আ.লীগকে মোকাবিলা
এমপিদের সংগঠিত করতে এলাকায় হুইপরা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও গোপন তৎপরতা মোকাবিলায় মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করছে ক্ষমতাসীন বিএনপি। এরই অংশ হিসাবে এলাকায় সংসদ-সদস্যদের সংগঠিত করতে এখন মাঠে আছেন জাতীয় সংসদের হুইপরা।
দেশের বেশকিছু এলাকায় আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সম্প্রতি সংসদ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ-সদস্য ও মন্ত্রীদের নিজ নিজ এলাকায় গিয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় সংসদের হুইপরা নিজ নিজ আসন ও বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক তৎপরতা শুরু করেছেন বলে জানা গেছে। সূত্রমতে, দুদিন ধরে রাজশাহী বিভাগের বিএনপিদলীয় সংসদ-সদস্যদের নিয়ে বৈঠকে ব্যস্ত আছেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
একইভাবে চট্টগ্রামে আশরাফ উদ্দিন নিজান, জি কে গউছ সিলেটে, খুলনায় রকিবুল ইসলাম বকুল, ফরিদপুরে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং রংপুরে আখতারুজ্জামান মিয়া এলাকার সংসদ-সদস্যদের সংগঠিত করতে বৈঠক করছেন। এসব বৈঠকে এলাকার নেতাকর্মীরাও অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
ডিসেম্বরে দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন চব্বিশের গণ-অভ্যুত্থানে পরাজিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ ঘোষণাকে উপলক্ষ্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা করছে। এমন পরিস্থিতির কারণে জুলাই আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে জাতীয় সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপিসহ আওয়ামী লীগবিরোধী দলগুলোও মাঠে নেমেছে। উদ্দেশ্য হলো, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধ করা।
জাতীয় সংসদের অন্তত ২ জন হুইপ নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে জানান, তারা নিজ নিজ এলাকায় স্থানীয় সংসদ-সদস্য ও দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন। এসব বৈঠকে দলের সাংগঠনিক অবস্থা পর্যালোচনা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ জোরদারের বিষয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি এলাকায় কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বা সহিংসতার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর নির্দেশনা দেওয়া হচ্ছে।
দলীয় নেতারা জানান, আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলায় বিএনপি কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নিতে চায় না। বরং রাজনৈতিক ও সাংগঠনিকভাবে পরিস্থিতি মোকাবিলা করতে চায় দলটি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা এবং প্রশাসনকে সহযোগিতা করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে দলীয় পরিচয়ে কেউ যাতে ব্যক্তিগত বিরোধ, দখলবাজি কিংবা প্রতিপক্ষকে হয়রানি করতে না পারে, সে বিষয়েও সতর্ক করা হচ্ছে।
সূত্র জানায়, সংসদের হুইপদের এলাকায় সক্রিয় হওয়ার পেছনে কয়েকটি লক্ষ্য রয়েছে। প্রথমত, স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা। দ্বিতীয়ত, আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা সম্পর্কে তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণ। তৃতীয়ত, সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করা। পাশাপাশি কেন্দ্রীয় নির্দেশনা দ্রুত তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বও পালন করছেন তারা।
