ডিক্যাব টকে রাষ্ট্রদূত মিলার
বাংলাদেশে টেকসই গণতন্ত্র চায় ইইউ, সহিংসতা কাম্য নয়
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
’বাংলাদেশকে বাণিজ্য ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার বিবেচনা করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পাশাপাশি এ জোট নির্বাচনের মাধ্যমে ফিরে আসা গণতন্ত্রকে আরও টেকসই দেখতে চায়। কোনোভাবেই কোনো ধরনের সহিংসতা কাম্য নয়।’ সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টকে’ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এসব কথা বলেন। ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইমরুল কায়েস। মিলার জানান, আগামী জুনে ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে ব্রাসেলস সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মাইকেল মিলার বলেন, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক কৌশলগত পর্যায়ে উন্নীত হয়েছে। ইইউ বাংলাদেশের চলমান পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায়। বর্তমান সময়কে একটি সন্ধিক্ষণ হিসাবে উল্লেখ করে মিলার বলেন, সবকিছু বদলে যাচ্ছে। তবে আমার পূর্ণ আস্থা আছে, নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
মাইকেল মিলার বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাত বর্তমানে তুলনামূলক কম শ্রমমূল্যের ওপর নির্ভর করে প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে। তবে জনমিতিক পরিবর্তনের কারণে ভবিষ্যতে শ্রমের ব্যয় বাড়বে। ফলে বর্তমানের মতো একই তুলনামূলক সুবিধা আগামী দিনে বজায় রাখা কঠিন হতে পারে।
তিনি বলেন, ইউরোপীয় বাজারে বাংলাদেশের প্রতিযোগীরা মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে। অন্যদিকে এলডিসি থেকে উত্তরণের পর নির্দিষ্ট রূপান্তরকাল শেষ হলে ইইউর সঙ্গে নতুন কোনো বাণিজ্যিক ব্যবস্থা না থাকলে বাংলাদেশের তৈরি পোশাক খাতে মোস্ট ফেভারড নেশন (এমএফএন) শুল্ক প্রযোজ্য হবে। তিনি বলেন, এতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক অবস্থানে চাপ তৈরি হতে পারে।
মাইকেল মিলার বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় আগাম পরিকল্পনা, আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ এবং তৈরি পোশাক খাতে সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতির চর্চা বাড়াতে হবে। পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন।
তিনি বলেন, এসব পরিবর্তন রাতারাতি সম্ভব নয়। পরিকল্পনা, বিনিয়োগ, অবকাঠামো নির্মাণ ও বাস্তবায়নে কয়েক বছর সময় লাগবে। তাই ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে এখন থেকেই ইইউর সঙ্গে আলোচনায় যুক্ত হওয়া জরুরি। বাংলাদেশের সরকার, বেসরকারি খাত ও সুশীল সমাজের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে ইইউ প্রস্তুত জানিয়ে তিনি বলেন, উত্তরণ প্রক্রিয়াটি যেন মসৃণ ও পূর্বানুমেয় হয়, সেজন্য উভয়পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। এ সময় গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে আন্দোলনের যৌক্তিক সমাধানের পক্ষে অবস্থানের কথা জানান মিলার।
মিলার বলেন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ইইউ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। কারণ, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উচ্চাকাঙ্ক্ষা কতটা হবে, তা নির্ধারণে মানবাধিকার পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা চাপের মুখে থাকলে তা ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, ইইউর সদস্য দেশ এবং সংস্থাটির সদর দপ্তরের সঙ্গে আলোচনায় উঠে আসে। বিষয়টি তাদের প্রতিদিনের পর্যবেক্ষণের অংশ।
ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সুশীলসমাজের সংগঠন, প্রতিষ্ঠান, সংসদ-সদস্য ও মন্ত্রীদের সঙ্গে সম্পৃক্ততা অব্যাহত রেখেছে ইইউ। মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কোনোভাবেই নিখুঁত নয়, তাই উন্নতির সুযোগ রয়েছে।
বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, দেশের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অবস্থান জানতে চাইলে মিলার বলেন, এ ব্যাপারে ইইউর কোনো মন্তব্য নেই। তবে আমি মনে করি, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা অর্থাৎ আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে সবধরনের সহিংসতা বর্জন করা দরকার। বাংলাদেশ স্থিতিশীল থাকুক। আমাদের কাছে এর সহজ অর্থ হলো ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক। তিনি বলেন, সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও বেশি ঐক্য থাকা প্রয়োজন।
