজে ব্যস্ত।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান শনিবার যুগান্তরকে বলেন, কোনো প্রোপাগান্ডাই দীর্ঘসময় টিকে থাকে না। মানুষ একসময় সত্য-মিথ্যা বুঝতে পারে। এআই, ফেসবুক, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের প্রচার এখন বিশ্বব্যাপী সমস্যা। শুরুতে কিছুটা নেতিবাচক প্রভাব পড়লেও তা কাটিয়ে ওঠা সম্ভব। তিনি বলেন, আওয়ামী লীগের মতো নিষিদ্ধ সংগঠনকে মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই চেনে। গোপালগঞ্জ ছাড়া দেশের বিভিন্ন স্থানে তাদের কর্মকাণ্ড রাজনৈতিক কর্মসূচি নয়, বরং হিট অ্যান্ড রান ও সন্ত্রাসী তৎপরতা।

পর্যবেক্ষকরা বলছেন, ৯৩ বছর আগে ১৯৩৩ সালের ১৩ মার্চ জার্মানির নাৎসি বাহিনীর জনক এডলফ হিটলার তার মন্ত্রিসভায় রীতিমতো একজন প্রোপাগান্ডা মন্ত্রী নিয়োগ করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেন। যার নাম ছিল জোসেফ গোয়েবলস। তার প্রধান কাজ ছিল-হিটলারের পক্ষে নানাভাবে বয়ান তৈরি করা। একটি মিথ্যাকে বারবার বিভিন্নভাবে প্রচার করা। শত্রুপক্ষকে বিভক্ত করে শাসন করা এবং শত্রুপক্ষের জন্য শত্রুসংখ্যা বাাড়ানো।

এছাড়া তৎকালীন গণমাধ্যম নিয়ন্ত্রণ করা। বিশ্লেষকরা মনে করেন, পৃথিবীর বহু স্বৈরশাসক কিংবা পরাজিত ফ্যাসিস্ট শক্তি এখনো হিটলারের এই ফর্মুলা অনুসরণ করেন। বিশেষ করে বর্তমানে ডিজিটাল প্রযুক্তির এই উৎকর্ষের যুগে এখন যে যার মতো ঘরে ঘরে গোয়েবলস তৈরি করছে। ফলে সরকার যদি এ বিষয়টি গুরুত্বের সঙ্গে না নেয়, তাহলে জনমত বিভ্রান্ত হতে বেশি সময় নেবে না।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ্ চৌধুরী বলেন, কোনো ঘটনা নিয়ে দেশি-বিদেশি পর্যায়ে বিভ্রান্তিকর ও নেতিবাচক বয়ান তৈরি হলে তার তথ্যভিত্তিক জবাব দেওয়াও জরুরি। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়সহ বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে ভুল তথ্য ছড়িয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হলে সরকারকে যথাযথ তথ্য ও প্রমাণ দিয়ে প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে।

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী যুগান্তরকে বলেন, রাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে থাকলেই জনমতের লড়াইয়ে জয় নিশ্চিত হয় না। জনগণের কাছে নিজেদের অবস্থান বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে না পারলে প্রতিপক্ষের প্রচারণা রাজনৈতিক বাস্তবতাকে প্রভাবিত করতে পারে। আওয়ামী লীগের প্রোপাগান্ডা মোকাবিলায় সরকারের পাশাপাশি বিএনপিরও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক অবস্থান পুনঃপ্রতিষ্ঠা করতে নাশকতার পথ বেছে নিয়েছে। দলটির বর্তমান নেতৃত্ব হয়তো মনে করছে, তাদের দুঃশাসন ও জুলাই বিপ্লবে গণহত্যার দায় ও দোষ স্বীকার করে ক্ষমা চাইলে আওয়ামী লীগকে সহসা আর রাজনীতিতে ফেরানো সম্ভব হবে না। এজন্য তারা ‘প্রভুদের’ পরামর্শে প্রতিবিপ্লবের নামে দেশে থাকা নেতাকর্মীদের সহিংসতার পথে নামিয়েছে। এই অপচেষ্টা সফল করতে দেশে-বিদেশে অবস্থানরত একশ্রেণির সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবীকে নানাভাবে কাজে লাগাচ্ছে।

বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের এই সহিংসতার পক্ষে বয়ান তৈরি করছে। আর এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি করতে টাটকা গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু সমস্যা হলো-এর বিপরীতে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে পাল্টা বয়ান জনগণের সামনে আনা হচ্ছে না। ফলে সাধারণ মানুষ ওই মিথ্যা বয়ান বিশ্বাস করতে শুরু করেছে।

ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা যুগান্তরকে বলেন, এ ধরনের পরিস্থিতিতে সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে দ্রুত ও সমন্বিত তথ্য সরবরাহের ঘাটতি। কোনো ঘটনার প্রাথমিক তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলো যাচাই করা তথ্য প্রকাশ না করলে সেই শূন্যস্থান অনুমান, গুজব ও রাজনৈতিক ব্যাখ্যা দিয়ে পূরণ হয়। প্রযুক্তি ও মেশিন লার্নিংয়ের সহায়তায় ছড়িয়ে পড়া তথ্য যাচাই করে সেগুলোর সত্যতা ও অসত্যতা সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। এদিকে সংশ্লিষ্টদের অনেকে মনে করেন, ফ্যাসিবাদী রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য হলো মিথ্যার আশ্রয়ে নিজেদের অবস্থান টিকিয়ে রাখা এবং মানুষের আবেগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা। আওয়ামী লীগও বিভিন্ন ঘটনা ও আবেগকে পুঁজি করে নিজেদের পক্ষে বয়ান তৈরির চেষ্টা করেছিল। এখনো তাই করছে। এসব প্রচারণায় কেউ কেউ বিভ্রান্ত হলেও শেষ পর্যন্ত গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ দলটিকে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে গণমাধ্যম, বুদ্ধিজীবী ও প্রচারণার ক্ষেত্রে বিএনপির অতীতের দুর্বলতা এখনো কাটেনি। শুধু দলীয় নেতাকর্মীদের নয়, গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সাধারণ মানুষকেও রাষ্ট্র ও রাজনীতিতে ক্ষমতায়িত করার প্রয়োজনীয়তার কথা বলছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জানতে চাইলে অনলাইন অ্যাক্টিভিস্ট রেজাউল করিম রনি যুগান্তরকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন বয়ান এখন অনেক ক্ষেত্রেই হাস্যরস ও ট্রলের বিষয়ে পরিণত হয়েছে। এসব কর্মকাণ্ড দলটিকে কার্যত ‘ফেসবুক লীগে’ পরিণত করেছে। তবে সরকারকে বসে থাকলে চলবে না। পালটা বয়ান তৈরি করা সরকারের মধ্যে যাদের দায় ও দায়িত্ব রয়েছে তাদের আরও সক্রিয় হতে হবে। তিনি মনে করেন, গণতান্ত্রিক পরিবেশ ও কার্যকর রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রকৃত তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার সক্ষমতা দৃশ্যমান হতে হবে। এজন্য প্রাতিষ্ঠানিক দক্ষতা, নীতিগত পরিবর্তন ও সমন্বিত উদ্যোগ জরুরি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমপিদের সংগঠিত করতে এলাকায় হুইপরা

আ.লীগকে মোকাবিলা এমপিদের সংগঠিত করতে এলাকায় হুইপরা

তারানা হালিমকে ধরতে গুলশানে পুলিশের অভিযান

তারানা হালিমকে ধরতে গুলশানে পুলিশের অভিযান

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী

পাবনায় বিএনপি- কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

পাবনায় বিএনপি- কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর-অগ্নিসংযোগ

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর-অগ্নিসংযোগ

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

আরও পড়ুন

আওয়ামী লীগবিরোধী ঐক্য জাতীয় সংলাপ ২৭ নভেম্বর

জাতীয় সংলাপ ২৭ নভেম্বর

কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে ব্যর্থ মধ্যবর্তী স্তর সুযোগ আছে চাকরি নেই

সুযোগ আছে চাকরি নেই

ঐক্যবদ্ধ থাকলে তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

ঐক্যবদ্ধ থাকলে তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি শিল্পের বাস্তবতা বিবেচনায় নির্ধারণ জরুরি

শিল্পের বাস্তবতা বিবেচনায় নির্ধারণ জরুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম